হোম > জীবনধারা > জেনে নিন

যেসব খাবারে কমবে ওজন, বাড়বে ত্বকের লাবণ্য

ফিচার ডেস্ক, ঢাকা 

অনেকেই ওজন কমাতে গিয়ে খাওয়াদাওয়া একদম কমিয়ে দেন, ফলে ওজন হয়তো কিছুটা কমে, কিন্তু ত্বক হয়ে পড়ে শুষ্ক, কালচে ও নিস্তেজ। ছবি: এআই দিয়ে তৈরি

উৎসবের আগে কিশোরী থেকে তরুণী সবার প্রধান দুটি লক্ষ্য থাকে, শরীরের বাড়তি মেদ ঝরিয়ে একটু ঝরঝরে হয়ে ওঠা। পাশাপাশি ত্বকে প্রাকৃতিক জেল্লা ফুটিয়ে তোলা। তারপরই না নতুন পোশাক ও ট্রেন্ডি মেকআপে উৎসবের মধ্যমণি হয়ে ওঠা যায়। তবে ওই ওজন কমাতে গিয়েই অধিকাংশ মানুষ বড় ভুল করে বসেন। অনেকেই ওজন কমাতে গিয়ে খাওয়াদাওয়া একদম কমিয়ে দেন, ফলে ওজন হয়তো কিছুটা কমে, কিন্তু ত্বক হয়ে পড়ে শুষ্ক, কালচে ও নিস্তেজ।

পুষ্টিবিদদের মতে, ক্রাশ ডায়েট না করে খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা উচিত, যা মেদ ঝরাতে সাহায্য করবে এবং একই সঙ্গে ভেতর থেকে ত্বকের লাবণ্য ফুটিয়ে তুলবে। জেনে নিন, প্রতিদিনের ডায়েটে কোন খাবারগুলো রাখলে এই বাড়তি মেদও ঝরবে আবার ত্বকও জেল্লাদার হয়ে উঠবে।

শসা ও লেবুর ডিটক্স পানীয়

শসার ক্যালরি প্রায় শূন্য এবং পানির পরিমাণ প্রায় ৯৬ শতাংশ। এটি মেটাবলিজম বাড়ায় এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। অন্যদিকে লেবুর ভিটামিন সি ত্বকের কোলাজেন বাড়ায় এবং কালো দাগ দূর করে। এই পানীয় শরীর থেকে টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে।

এই পানীয় শরীর থেকে টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে। ছবি: পেক্সেলস

সকালে টক দই

টক দই ওজন কমাতে সহায়ক। এতে থাকা প্রোবায়োটিকস হজম ক্ষমতা উন্নত করে এবং পেটের চর্বি কমাতে সরাসরি সাহায্য করে। এর উচ্চ প্রোটিন বারবার খাওয়ার প্রবণতা কমায়। টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে ভেতর থেকে উজ্জ্বলতা আনে এবং ব্রণ হওয়ার প্রবণতা কমায়।

দিনে দুবার গ্রিন টি

ওজন কমাতে গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের মেদ দ্রুত গলাতে ও মেটাবলিজম বাড়াতে অত্যন্ত কার্যকর। এ ছাড়া এর শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের বলিরেখা ও বয়সের ছাপ পড়তে দেয় না।

চিয়া সিড এবং তিসির বীজ

শরীরের বাড়তি মেদ ঝরাতে এই বীজগুলো আঁশ ও প্রোটিনে ভরপুর। পানিতে ভিজিয়ে খেলে এটি পেটের ভেতর ফুলে ওঠে, ফলে সহজে খিদে পায় না এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ প্রচুর। এটি শুষ্ক ত্বক নরম ও মসৃণ করে এবং প্রাকৃতিকভাবে ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

টমেটো ও গাজরের স্যুপ বা সালাদ

কম ক্যালরি এবং উচ্চ আঁশযুক্ত সবজি টমেটো ও গাজর। এগুলো শরীরে চর্বি জমতে বাধা দেয়। গাজরের বিটা-ক্যারোটিন এবং টমেটোর লাইকোপেন উপাদান সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করে একধরনের ন্যাচারাল সানস্ক্রিন হিসেবে কাজ করে এবং ত্বকে গোলাপি আভা এনে দেয়।

স্ন্যাক্সে কাঠবাদাম ও আখরোট

বিকেলের স্বাস্থ্যকর স্ন্যাক্সে রাখতে পারেন এক মুঠো বাদাম। কাঠবাদাম ও আখরোট খেলে দ্রুত ফল পাবেন। এগুলো খেলে শরীরে ভালো ফ্যাটের জোগান মেলে, যা ক্ষতিকর চর্বি ঝরাতে সাহায্য করে। পাশাপাশি বাদামের ভিটামিন ই এবং জিংক ত্বকের কোষ পুনর্গঠন করে ত্বক টান টান ও সতেজ রাখে।

উৎসবের আগে যা এড়িয়ে চলতে হবে

ওজন ও ত্বকের উজ্জ্বলতার প্রধান শত্রু হলো অতিরিক্ত চিনি, ময়দা এবং ডুবো তেলে ভাজা খাবার। এগুলো রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে ওজন বাড়ায় এবং ত্বকে ব্রণ ও কালচে ভাব তৈরি করে। পূজার আগে যদি বাড়তি মেদ ঝরাতে ও ত্বকের দীপ্তি পেতে চাইলে আজ থেকে ডায়েটে এই খাবারগুলো যোগ করুন। এর পাশাপাশি দিনে ৮-১০ গ্লাস পানি পান করলে এবং পর্যাপ্ত ঘুমালে ফল আরও ভালো পাওয়া যাবে।

সূত্র: হেলথ লাইন ও অন্যান্য