হোম > জীবনধারা > মানসিক স্বাস্থ্য

একটু থামুন, ফুলের গন্ধ নিন

পরাগ মাঝি

ছবি: টাইম ম্যাগাজিন

মাত্র ৩০ সেকেন্ড সময় নিয়ে একটি ফুলের গন্ধ নিলে শরীর ও মনের ভেতরে ঘটে যেতে পারে গভীর পরিবর্তন। বিজ্ঞান বলছে, এই কাজ অনেকটা ধ্যানের মতোই কার্যকর।

ঘ্রাণ বা গন্ধ আমাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে গভীরভাবে আবেগের সঙ্গে যুক্ত। আমরা যখন কোনো ঘ্রাণ নিই, তখন সেই ঘ্রাণ সরাসরি মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে পৌঁছে যায়—যেখানে আমাদের আবেগ ও স্মৃতির বসবাস। অন্য ইন্দ্রিয়গুলোর ক্ষেত্রে, যেমন দেখা বা শোনার মতো বিষয়গুলো আগে মস্তিষ্কের একটি ‘রিলে স্টেশন’ পেরিয়ে তবেই আসে। কিন্তু গন্ধ সেই ধাপটি এড়িয়ে সরাসরি আবেগের কেন্দ্রে আঘাত করে। এই কারণেই কোনো গন্ধ হঠাৎ আমাদের শৈশব, কোনো প্রিয় মানুষ বা একটি নির্দিষ্ট মুহূর্তে ফিরিয়ে নিতে পারে।

গবেষণায় দেখা গেছে, সচেতনভাবে ৩০ সেকেন্ড ধরে কোনো মনোরম গন্ধ নিলে হৃৎস্পন্দন ধীর হয়, স্নায়ুতন্ত্র শান্ত হয় এবং মেজাজ ভালো হয়ে ওঠে। আপনি যখন গভীরভাবে শ্বাস নেন, তখন শরীরের ‘রেস্ট অ্যান্ড ডাইজেস্ট’ সিস্টেম সক্রিয় হয়—যা চাপ কমায় এবং মনকে স্থির করে। এ কারণেই বিজ্ঞানীরা একে কখনো কখনো ‘ডেটা-ড্রিভেন মেডিটেশন’ বলে থাকেন।

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব গন্ধ সবার কাছে একই রকম লাগে না। গন্ধের প্রতি আমাদের প্রতিক্রিয়া গড়ে ওঠে স্মৃতি, সংস্কৃতি এবং এমনকি জিনগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। যেমন, কেউ ল্যাভেন্ডারের গন্ধে শান্তি পায়, আবার কারও কাছে সেটি অস্বস্তিকর লাগতে পারে। একই গন্ধ একেকজনের কাছে একেক অভিজ্ঞতা তৈরি করে, যা প্রমাণ করে—আমাদের অনুভূতির জগৎ একান্তই ব্যক্তিগত।

বিষয়টি আরও স্পষ্ট হয় তথাকথিত ‘স্মেল ওয়াক’-এর মাধ্যমে। এই প্রক্রিয়ায় মানুষ মূলত একটি নির্দিষ্ট পথে হাঁটতে হাঁটতে আশপাশের গন্ধগুলোকে সচেতনভাবে অনুভব করে। এতে দেখা যায়, একই জায়গায় দাঁড়িয়ে থেকেও প্রত্যেকে ভিন্ন ভিন্ন গন্ধ অনুভব করেন এবং তাঁদের বর্ণনাও হয় আলাদা। কেউ একটি গন্ধকে ‘বসন্তের উষ্ণতা’ বলেন, আবার কেউ সেটিকে ‘স্বপ্ন ভাঙার গন্ধ’ হিসেবে অনুভব করেন।

এই অভিজ্ঞতা আমাদের শেখায়—আমরা কেবল চোখ দিয়ে নয়, নাক দিয়েও পৃথিবীকে নতুন করে আবিষ্কার করতে পারি। কিন্তু আধুনিক জীবনে আমরা সেই অভ্যাস হারিয়ে ফেলেছি। আমরা ফুল দেখি, কিন্তু তার গন্ধ নিই না; আমরা দ্রুত হেঁটে যাই, কিন্তু একটু থেমে অনুভব করি না।

তাই শুরুটা খুব সহজ হতে পারে। আপনার বাসার বারান্দায় একটি টবের গাছ, রাস্তার ধারে একটি ফুল কিংবা ভেজা মাটির গন্ধ—যেকোনো কিছুর সামনে থামুন। গভীরভাবে শ্বাস নিন, অন্তত ৩০ সেকেন্ড সময় দিন। লক্ষ করুন, আপনার শ্বাস কেমন বদলাচ্ছে, কীভাবে ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে মন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এটি কোনো জটিল অনুশীলন নয়। এটি কেবল সচেতন হওয়া, নিজের অনুভূতিকে সময় দেওয়া। আর এই ছোট অভ্যাস আপনাকে আবারও বাস্তব পৃথিবীর সঙ্গে যুক্ত করতে পারে, যেখানে ডিজিটাল স্ক্রিনের বাইরে জীবনের আসল গন্ধ লুকিয়ে আছে।

হয়তো একটি ফুলের সামনে থেমে থাকার মুহূর্তটিই হতে পারে আপনার দিনের সবচেয়ে গভীর ও সবচেয়ে মানবিক মুহূর্ত।

টাইম ম্যাগাজিন অবলম্বনে

গরমের আরামে খান রঙিন ফল দিয়ে দই-চিড়া

আজকের রাশিফল: বন্ধু পকেটে কাঁচি চালাবে, ঘরে লঙ্কাকাণ্ড বাধবে

মাথার ত্বকের চুলকানির ঘরোয়া সমাধান

খাবারের জন্য রক্ত বিক্রি করা এই বিলিয়নিয়ারের জীবনের ৬ শিক্ষা

ভিন্ন স্বাদ পেতে রান্না করুন বাটার চিকেন

ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেশিয়াম

গ্রীষ্মকালীন পোশাকের রঙে থাকুক নতুনত্ব ও সতেজতার ছোঁয়া

আজকের রাশিফল: নতুন কারও সঙ্গে আলাপ হবে, সকালে দাঁত মেজেছেন তো

গরমে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখবে মধু

যে খাবারগুলো মাইক্রোওয়েভ ওভেনে গরম করবেন না