সমসাময়িক ফ্যাশন দুনিয়ায় নজর দিলে একটি বিষয় স্পষ্টভাবে চোখে পড়ে, যাঁদের পোশাক-আশাক বা স্টাইল বেশি প্রশংসিত হয়, তাঁরা খুব কমই জাঁকজমকপূর্ণ বা ভারী পোশাক পরেন। তাঁদের আসল রহস্য লুকিয়ে থাকে সঠিক অনুষঙ্গ বা অ্যাকসেসরিজ নির্বাচনের মধ্যে। পোশাক সাধারণ হলেও মানানসই অনুষঙ্গ পুরো লুক বদলে দিতে পারে।
তবে অনুষঙ্গের শেষ নেই। তাই এখানে পুরুষদের সংগ্রহে রাখার মতো ১০টি প্রয়োজনীয় অনুষঙ্গের কথা বলা হলো, যেগুলো আপনাকে আরও আত্মবিশ্বাসী ও পরিপাটি করে তুলতে পারে।
স্মার্টফোনের এই যুগেও পুরুষের অনুষঙ্গের তালিকায় ঘড়ির অবস্থান সবার ওপরে। অফিস বা আনুষ্ঠানিক আয়োজনের জন্য চামড়া বা স্টিলের বেল্টযুক্ত ক্লাসিক অ্যানালগ ঘড়ি যেমন দারুণ মানায়, তেমনি দৈনন্দিন কাজের সুবিধার জন্য হালকা ও স্লিম ডিজাইনের মিনিমালিস্ট স্মার্টওয়াচও এখন বেশ জনপ্রিয়।
মিনিমালিস্ট ব্রেসলেট
ঘড়ির পাশাপাশি হাতে হালকা নকশার ব্রেসলেট আপনার রুচির পরিচয় দেবে। স্টেইনলেস স্টিল, টাইটানিয়াম, চামড়া কিংবা পাথর বা পুঁতির তৈরি ব্রেসলেট ক্যাজুয়াল বা অফিস উভয় পোশাকের সঙ্গে সহজে মানিয়ে যায়।
আংটি
আংটি এখন শুধু বিয়ের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নেই। স্টেইনলেস স্টিল বা টাইটানিয়ামের সাধারণ ব্যান্ড, আদ্যক্ষর খোদাই করা সিগনেট রিং কিংবা কাঠ ও পাথরের সূক্ষ্ম কাজ করা আংটি পুরুষের হাতে এক আলাদা আভিজাত্য এনে দেয়। তবে হাতে ভারী কোনো আংটি পরলে অন্য গয়নাগুলো হালকা রাখাই ভালো।
চেইন
রুপা বা স্টিলের তৈরি চিকন ও পরিপাটি চেইন এখন পুরুষদের ফ্যাশনে বেশ জনপ্রিয়। সাধারণ টি-শার্ট বা শার্টের সঙ্গে গলায় একটি হালকা চেইন আপনার স্টাইলে আধুনিকতার ছোঁয়া যোগ করবে।
মুখের গড়ন অনুযায়ী রোদচশমা
রোদচশমা শুধু রোদ থেকে চোখ বাঁচায় না, এটি মুখের গড়নও সুন্দরভাবে ফুটিয়ে তোলে। মুখের আকৃতি কিছুটা গোলাকার হলে চারকোনা ফ্রেম এবং মুখের গড়ন তীক্ষ্ণ হলে গোলাকার বা ওভাল ফ্রেমের চশমা বেছে নেওয়া উচিত। পাশাপাশি পরিবেশবান্ধব উপাদানে তৈরি ফ্রেম ও মানসম্মত ইউভি প্রোটেকশন লেন্সের দিকে নজর দেওয়া জরুরি।
মানসম্মত চামড়ার বেল্ট
একটি ভালো বেল্ট পুরো পোশাককে সুশৃঙ্খল রাখে। আনুষ্ঠানিক পোশাকের জন্য কালো চামড়ার বেল্ট এবং জিনস বা চিনোসের সঙ্গে পরার জন্য বাদামি রঙের চামড়ার বেল্ট সংগ্রহে রাখা উচিত। খেয়াল রাখবেন, বেল্ট ও জুতার রং যেন কাছাকাছি হয় এবং বেল্টের বকলেসটি যেন খুব বেশি বড় বা জাঁকজমকপূর্ণ না হয়।
পাতলা ওয়ালেট বা
কার্ড হোল্ডার
ডিজিটাল লেনদেনের এই যুগে পকেটভর্তি মোটা মানিব্যাগ বহন করা একেবারেই বেমানান। প্রয়োজনীয় কয়েকটি কার্ড, পরিচয়পত্র এবং সামান্য নগদ টাকা রাখার জন্য চামড়া বা আধুনিক ধাতব কার্ড হোল্ডার ব্যবহার করুন। এটি আপনার প্যান্ট বা স্যুটের আকৃতি ঠিক রাখতেও সাহায্য করে।
উপযোগী ব্যাগ
কলেজজীবনের পুরোনো ব্যাকপ্যাকটি সরিয়ে এখন সময় এসেছে একটি পরিপাটি ব্যাগ বেছে নেওয়ার। অফিস বা মিটিংয়ের জন্য স্ট্রাকচার্ড টোট ব্যাগ, ভ্রমণের জন্য মিনিমাল ডিজাইনের ব্যাকপ্যাক কিংবা প্রতিদিনের চলাফেরার জন্য ক্রসবডি ব্যাগ আপনার ব্যক্তিত্বকে আরও গোছানো হিসেবে উপস্থাপন করবে।
ফ্যাশনেবল ও আরামদায়ক জুতা
পোশাক ও অনুষঙ্গ–দুটিরই গুরুত্বপূর্ণ অংশ জুতা। সংগ্রহে এক জোড়া পরিষ্কার সাদা বা নিউট্রাল রঙের স্নিকার্স, অফিস ও অনুষ্ঠানের জন্য চামড়ার লোফার বা ডার্বি শু এবং স্মার্ট-ক্যাজুয়াল লুকের জন্য চেলসি বুট থাকলে যেকোনো পরিবেশে আপনি খাপ খাইয়ে নিতে পারবেন।
রুচিশীল টেক অ্যাকসেসরিজ
বর্তমান সময়ে স্মার্টওয়াচ, ওয়্যারলেস ইয়ারবাড এবং ফোনের কভারও আপনার স্টাইলের অংশ। উজ্জ্বল নিয়ন রঙের বদলে ম্যাট ফিনিশের ও নিউট্রাল রঙের ফোনের কভার বা ইয়ারবাড কেস বেছে নিন, যা আপনার ঘড়ি বা ব্যাগের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
সূত্র: এপ টু জেন্টলম্যান ও অন্যান্য