হোম > জীবনধারা > জেনে নিন

পূজায় গরদের শাড়িতে তেল-ঝোল লাগলে যা করবেন

ফিচার ডেস্ক, ঢাকা 

গরদ শাড়ি হলো হাতে বোনা ঐতিহ্যবাহী ও খাঁটি সিল্ক বা রেশমের শাড়ি। মডেল: বীথি, শাড়ি: কুইন্স ক্লোজেট, মেকআপ: বিন্দিয়া, ছবি: আজকের পত্রিকা

পূজায় একটা গরদের শাড়ি না হলে চলে? কিন্তু জম্পেশ খাওয়াদাওয়ার মাঝে এই শাড়িতে অসাবধানতাবশত তেল-ঝোলের দাগ লেগে যেতেই পারে। এমন হলে মন খারাপ না করে ঘরোয়া কিছু উপায়ে তা সহজে পরিষ্কার করা সম্ভব। উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের শাড়ি বছরের পর বছর নতুনের মতো ভালো থাকবে। এ শাড়ির দাগ তোলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। গরদের শাড়ির তেল-ঝোলের দাগ তোলার ঘরোয়া টোটকা এবং পূজা-পরবর্তী যত্ন কেমন হবে, জেনে নিন কিছু উপায়।

তেল-ঝোল পরিষ্কার যেভাবে

গরদ শাড়িতে দাগ লাগলে কখনোই জোরে ঘষাঘষি করা যাবে না। ঘষলে দাগ সুতার আরও গভীরে বসে যায়। যা করবেন—

ব্লটিং ও পাউডার ট্রিটমেন্ট

তেল-ঝোল পড়ার সঙ্গে সঙ্গে একটি নরম সুতি কাপড় বা টিস্যু পেপার দিয়ে আলতো চেপে অতিরিক্ত তেল বা তরল শুষে নিন। এরপর দাগের ওপর বেশি করে ট্যালকম পাউডার বা বেবি পাউডার ছিটিয়ে দিন। পাউডার তেলের আঠালো ভাব পুরোপুরি শুষে নেবে। ৫ থেকে ১০ মিনিট পর একটি নরম টুথব্রাশ দিয়ে ছিটিয়ে দেওয়া পাউডার আলতো করে ঝেড়ে ফেলুন। প্রয়োজনে এই পদ্ধতি আরেকবার করুন।

উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের শাড়ি বছরের পর বছর নতুনের মতো ভালো থাকবে। মডেল: বীথি, শাড়ি: কুইন্স ক্লোজেট, মেকআপ: বিন্দিয়া, ছবি: আজকের পত্রিকা

শ্যাম্পু বা মাইল্ড লিকুইড ডিটারজেন্ট

পাউডার দেওয়ার পর যদি হালকা দাগ থেকে যায়, তবে ক্ষারহীন মাইল্ড শ্যাম্পু বা সিল্কের কাপড়ের জন্য তৈরি লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করুন। দাগের অংশে সামান্য শ্যাম্পু লাগিয়ে আঙুল দিয়ে বা নরম ব্রাশ দিয়ে একদম হালকা হাতে বৃত্তাকারে ঘষুন। এরপর ঠান্ডা জল দিয়ে শুধু দাগ লাগা অংশটুকু ভালো করে ধুয়ে নিন।

কর্নফ্লাওয়ার ব্যবহার করুন

ট্যালকম পাউডারের মতো কর্নফ্লাওয়ারও খুব ভালো তেল শুষে নেয়। দাগের জায়গায় কর্ন ফ্লাওয়ারের গুঁড়া দিয়ে ১৫-২০ মিনিট রেখে দিয়ে ব্রাশ দিয়ে ঝেড়ে ধুয়ে ফেলুন।

ড্রাই ক্লিনিং

গরদ শাড়ির বুনন অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় নিজে ঘরে দাগ তুলতে ভয় পেলে সবচেয়ে নিরাপদ মাধ্যম হলো ভালো কোনো লন্ড্রিতে ড্রাই ক্লিন বা ওয়াশ করানো। দোকানে দেওয়ার সময় দাগ ঠিক কোথায় লেগেছে, তা অবশ্যই নির্দিষ্ট করে দেখিয়ে দেবেন।

গরদ শাড়ির যত্ন যেভাবে

উৎসবের মৌসুম শেষ হওয়ার পর গরদ শাড়ি আলমারিতে তুলে রাখার আগে কিছু নিয়ম মেনে চলা জরুরি। এতে শাড়ির জৌলুশ নষ্ট হবে না এবং সুতা কেটে যাবে না।

৩-৪ মাস পর পর শাড়ি বের করে ভাঁজ বদলে আবার নতুন করে ভাঁজ করে রাখুন। মডেল: বীথি, শাড়ি: কুইন্স ক্লোজেট, মেকআপ: বিন্দিয়া, ছবি: আজকের পত্রিকা

বাতাসে মেলে রাখুন

পূজায় পরার পর শাড়িতে ঘাম বা আর্দ্রতা থাকতেই পারে। তাই আলমারিতে রাখার আগে শাড়িটি ছায়াময় কিন্তু বাতাস চলাচল করে এমন জায়গায় কয়েক ঘণ্টা মেলে রাখুন। সরাসরি কড়া রোদে দেবেন না। এতে গরদের স্বাভাবিক সাদাটে রং ও পাড়ের উজ্জ্বলতা নষ্ট হতে পারে।

ইস্তিরি করার নিয়ম

শাড়ি তুলে রাখার আগে ইস্তিরি করার প্রয়োজন হলে সুতির পাতলা কাপড় শাড়ির ওপর বিছিয়ে নিয়ে উল্টো দিক থেকে হালকা বা মাঝারি তাপে আয়রন করুন। সরাসরি সিল্কের ওপর গরম ইস্তিরি ধরবেন না।

সুতির কাপড়ে মুড়িয়ে রাখুন

গরদ শাড়ি কখনোই প্লাস্টিকের প্যাকেট বা পলিথিনে রাখবেন না। এতে সিল্কের সুতা নষ্ট হয়ে যায় এবং আর্দ্রতা আটকে ফাঙ্গাস পড়তে পারে। শাড়িটি সব সময় একটি নরম সুতির কাপড় বা মসলিনের কাপড়ে মুড়িয়ে রাখুন।

ন্যাপথলিন ব্যবহার করবেন না

শাড়ির ভাঁজের ভেতরে সরাসরি ন্যাপথলিন বা পারফিউম ব্যবহার করবেন না। এতে শাড়ির পাড়ের জরি কালো হয়ে যেতে পারে। পোকামাকড় দূর রাখতে আলমারির তাকে বা শাড়ির ব্যাগের বাইরে শুকনা নিমপাতা বা কাগজের প্যাকেটে ন্যাপথলিন বল রেখে দিতে পারেন।

ভাঁজ বদলানো

এটি গরদ শাড়ির যত্নের গুরুত্বপূর্ণ ধাপ। আলমারিতে মাসের পর মাস একই ভাঁজে শাড়ি রেখে দিলে ভাঁজের দাগ বরাবর সুতো দুর্বল হয়ে ছিঁড়ে বা কেটে যেতে পারে। তাই ৩ থেকে ৪ মাস পর শাড়ি বের করে ভাঁজ বদলে আবার নতুন করে ভাঁজ করে রাখুন।

সূত্র: ইন্ডিভোগ ও অন্যান্য