হোম > জীবনধারা > জেনে নিন

ফ্যাশন ও স্টাইলে থাকুক স্বকীয়তার উদ্‌যাপন

ফারিয়া রহমান খান

মডেল: শাশ্বত ইসলাম। ছবি: হাসান রাজা

পুরুষ দিবস! শুনলেই সবাই কেমন যেন একটু হেসে উঠতে চান। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, পুরুষদের অর্জন, সংগ্রাম, নিজেকে নতুনভাবে আবিষ্কার ও উদ্‌যাপন কিংবা নিজের কথাগুলো বলার একটি উপলক্ষ প্রয়োজন? বিশ্বব্যাপী সে রকম একটি দিন আছে। নভেম্বরের ১৯ তারিখ আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পালিত হয়।

আজকাল ফ্যাশন বা পোশাক শুধু শরীর ঢাকার উপায় নয়; এটি এখন আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং নিজস্ব পরিচয়ের এক শক্তিশালী ভাষা। একজন পুরুষ যখন আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করেন, তখন তাঁর পোশাক ও স্টাইল সেই ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তোলে। দিনটি নিজের ভেতরের সৌন্দর্য, দৃঢ়তা এবং ব্যক্তিত্বকে নতুন করে চিনে নেওয়ার এক দারুণ সুযোগ।

স্টাইলই হোক আত্মপরিচয়ের দর্পণ

ফ্যাশন বা স্টাইল নিছক কোনো কাপড় কিংবা সাময়িক ট্রেন্ড নয়, এটি আত্মপ্রকাশের এক মাধ্যম। কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ মিটিং হোক, পারিবারিক আয়োজন কিংবা প্রতিদিনের জীবনযাপন—একজন আধুনিক পুরুষের পোশাক তাঁর মূল্যবোধ, রুচি ও স্বপ্নের প্রতিফলন ঘটায়। পুরুষের পোশাক আজ আর নির্দিষ্ট কোনো ছকে বাঁধা নেই। প্রথাগত ধারণা ভেঙে পুরুষেরা এখন উজ্জ্বল রং, বৈচিত্র্যময় কাটছাঁট এবং সৃজনশীল নকশার পোশাক বেছে নিচ্ছেন নির্দ্বিধায়। অফিসের আনুষ্ঠানিক পরিবেশ থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে ঘরোয়া আড্ডা—সবখানেই ফ্যাশন এখন ঐতিহ্য ও আধুনিকতার এক চমৎকার মেলবন্ধন তৈরি করেছে। সঠিক ও মানানসই পোশাক একজন পুরুষের ভেতরের আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং তাঁকে নিজের মতো করে প্রকাশ করার সাহস জোগায়।

ব্যক্তিত্ব ও পোশাকের মেলবন্ধন

আজকের আধুনিক পুরুষ শুধু আচরণগত কঠোরতায় বিশ্বাসী নন; বরং তিনি সংবেদনশীল, সচেতন এবং নিজের যত্ন নিতেও জানেন। তাঁর এই আধুনিক মানসিকতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে পোশাক নির্বাচনের ক্ষেত্রে। আধুনিক পুরুষ অন্ধভাবে কোনো ট্রেন্ড অনুসরণ করেন না, বরং নিজস্ব ধারা তৈরি করেন। পরিপাটি স্যুট হোক কিংবা সাধারণ ক্যাজুয়াল পোশাক, তাঁর স্টাইল বলে দেয় তিনি নিজস্বতায় কতটা আত্মবিশ্বাসী। পোশাক ও অনুষঙ্গ নির্বাচনের ক্ষেত্রে আজকের পুরুষেরা অনেক বেশি মনোযোগী। পরিবেশবান্ধব কাপড় থেকে শুরু করে ঘড়ি বা জুতার মতো ছোটখাটো অনুষঙ্গ প্রতিটি বিষয়েই তাঁর সুরুচি ও দায়িত্বশীলতার পরিচয় মেলে। পুরুষের পোশাকে একসময় রঙের ব্যবহার ছিল বেশ সীমিত। কিন্তু এখন পুরুষেরা স্বচ্ছন্দে নতুন প্যাটার্ন, বৈচিত্র্যময় রং ও আধুনিক কাটের পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। বর্তমান প্রজন্মের পুরুষেরা জানেন, শক্তিশালী হওয়ার অর্থ নিজের অনুভূতি লুকিয়ে রাখা নয়। তাই তাঁদের পোশাকে যেমন দৃঢ়তা থাকে, তেমনি থাকে আরাম ও স্বস্তির প্রাধান্য। মানসিক ও শারীরিক সুস্থতার সঙ্গে সামঞ্জস্য রেখেই তাঁরা পোশাক বেছে নেন।

আত্মপ্রকাশের শক্তি

বলা হয়ে থাকে, প্রথম দর্শনেই ইতিবাচক প্রভাব তৈরি করা গুরুত্বপূর্ণ। একটি নিখুঁত ফিটিংয়ের জ্যাকেট বা পরিপাটি স্যুট মুহূর্তে একজন পুরুষের উপস্থিতিকে আকর্ষণীয় করে তুলতে পারে। মানসম্মত ও রুচিশীল পোশাকে বিনিয়োগ করা মূলত নিজেকে সম্মান জানানোর একটি উপায়। ভালো মানের পোশাক পরলে নিজের প্রতি বিশ্বাস দৃঢ় হয়। ফ্যাশন তখন কেবল সুন্দর দেখানোর মাধ্যম থাকে না, বরং আত্মমর্যাদা ও দৃঢ়তার প্রতীক হয়ে ওঠে।

নিজস্ব ওয়ার্ডরোবে যে পরিবর্তন আনতে পারেন

একটি রুচিশীল ওয়ার্ডরোব সাজাতে পোশাকের মান, বৈচিত্র্য এবং আভিজাত্যের ওপর নজর দেওয়া চাই। বিশেষ এই দিনে নিজেকে নতুন লুকে সাজাতে চাইলে বেছে নিতে পারেন সময়োপযোগী কিছু পোশাক।

কো-অর্ড সেট

আরাম ও আভিজাত্যের দারুণ সমন্বয় হলো ম্যাচিং বা কো-অর্ড সেট। হালকা প্রিন্টের হাফহাতা শার্টের সঙ্গে মানানসই স্ট্রেট প্যান্ট যেকোনো ঘরোয়া আয়োজন বা ক্যাজুয়াল আউটিংয়ে আপনাকে দেবে স্নিগ্ধ ও আধুনিক লুক।

ক্ল্যাসিক ডেনিম জ্যাকেট

ডেনিম জ্যাকেট কখনোই পুরোনো হয় না। নিখুঁত সেলাই ও মানানসই কাটের একটি ডেনিম বা ওভারসাইজড জ্যাকেট সাধারণ টি-শার্ট বা শার্টের ওপর পরলে মুহূর্তেই পুরো লুকে একধরনের স্মার্ট ও প্রাণবন্ত ভাব চলে আসে।

উজ্জ্বল প্রিন্টেড শার্ট

একঘেয়েমি কাটাতে আরামদায়ক ও নরম কাপড়ের উজ্জ্বল প্রিন্টেড শার্ট দারুণ কার্যকর। সাধারণ ট্রাউজার বা ডেনিমের সঙ্গে এ ধরনের শার্ট পরলে যেমন প্রাণবন্ত দেখায়, তেমনি আভিজাত্যও বজায় থাকে।

রিল্যাক্সড ওভারসাইজড শার্ট

সমসাময়িক ফ্যাশনে ঢিলেঢালা বা ওভারসাইজড শার্ট বেশ জনপ্রিয়। ফরমাল প্যান্টের সঙ্গে পরলে এটি যেমন মার্জিত লুক দেয়, তেমনি স্নিকার্সের সঙ্গে পরলে তৈরি হয় আধুনিক ও তারুণ্যদীপ্ত স্টাইল।

রেট্রো ফ্লেয়ার্ড প্যান্ট

পুরোনো দিনের ফ্যাশন আবারও নতুন রূপে ধীরে ধীরে ফিরে আসছে। নিচের দিকে কিছুটা ছড়ানো কাটের রেট্রো প্যান্টের সঙ্গে ফিটিং শার্ট বা জ্যাকেট পরলে তা এক অনন্য ও আকর্ষণীয় ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে।

এসব পোশাকের মধ্যে নিজের আরাম ও ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে যেগুলোই বেছে নিন না কেন, তা জানান দেবে আপনার ভেতরের সুন্দর মানুষটির পরিচয়কেই।

সূত্র: হু হোয়াট ওয়্যার ও জিকিউ ম্যাগাজিন অবলম্বনে