হোম > জীবনধারা > জেনে নিন

আজ ‘থ্যাংকসগিভিং ডে’; প্রিয়জনকে যেভাবে ধন্যবাদ জানাবেন

ফিচার ডেস্ক, ঢাকা 

থ্যাংকস গিভিং ডে মূলত বছরের ফসল ঘরে তোলা, পরিবার, সুস্থতা ও জীবনের প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশের একটি বার্ষিক উৎসব। প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

আমাদের জীবনে এমন অনেক মানুষ আছেন, যাঁরা নিঃস্বার্থভাবে আমাদের পাশে থেকে উপকার করে চলেছেন। তাঁরা কেউ আমাদের পরিবারের মানুষ বা বন্ধুজন, কেউ কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী কিংবা আমাদের চারপাশের বিভিন্ন ক্ষেত্রের বিচিত্র শ্রেণির মানুষ। এসব মানুষের ছোট ছোট কাজ আমাদের জীবন আরেকটু সুন্দর ও সহজ করে তোলে। যাঁরা আমাদের জীবনে এত ইতিবাচকতা যোগ করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য সব সময় মুখেই ধন্যবাদ জানানো যথেষ্ট নয়। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ছোট ছোট কিছু কাজ করা যেতে পারে।

ছোট উপহারের সঙ্গে চিরকুট দিন

টেক্সট মেসেজের এই যুগে হাতে লেখা চিঠির চল প্রায় উঠেই গেছে। কিন্তু কেউ সময় নিয়ে নিজের হাতে কিছু লিখে পাঠালে তার আবেদনই থাকে অন্যরকম। সেটি সুন্দর কোনো কার্ডেই হোক বা সাধারণ এক টুকরো কাগজে মনের কথা লিখে কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই চিরকুট সেঁটে দিন চকলেট, বাড়িতে তৈরি কোনো খাবারের বাটি বা সহায়তাকারী ব্যক্তির জন্য কেনা প্রয়োজনীয় কোনো জিনিসের ব্যাগের সঙ্গে। আপনাদের বন্ধন আরও দৃঢ় হবে।

যিনি সব সময় আপনার পাশে থাকেন, তাঁর প্রয়োজনের সময় পাশে থাকাই কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম সেরা উপায়। প্রতীকী ছবি: পেক্সেলস

সৃজনশীল কিছু তৈরি করুন

আপনি যদি হাতের কাজে দক্ষ হন কিংবা বেকিং বা রান্নায় পারদর্শী হন, তবে নিজের হাতে তৈরি কোনো কিছু উপহার দিয়ে অন্যের প্রতি আপনার মূল্যায়ন ও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন।

নৈশভোজে আমন্ত্রণ জানান

পরবর্তী পারিবারিক নৈশভোজ বা বন্ধুদের আড্ডায় তাঁকে আমন্ত্রণ জানাতে পারেন। তাঁর সম্মানে বিশেষ কোনো আইটেম রাখতে পারেন। ডেজার্ট পর্বে মানুষটির প্রতি কেন কৃতজ্ঞ, তা সবার সামনে বলুন ও প্রশংসা করুন।

‘ওয়েলকাম প্যাকেজ’ তৈরি করুন

নতুন প্রতিবেশী, অফিসের নতুন সহকর্মী বা আপনার প্রিয় ব্যক্তির জন্য ছোট্ট একটি ওয়েলকাম প্যাকেজ বা উপহারের ঝুড়ি তৈরি করুন। এর মাধ্যমে বুঝিয়ে দিন যে তাঁদের উপস্থিতিতে আপনি আনন্দিত।

নতুন প্রতিবেশী, অফিসের নতুন সহকর্মী বা আপনার প্রিয় ব্যক্তির জন্য ছোট্ট একটি ওয়েলকাম প্যাকেজ বা উপহারের ঝুড়ি তৈরি করুন। প্রতীকী ছবি: পেক্সেলস

কৃতজ্ঞতা প্রকাশের কোনো অনুষ্ঠানের আয়োজন করুন

স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ দুপুরের খাবারের আয়োজন হোক বা সারা দিন অন্যের সেবায় নিয়োজিত কাউকে একটু বিরতি দিতে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন। যাঁদের প্রতি আপনি কৃতজ্ঞ, তাঁদের জন্য এমন কোনো আয়োজন করলে তাঁরা বুঝতে পারেন আপনার জীবনে তাঁদের গুরুত্ব আছে।

মনোযোগ দিয়ে শুনুন ও নিজেও সাহায্যের হাত বাড়িয়ে দিন

যিনি সব সময় আপনার পাশে থাকেন, তাঁর প্রয়োজনের সময় পাশে থাকাই কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম সেরা উপায়। কোনো বন্ধু বা পরিবারের সদস্য কথা বলতে চাইলে মনোযোগী শ্রোতা হোন। কারও কোনো কাজে সাহায্যের প্রয়োজন হলে এগিয়ে যান। এই এগিয়ে যাওয়া থেকেই মানুষটি বুঝে নেবেন আপনি তাঁদের মূল্যায়ন করেন।

জন্মদিনে ছোট্ট থ্যাংক ইউ ভিডিও পাঠান

হাতে একদমই সময় নেই? সাহায্যকারী মানুষটির জন্মদিনে একটি ছোট ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়ে দিন। ফোনের ক্যামেরা চালু করে মন থেকে কিছু বলুন। ভিডিওতে অবশ্যই সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন ঠিক কোন কারণে আপনি তাঁর প্রতি কৃতজ্ঞ।

ইতিবাচক রিভিউ দিন

ছোট কোনো ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ভালো সেবা পেলে কিংবা কোনো বই পড়ে ভালো লাগলে অনলাইনে একটি ইতিবাচক রিভিউ লিখে তাঁদের প্রতিদান দিন। কোনো প্যালিয়েটিভ কেয়ার থেকে সেবা নিলে তাঁদের ভালো রিভিউ দিন এবং স্বেচ্ছাসেবীদের ছোট ছোট উপহার দিতে পারেন। আপনার কয়েকটি ভালো কথা ব্যবসায়ী বা সেবাদাতাদের জীবিকায় বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

একসঙ্গে গুণগত সময় কাটান

কখনো কখনো কাউকে ধন্যবাদ জানানোর সবচেয়ে ভালো উপায় তাঁকে সময় দেওয়া। নিঃসঙ্গ বোধ করছেন—এমন কারও সঙ্গে দেখা করতে যাওয়া বা পুরোনো কোনো বন্ধুকে ফোন করে খোঁজ নেওয়া সম্পর্ক মজবুত করার এবং আপনার কাছে তাঁদের গুরুত্ব বোঝানোর দারুণ উপায়।

সূত্র: ক্রিয়েট দ্য গুড