শীতের ঠান্ডা, তীব্র বাতাস আর আলোর স্বল্পতা—সবকিছুই আমাদের মেজাজ ও ত্বকের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পুরুষেরা প্রকৃতির এ নিয়মের বাইরে নন। অনেক পুরুষই ত্বকের যত্নের ক্ষেত্রে সহজ ও ঝামেলাহীন পদ্ধতি পছন্দ করেন। তবে শীতকালে ত্বকের শুকনো ও খসখসে ভাব এড়াতে একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন চারটি পরামর্শ।
গরম পানিতে গোসল করতে বেশ আরাম লাগলেও এটি কিন্তু ত্বক শুষ্ক হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে। তাই শীতকালে ত্বকের সুরক্ষায় গরম পানির পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করুন।
ত্বকের প্রাকৃতিক ও প্রয়োজনীয় তেল কমিয়ে দেওয়ার জন্য বডিওয়াশও অনেকটা দায়ী। মুখ পরিষ্কারের জন্য বডিওয়াশ ব্যবহার করা বন্ধ করুন। গোসলের পর ব্যবহারের জন্য ভালো মানের বাম বা ময়শ্চারাইজিং লোশন হাতের কাছে রাখুন। গোসলের পরপরই এটি ব্যবহার করুন।
শীতকালে এমন ধরনের ক্লিনজার ব্যবহার করা জরুরি, যা ত্বকের আর্দ্রতা কেড়ে না নিয়ে ময়লা পরিষ্কার করতে পারে। এ ক্ষেত্রে অ্যালকোহল ও সাবানমুক্ত ফর্মুলার ক্লিনজার বেছে নিন। পাশাপাশি এতে ভিটামিন ই-এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট ও ত্বকের জন্য উপকারী উপাদান রয়েছে কি না, তা দেখে নিন।
চর্মরোগ বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন জানান, ছেলেদের ত্বক সাধারণত একটু বেশি তৈলাক্ত হয়ে থাকে। তাই ত্বকের যত্ন নেওয়ার যেকোনো পণ্য কেনার সময় দেখতে হবে সেগুলো তেলমুক্ত কি না। যাঁদের ত্বক শুষ্ক বা সংবেদনশীল, তাঁরা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে উপযুক্ত ক্লিনজার ও ময়শ্চারাইজার ব্যবহার করবেন।
দিনে দুবার মুখ পরিষ্কার করুন। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিন। আর রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করুন, যাতে ত্বকের জমে থাকা তেল এবং অন্যান্য দূষিত জিনিস দূর হয়।
এখনই ময়শ্চারাইজার ব্যবহারের অভ্যাস গড়ে তোলার সময়। আগে থেকে ব্যবহার না করে থাকলে বাথরুমের প্রসাধনীর তালিকায় এটি যোগ করুন। দিনে দুবার মুখ পরিষ্কারের পর ময়শ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক কোমল ও আর্দ্র থাকবে। চোখের নিচের অংশের যত্ন নিতেও ভুলবেন না।
এমন ময়শ্চারাইজার বেছে নিন, যাতে ইমোলিয়েন্ট উপাদান রয়েছে। এগুলো ত্বকের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করে। একই যত্ন নিতে হবে ঠোঁটেরও। শীতের ঠান্ডা বাতাসে ঠোঁট দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই নিয়মিত লিপ বাম ব্যবহার করুন।
মুখে অতিরিক্ত ঘষাঘষি করবেন না। ত্বক পরিষ্কারের জন্য খুব বেশি খসখসে বা শক্ত স্ক্রাব ব্যবহার না করে মৃদু ধরনের এক্সফোলিয়েটর বেছে নিন। সপ্তাহে এক থেকে দুবার এক্সফোলিয়েট করুন। এতে ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষ ও অন্যান্য ময়লা দূর হবে। নতুন কোষের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং ত্বকের ভেতরে লোম গজানোর সমস্যাও কমতে থাকবে।
শীতকালে দাড়ি শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। তাই দাড়ির প্রয়োজন বাড়তি পুষ্টি ও যত্ন। আর যাঁরা নিয়মিত ক্লিন শেভ করেন, তাঁদের ক্ষেত্রে রেজারের ঘর্ষণ থেকে মুখের ত্বক সুরক্ষা দেওয়া জরুরি।
দাড়ি রাখুন কিংবা ক্লিন শেভ করুন—দুই ক্ষেত্রেই ভালো মানের বিয়ার্ড অয়েল ব্যবহার করতে পারেন। এটি দাড়ির শুষ্কতা কমিয়ে নরম রাখতে সাহায্য করে। শীতের সঙ্গে লড়াইয়ে আপনার ত্বক ও দাড়ির যত্নে এটি হতে পারে কার্যকর উপকরণ।