হোম > জীবনধারা > জেনে নিন

হেয়ার ড্রায়ার ব্যবহারে কতটা দূরত্ব রাখা নিরাপদ

ফিচার ডেস্ক

সাধারণভাবে চুল থেকে প্রায় ১৫ সেন্টিমিটার বা ৬ ইঞ্চি দূরত্ব রেখে ড্রায়ার ব্যবহার করা নিরাপদ। ছবি: পেক্সেলস

চুল দ্রুত শুকিয়ে নিতে হেয়ার ড্রায়ার বেশ কার্যকরী একটি জিনিস। বিশেষ করে ব্যস্ত সময়ে এটি অনেকটা সময় বাঁচায়। তবে চুল শুকানোর তাড়াহুড়ায় ড্রায়ার একেবারে মাথার কাছে ধরে ব্যবহার করা ঠিক নয়। এর অতিরিক্ত তাপ চুলের আর্দ্রতা কমিয়ে দিতে পারে, ফলে চুল হয়ে উঠতে পারে শুষ্ক, রুক্ষ ও ভঙ্গুর। তাই ড্রায়ার ব্যবহারের সময় শুধু তাপমাত্রা নয়, কতটা দূর থেকে সেটি ব্যবহার করছেন, সেদিকেও খেয়াল রাখা জরুরি।

সঠিক দূরত্ব কেন জরুরি

চুল মূলত কেরাটিন নামের একধরনের প্রোটিন দিয়ে তৈরি। বেশি তাপ কেরাটিনের গঠনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে চুল রুক্ষ ও দুর্বল হয়ে যেতে পারে, দেখা দিতে পারে আগা ফাটা বা ভেঙে যাওয়ার প্রবণতা। আবার ড্রায়ার খুব দূরে রাখলেও চুল শুকাতে বেশি সময় লাগে। তাই এমন দূরত্ব রাখা ভালো, যাতে বাতাস ও তাপ সমানভাবে ছড়িয়ে পড়ে এবং কোনো একটি অংশে অতিরিক্ত তাপ না লাগে। সাধারণভাবে চুল থেকে প্রায় ১৫ সেন্টিমিটার বা ৬ ইঞ্চি দূরত্ব রেখে ড্রায়ার ব্যবহার করা নিরাপদ।

হেয়ার ড্রায়ার কতটা দূরে রেখে ব্যবহার করবেন

চুল দ্রুত শুকাতে হেয়ার ড্রায়ার বেশ কার্যকর। তবে সুবিধার এই যন্ত্র ব্যবহারের সময় সামান্য অসচেতনতা চুলের ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে ড্রায়ার চুলের খুব কাছে ধরে বেশি সময় গরম বাতাস দিলে চুলের আর্দ্রতা কমে গিয়ে তা শুষ্ক ও ভঙ্গুর হয়ে পড়ে। তাই চুল শুকানোর সময় ড্রায়ার থেকে চুলের দূরত্বের বিষয়টি গুরুত্ব দিতে হবে।

পাতলা চুলে দূরত্ব একটু বেশি

পাতলা চুল তুলনামূলকভাবে বেশি সংবেদনশীল। তাই এ ধরনের চুলে ড্রায়ার ১৫ থেকে ২০ সেন্টিমিটার দূরে রাখা ভালো। পাশাপাশি অতিরিক্ত গরম বাতাসের পরিবর্তে কম তাপমাত্রা ব্যবহার করলে চুলের ওপর তাপের চাপ কম পড়ে। অন্যদিকে মোটা ও ঘন চুল তুলনামূলকভাবে বেশি তাপ সহ্য করতে পারে। সে ক্ষেত্রে চুল থেকে ড্রায়ারের দূরত্ব ১০ থেকে ১৫ সেন্টিমিটার রাখা যেতে পারে। তবে বেশি তাপ ব্যবহার করলেও ড্রায়ার এক জায়গায় স্থির করে রাখা ঠিক নয়।

চুল থেকে পানি ঝরিয়ে নিয়ে তারপর ড্রায়ার ব্যবহার করা ভালো। ছবি: পেক্সেলস

তাপমাত্রা বাড়লে দূরত্বও বাড়ান

ড্রায়ারের হিট সেটিং যত বেশি হবে, চুল থেকে সেটি ততটা দূরে রাখা উচিত। উচ্চ তাপমাত্রায় ব্যবহার করলে অন্তত ২০ সেন্টিমিটার দূরত্ব রাখা নিরাপদ। আর কম তাপ বা ঠান্ডা বাতাসের সেটিং ব্যবহার করলে কিছুটা কাছে রাখা যায়।

এক জায়গায় ধরে রাখবেন না

চুল শুকানোর সময় ড্রায়ার ক্রমাগত নড়াচড়া করানো জরুরি। এক জায়গায় বেশি সময় গরম বাতাস দিলে সেই অংশে বেশি তাপ জমে চুলের ক্ষতি হতে পারে। তাই ধীরে ধীরে সামনে-পেছনে বা ওপর-নিচে ড্রায়ার সরিয়ে চুল শুকানো ভালো। চিরুনি বা ব্রাশ ব্যবহার করেও বাতাস ও তাপ চুলের বিভিন্ন অংশে সমানভাবে পৌঁছানো যায়। এতে চুল জটমুক্ত রাখার পাশাপাশি শুকানোর প্রক্রিয়া সহজ হয়। হেয়ার ড্রায়ার ব্যবহারের ক্ষেত্রে ১০ থেকে ২০ সেন্টিমিটার দূরত্ব একটি সাধারণ নির্দেশনা হিসেবে ধরা যায়। তবে চুলের ধরন, ড্রায়ারের তাপমাত্রা এবং বাতাসের গতির সঙ্গে মিলিয়ে দূরত্ব ঠিক করাই গুরুত্বপূর্ণ।

ভেজা চুলে সতর্কতা

চুল থেকে পানি ঝরিয়ে নিয়ে তারপর ড্রায়ার ব্যবহার করা ভালো। গোসলের পর ভেজা চুল তোয়ালে দিয়ে আলতোভাবে চেপে পানি শুষে নেওয়া যায়। এরপর কিছুটা বাতাসে শুকিয়ে নিয়ে ড্রায়ার ব্যবহার করলে দীর্ঘ সময় ধরে তাপ প্রয়োগের প্রয়োজন হয় না। ভেজা চুল তুলনামূলক বেশি নরম হওয়ায় ঘষাঘষি বা খুব গরম বাতাস ব্যবহার করা উচিত নয়।

তাপ থেকে চুলকে সুরক্ষা

নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করলে হিট-প্রোটেক্ট্যান্ট পণ্য ব্যবহার করুন। তবে পণ্য ব্যবহার করলেও তাপ বা খুব কাছ থেকে ড্রায়ার ব্যবহারের ঝুঁকি পুরোপুরি দূর হয় না। তাই দূরত্ব, তাপমাত্রা ও ব্যবহারের সময়—তিনটি বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন।

সূত্র: ওয়াই জেড এক্স হেয়ার টুলস