হোম > জীবনধারা > জেনে নিন

আজকের রাশিফল: বানান ভুলে ইমেজ সংকটের শঙ্কা, যত্রতত্র জ্ঞান ঝাড়বেন না

আজকের পত্রিকা ডেস্ক­

মেষ

আজ আপনার উদ্যম থাকবে তুঙ্গে। এতটাই যে সাধারণ চা বানাতে গিয়ে উত্তেজনায় কফি, এমনকি তাতে ভুল করে লবণও মিশিয়ে ফেলতে পারেন। অফিসে বস আপনাকে কাজের পাহাড় দেবে, কিন্তু সেই পাহাড় ডিঙিয়ে মনে মনে এভারেস্ট জয়ের প্ল্যান করবেন। সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না। কারণ, আজ আপনার লজিক ‘আইনস্টাইন’কেও হার মানাতে পারে (অন্তত আপনার নিজের মতে)। রাস্তায় হাঁটার সময় ফোনের নীল আলোর মায়ায় পড়ে সামনের দিকে তাকাতে ভুলবেন না। না হলে কোনো ল্যাম্পপোস্ট বা বৈদ্যুতিক খুঁটি আপনাকে ‘উষ্ণ আলিঙ্গন’ করতে পারে।

বৃষ

আজ আপনার জন্য ‘খাওয়াদাওয়া এবং কুঁড়েমি’—এই দুই নীতিই শ্রেষ্ঠ। বিছানা থেকে উঠতে মনে হবে যেন হিমালয় পর্বত মাথায় নিয়ে হাঁটছেন। পকেট থেকে টাকা বের হতে চাইবে না ঠিকই, কিন্তু অনলাইন শপিং সাইটে ‘৭০% ছাড়’ দেখলে আপনার বিবেক আইসক্রিমের মতো গলে জল হয়ে যাবে। বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডায় গেলে ‘মানিব্যাগটা বাড়িতে ভুলে ফেলে এসে’’—এই ক্ল্যাসিক অভিনয়টি করতে পারেন। এতে অন্যের পকেটে বিরিয়ানি খাওয়ার যোগ প্রবল।

মিথুন

এক মাথায় দুই বুদ্ধি নিয়ে আজ বিশ্ব জয় করতে চাইবেন। সকালে মনে হবে জিম করে বডি বানাবেন, দুপুরে মনে হবে ‘ভাতের চেয়ে পুষ্টিকর আর কিছু নেই’, আর রাতে গভীর চিন্তার পর বিরিয়ানির অর্ডার দেবেন। হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার সময় বানান ভুল হতে পারে, যা আপনার ইমেজে একটু স্ক্র্যাচ ফেলবে। আজ কাউকে ধার দেবেন না। দিলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আর ডাইনোসরের পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা—দুটোই সমান।

কর্কট

আজ আপনি একটু বেশিই সেন্টিমেন্টাল। ইউটিউবে কোনো বিড়ালের বাচ্চার ভিডিও দেখেও ডুকরে কাঁদতে ইচ্ছে করতে পারে। বাড়ির লোক আপনার শুকনো মুখ দেখে ভাববে জ্বর হয়েছে, আসলে আপনি শুধুই ‘বিছানাবিলাসী’। সঙ্গীকে আজ ‘আকাশ থেকে চাঁদ এনে দেব’—এ রকম ক্লিশে ডায়ালগ না দিয়ে এক কাপ কড়া চা বানিয়ে দিন। চাঁদ দেখার চেয়ে চা খাওয়া অনেক বেশি লাভজনক। আজ ফ্রিজে রাখা বাসি মিষ্টি আপনার চোখে অমৃত মনে হবে।

সিংহ

আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আজ আপনার মনে হবে—‘পৃথিবীটা এত সুন্দর কেন? ওহ, আমি আছি বলেই তো!’ অফিসে সবাই আপনার প্রশংসা করবে, তবে সাবধান! সেটা আপনার কাজ করানোর জন্য কোনো ‘মিষ্টি ফাঁদ’ হতে পারে। আজ আপনি যা বলবেন তা-ই ‘সংবিধান’। তবে মনে রাখবেন, এই সংবিধানের কার্যকারিতা শুধু আপনার বাথরুমের আয়না বা নিজের বেডরুমের দেয়াল পর্যন্তই সীমাবদ্ধ। সেলফি তোলার সময় বেশি ফিল্টার দেবেন না, লোকে আপনাকে চিনতে না পারলে, সেটা আপনার জন্যই লজ্জার হবে।

কন্যা

আজ আপনার ভেতর শার্লক হোমস জেগে উঠবে। অন্যের চায়ের কাপে চিনির দানা কটা বা কার জামায় কতটুকু ধুলা লেগেছে—এসব নিখুঁতভাবে বের করা হবে আপনার প্রধান কাজ। অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের জন্য লোকে আপনাকে ‘মহাজ্ঞানী’র চেয়ে ‘মুশকিল আসান’ কম, বরং ‘ঝামেলার গোড়া’ বেশি ভাবতে পারে। ঘরের কোণে জমে থাকা ধুলার চেয়ে নিজের মনের জমানো আনন্দগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।

তুলা

ব্যালেন্স বজায় রাখতে গিয়ে আজ হিমশিম খাবেন। একদিকে জিমের মেম্বারশিপ, অন্যদিকে পাশের বাড়ির ভাজাপোড়া—এই দোটানায় আপনার দিন কাটবে। ইনস্টাগ্রামে বা ফেসবুকে আপনার ছবির নিচে লাইক কম পড়লে ‘ডিপ্রেশনে’ যাবেন না। মনে রাখবেন, মার্ক জাকারবার্গ আপনার রাশিফল জানেন না।

বৃশ্চিক

আপনার রহস্যময় গম্ভীর চাহনি আজ তুঙ্গে। লোকে ভাববে নিশ্চয়ই নতুন কোনো বড় ষড়যন্ত্র বা প্রজেক্ট নিয়ে ভাবছেন, আসলে হয়তো ভাবছেন রাতে বা সেহরিতে আজ ডালভাত নাকি মাংস হবে। কেউ আপনার গোপন কথা জানতে চাইলে সরাসরি ‘না’ বলে দিন। রাগের মাথায় ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট পাল্টাবেন না। পরে নিজেকেই হ্যাকারের মতো ফোনের দোকানে গিয়ে বসে থাকতে হতে পারে।

ধনু

আজ আপনার ‘যাযাবর মন’ ডানা মেলবে। অফিসের কিউবিকলে বসে আপনার মনে হবে আপনি সুইজারল্যান্ডের পাহাড়ে স্কি করছেন। খরচ করার হাত আজ একটু বেশিই খোলা, ক্রেডিট কার্ডের সীমা যেন আকাশ না ছোঁয়, সেদিকে খেয়াল রাখুন। লটারি জেতার স্বপ্ন দেখা খুব ভালো বিষয়, কিন্তু স্বপ্ন দেখতে গিয়ে বাসের স্টপেজ মিস করবেন না যেন।

মকর

আজ আপনার গম্ভীর মুখচ্ছবি দেখে লোকে মনে করতে পারে আপনি কোনো দেশের অর্থমন্ত্রী বা নাসার বিজ্ঞানী। কাজের চাপে পিষ্ট হতে পারেন, কিন্তু আপনি যেহেতু ‘ইস্পাত’ দিয়ে তৈরি, তাই শেষ পর্যন্ত টিকে থাকবেন। বাড়ির ছোটরা আজ আপনার গম্ভীর চেহারা দেখে ভয় পেয়ে পড়াশোনায় মন দিতে পারে—এটি একটি বড় ইতিবাচক দিক! আজ একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন, স্বপ্নগুলো অন্তত করমুক্ত এবং সম্পূর্ণ বিনা মূল্যে দেখা যায়।

কুম্ভ

আজ আপনি মহাকাশ ও এলিয়েন নিয়ে চিন্তায় বিভোর। আইফোন না কি অ্যান্ড্রয়েড—এই আদিম তর্কে লজিকের খনি খুলে দেবেন। বন্ধুরা আপনাকে ‘দার্শনিক’ ভাবলেও আসলে আপনার জ্ঞানের উৎস হলো গুগল সার্চের তিন নম্বর পেজ। ইন্টারনেটের স্পিড আজ আপনাকে ঠিক সেই সময়ে ধোঁকা দেবে, যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ পেমেন্ট বা ভিডিও কল করতে যাবেন। ধৈর্য ধরুন!

মীন

আজ আপনার কল্পনার জগৎ হলিউড মুভির চেয়েও রঙিন। স্বপ্নে হয়তো অস্কার পাচ্ছেন বা সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহর খুঁজে পাচ্ছেন। তবে বাস্তব জীবনে অন্তত একবার নিজের ঘরের এলোমেলো কাপড়গুলো গুছিয়ে রাখার চেষ্টা করুন। অপরিচিত কারও কথায় প্রভাবিত হয়ে শেয়ারবাজারে বা ক্রিপ্টোতে টাকা ঢালবেন না। তাতে আপনার ‘শেয়ার’ শুধুই ‘শূন্য’তে পরিণত হতে পারে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে ৫ মিনিট একা একা হাসুন, লোকে পাগল ভাবলে ভাবুক, মনটা ভালো থাকবে।

ইফতারের পর গাজরের জুস কেন পান করবেন

ঈদের জন্য সহজ কিছু মেকআপ লুক

ত্বক সতেজ রাখতে রমজানজুড়ে যা খাবেন

ইফতারিতে নতুনত্ব আনতে তৈরি করুন অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচ

রমজান থেকেই গড়ে তুলুন দারুণ কিছু অভ্যাস

ইফতারের পর কোন চা পান করবেন

গরমে কুল লুক দেবে ‘নেকড়ে’ হেয়ার কাট

আজকের রাশিফল: বাইরের অশান্তি বাড়িতে আনবেন না, রাগ ও লোভ সামলান

ইফতারে রাখুন নতুন ৩ খাবার, জেনে নিন রেসিপি

নিউইয়র্কে চাকরি আর সংসার হারিয়ে এশিয়ায় ভ্রমণ বদলে দিল মেইসির জীবন