হোম > জীবনধারা > জেনে নিন

শী‌তে চুলের পরিচর্যা যেভাবে

ফারিয়া রহমান খান

মডেল: নিলিমা। ছবি: মঞ্জু আলম

প্রতিটি ঋতু আসে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে। ঋতুভেদে তাপমাত্রা, আর্দ্রতা কিংবা সূর্যরশ্মির প্রভাব হয় ভিন্ন ভিন্ন। স্বাভাবিকভাবে চুল কিংবা ত্বকের যত্নেও তৈরি হয় পার্থক্য। হেমন্ত ঋতু এখন মাঝামাঝি পর্যায়ে আছে। পাওয়া যাচ্ছে শীতের আমেজ। ধীরে ধীরে বদলে যাচ্ছে আবহাওয়া। ফলে বদলাতে হবে চুল ও ত্বক যত্নের পদ্ধতি।

শীতের আগমনে বাতাসে আর্দ্রতা কমতে শুরু করে, আর সেই শুষ্ক বাতাসের সরাসরি প্রভাব পড়ে আমাদের চুল ও মাথার ত্বকে বা স্ক্যাল্পে। শীতকালে বাতাসের আর্দ্রতা দ্রুত কমে যাওয়ায় স্ক্যাল্প তার স্বাভাবিক আর্দ্রতা হারায়। ফলে চুলের কিউটিকল বা বাইরের সুরক্ষাকবচ খুলে গিয়ে চুল ভঙ্গুর, নিস্তেজ ও রুক্ষ হয়ে ওঠে। চুল নিষ্প্রভ হওয়া, অতিরিক্ত ফ্রিজিনেস বা উষ্কখুষ্ক ভাব, আগা ফাটা এবং খুশকির মতো সমস্যাগুলো শীতে দ্বিগুণ বেড়ে যায়। তবে প্রতিদিনের রূপচর্চায় সামান্য কিছু ঋতুভিত্তিক পরিবর্তন আনলেই এই হাড়কাঁপানো শীতেও আপনার চুল থাকতে পারে কোমল, মসৃণ, ঝলমলে ও প্রাণবন্ত।

শীতে চুলের সাধারণ সমস্যা ও কারণ

শীতের ঠান্ডা বাতাস ও শুষ্ক আবহাওয়া চুলের প্রাকৃতিক তেল বা সেবাম শুষে নেয়, যা সাধারণত চুল মসৃণ, নমনীয় ও পুষ্ট রাখতে প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে কাজ করে। এই তেলের অভাবেই মূলত চুলে আর্দ্রতা কমে নিষ্প্রভ ভাব আসে, চুল উষ্কখুষ্ক হয়ে জট পাকিয়ে যায়, চুলের ডগা ফেটে যায় এবং মাথার শুষ্ক ত্বকে খুশকি ও চুলকানির উপদ্রব দেখা দেয়।

ধাপে ধাপে শীতকালীন হেয়ার কেয়ার রুটিন

  • হাইড্রেটিং শ্যাম্পুর ব্যবহার: শীতে এমন ময়শ্চারাইজিং ও সালফেটমুক্ত শ্যাম্পু বেছে নিন, যা চুলের প্রাকৃতিক তেল নষ্ট না করেই ভেতর থেকে আর্দ্রতা জোগায়। অতিরিক্ত শুষ্কতা ও চুল পড়া এড়াতে সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি শ্যাম্পু না করাই ভালো।
  • নিয়মিত ডিপ কন্ডিশনিং: শীতে চুলের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে ও ফ্রিজিনেস কমাতে সপ্তাহে অন্তত এক দিন ভালো মানের কন্ডিশনিং হেয়ার মাস্ক ব্যবহার করুন। ভালো ফলের জন্য মাস্কটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • লিভ-ইন সিরাম বা ক্রিম লাগানো: চুল ধোয়ার পর হালকা কোনো হেয়ার সিরাম বা স্মুদিং ক্রিম চুলের মাঝখান থেকে আগা পর্যন্ত আলতোভাবে লাগিয়ে নিন। এটি চুলের কিউটিকল সিল করে, উষ্কখুষ্ক ভাব কমায় এবং চুল সারা দিন ঝলমলে রাখে।
  • সপ্তাহে এক দিন কুসুম গরম তেলের ম্যাসাজ: নিস্তেজ ও প্রাণহীন চুলে সজীবতা ফেরাতে নারকেল, আমন্ড বা আর্গান অয়েল সামান্য গরম করে মাথার ত্বকে আঙুলের ডগা দিয়ে ম্যাসাজ করুন। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়ায় পুষ্টি জোগায় ও চুল পড়া রোধ করে।
  • হিট স্টাইলিং ও নিয়মিত ট্রিমিং: শীতে ব্লো-ড্রায়ার বা স্ট্রেইটনার ব্যবহারে চুল আরও রুক্ষ ও দুর্বল হয়ে পড়ে। তাই এগুলোর ব্যবহার যথাসম্ভব কমাতে হবে। একান্তই প্রয়োজন হলে আগে হিট প্রোটেক্ট্যান্ট স্প্রে ব্যবহার করুন। পাশাপাশি আগা ফাটা রোধে প্রতি ৬-৮ সপ্তাহ পরপর চুলের আগা সামান্য ছেঁটে নিন।
  • সমস্যার ধরন বুঝে বিশেষ যত্ন: শীতে খুশকি বাড়লে সপ্তাহে এক থেকে দুই দিন মৃদু অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করে ভালো মানের কন্ডিশনার ব্যবহার করুন। আর চুল অতিরিক্ত ভঙ্গুর বা ক্ষতিগ্রস্ত হলে প্রোটিনসমৃদ্ধ কন্ডিশনার বা বন্ড রিপেয়ার মাস্ক ব্যবহার করুন।

শীতে চুল ভালো রাখার বাড়তি টিপস

  • গরম পানি এড়িয়ে চলুন: অতিরিক্ত গরম পানিতে চুল ধুলে মাথার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে চুল রুক্ষ হয়ে যায়। তাই সব সময় কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন।
  • ভেজা চুলে বাইরে বের হবেন না: ভেজা চুল অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর থাকে। তাই বাইরে বের হওয়ার আগে চুল ভালোভাবে শুকিয়ে নিন এবং ঠান্ডা বাতাস ও ধুলাবালু থেকে বাঁচাতে স্কার্ফ বা টুপি ব্যবহার করুন।
  • সিল্ক বা সাটিনের বালিশের কভার ব্যবহার: সুতির বালিশ কভার চুলের আর্দ্রতা শুষে নেয় ও ঘর্ষণে চুল ভেঙে যায়। তাই রাতে ঘুমানোর সময় সিল্ক বা সাটিনের বালিশের কভার ব্যবহার করুন এবং উলের টুপির ভেতরেও সিল্কের আবরণ রাখুন।
  • প্রোটেক্টিভ হেয়ারস্টাইল ও খাদ্যাভ্যাস: বাতাস ও ঘর্ষণ থেকে বাঁচাতে চুল খোলা না রেখে হালকা বেণি বা খোঁপা করে রাখুন। পাশাপাশি ভেতর থেকে চুল সুস্থ রাখতে প্রচুর পানি পান করুন এবং খাদ্যতালিকায় ওমেগা-৩ সমৃদ্ধ খাবার, যেমন আখরোট, তিসির বীজ ও অ্যাভোকাডো রাখুন। এ ছাড়া ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হলে উমিডিফায়ার ব্যবহার করতে পারেন।

শীতের রুক্ষ আবহাওয়া চ্যালেঞ্জিং হলেও সঠিক নিয়ম ও সামান্য সচেতনতাই পারে আপনার চুল সুরক্ষিত রাখতে। এর আর্দ্রতা ধরে রাখা, অতিরিক্ত তাপ এড়িয়ে চলা এবং নিয়মিত সঠিক পরিচর্যার মাধ্যমে পুরো শীতেই উপভোগ করুন কোমল, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল চুল।

সূত্র: লরিয়াল প্রফেশনাল