অগ্রহায়ণেই কী কুয়াশা পড়েছে দেখেছেন! মনে হচ্ছে এবার শীত জাঁকিয়ে পড়বে। শীতকাল মানেই মিষ্টি রোদ, পিঠাপুলি আর উৎসবের আমেজ। কিন্তু এই আরামদায়ক ঋতুটিই আমাদের ত্বকের জন্য বেশ রুক্ষ হয়ে ওঠে। এ সময় শরীরের যে অংশটি সবচেয়ে বেশি অবহেলিত হয়, তা হলো আমাদের পা। সারা দিন অফিস, সংসার বা পড়াশোনার চাপে আলাদা করে পারলারে গিয়ে পেডিকিওর করার সময় অনেকেরই হয়ে ওঠে না। ফলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে পায়ের গোড়ালি ফাটা, খসখসে হয়ে যাওয়া এবং কালচে ছোপ পড়ার মতো সমস্যা দেখা দেয়।
তবে যাঁরা ভীষণ ব্যস্ততার মধ্য়ে থাকেন তাঁদের জন্য ভালো খবর হলো, পা সুন্দর রাখতে ঘণ্টাখানেক সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই। প্রতিদিনের কাজের ফাঁকে সামান্য কিছু পরিবর্তন আনলেই শীতজুড়ে আপনার পা থাকবে কোমল ও আকর্ষণীয়। ব্যস্ত মানুষদের জন্য রইল কম সময়ে পায়ের যত্ন নেওয়ার কার্যকর কিছু উপায়। জেনে রাখুন।
আলাদা করে গরম পানিতে পা ভিজিয়ে রাখার সময় না থাকলে গোসলের সময়টুকুই কাজে লাগান। গোসলের একেবারে শেষ দিকে হালকা গরম পানি দিয়ে পা ভালোভাবে ধুয়ে নিন। একটি পিউমিস স্টোন বা ঝামা পাথর বাথরুমেই রাখুন। সপ্তাহে দুই থেকে তিন দিন গোসলের সময় ভেজা পায়ের গোড়ালি হালকাভাবে ঘষে মৃত কোষ তুলে ফেলুন। এতে আলাদা সময় লাগবে না।
শীতে পা ফাটার প্রধান কারণ হলো আর্দ্রতার অভাব। গোসল বা অজু করার পর পা মুছে দ্রুত ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় ক্রিম বা লোশন লাগালে তা ত্বকের ভেতরে আর্দ্রতা আটকে রাখতে বেশি কার্যকর হয়। হাতের কাছে ভারী কোনো ফুট ক্রিম, পেট্রোলিয়াম জেলি অথবা নারকেল তেল রাখতে পারেন। পায়ে ব্যবহারের জন্য এগুলোই যথেষ্ট।
সারা দিন সময় না পেলে রাতে ঘুমের সময়টুকু পায়ের যত্নে ব্যবহার করুন। ঘুমানোর ঠিক আগে পা ধুয়ে পুরু করে পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন ও গোলাপজলের মিশ্রণ পায়ে মেখে নিন। এরপর এক জোড়া পরিষ্কার সুতির মোজা পরে ঘুমিয়ে পড়ুন। সারা রাত মোজা পরে থাকার ফলে পায়ের ত্বক আর্দ্রতা শোষণের পর্যাপ্ত সময় পায়। সকালে উঠে দেখবেন পা একদম নরম ও মসৃণ হয়ে গেছে।
শীতে পায়ের সুরক্ষায় জুতার ভূমিকা অনেক। এ সময় খোলা স্যান্ডেলের পরিবর্তে পা-ঢাকা জুতা পরার চেষ্টা করুন। এতে বাইরের ধুলোবালি ও ঠান্ডা বাতাস সরাসরি পায়ে লাগবে না। বাইরে বের হলে অবশ্যই সুতির মোজা পরুন। সিনথেটিক মোজা পায়ে ঘাম তৈরি করে, যা পরে শুকিয়ে পা আরও রুক্ষ করে তুলতে পারে।
অনেক সময় আলসেমির কারণেও রাতে পায়ে ক্রিম লাগানো হয় না। এর সমাধান হলো, আপনার বিছানার পাশের টেবিলে একটি ফুট ক্রিম বা ভ্যাসলিনের কৌটা এবং এক জোড়া মোজা রেখে দেওয়া। এতে শুতে যাওয়ার আগে হাত বাড়ালেই প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন এবং নিয়মিত যত্ন নেওয়া সহজ হবে।
শীতে তৃষ্ণা কম লাগার কারণে অনেকে পানি কম পান করেন। এর সরাসরি প্রভাব পড়ে পায়ের গোড়ালিতে। ত্বক ভেতর থেকে হাইড্রেটেড রাখতে সারা দিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং খাদ্যতালিকায় মৌসুমি ফল ও শাকসবজি রাখুন।
পায়ের সৌন্দর্য ধরে রাখতে খুব দামি প্রসাধনী বা দীর্ঘ সময়ের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সামান্য সচেতনতা। প্রতিদিনের ব্যস্ত রুটিন থেকে মাত্র ২-৩ মিনিট সময় বের করে এই সহজ নিয়মগুলো মেনে চললেই শীতের রুক্ষতা আপনার পায়ের কোমলতা কেড়ে নিতে পারবে না।
সূত্র: স্টাইলক্রেজ, হেলথলাইন ও অন্যান্য