হোম > জীবনধারা > যত্নআত্তি

এ সময় শখের পাঞ্জাবির যত্নআত্তি

ফিচার ডেস্ক, ঢাকা 

রমজানে পরার জন্য পুরুষের অন্যতম পছন্দের পোশাক পাঞ্জাবি। ছবি সৌজন্য: কে ক্র‍্যাফট

যেকোনো অনুষ্ঠান বা উৎসবে পাঞ্জাবি অদ্বিতীয় পোশাক। রমজানে পরার জন্য পুরুষের অন্যতম পছন্দের পোশাকও এটি। পাঞ্জাবি ছাড়া অনেকে এখন বাইরে বের হওয়ার কথা ভাবতেই পারেন না। তবে যথাযথ যত্নের অভাব কিংবা ভুল পদক্ষেপের কারণে পাঞ্জাবির সৌন্দর্য ম্লান হওয়ার ঝুঁকি থেকে যায়। কীভাবে পাঞ্জাবির যত্ন নেবেন, জেনে নিন।

বিভিন্ন মানসম্মত ব্র্যান্ডের পাঞ্জাবির ঘাড়ের দিকে একধরনের স্টিকার থাকে। পাঞ্জাবি ধোয়ার আগে সেই স্টিকার দেখে নিন। স্টিকারে পাঞ্জাবির কাপড়সংক্রান্ত তথ্য ও কীভাবে নিরাপদে পরিষ্কার করা যাবে, সে ব্যাপারে ছবি বা লেখা সহযোগে ইঙ্গিত দেওয়া থাকে। পাঞ্জাবি ধোয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকলে হাত দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। ওয়াশিং মেশিনের চেয়ে হাত দিয়ে ধোয়া বেশি কার্যকর ও নিরাপদ। শরিফুল হুদা বিপ্লব, ডিজাইনার, কে ক্র‍্যাফট

বারবার ধোবেন না

পাঞ্জাবি যত ধোয়া হবে, এর কাপড় তত মলিন হবে। এর ঝকমকে ও অভিজাত লুক মিইয়ে যাবে। তাই ঘন ঘন পাঞ্জাবি ধোয়া থেকে বিরত থাকতে হবে। এর গায়ে কোনো দাগ পড়লে নির্দিষ্টভাবে সেই দাগ দূরের চেষ্টা করতে হবে। তেলযুক্ত খাবার বা ময়লার কারণে দাগ পড়লে সেটা পরিষ্কার করার জন্য ১ চা-চামচ ডিশওয়াশিং ডিটারজেন্টের সঙ্গে ১ কাপ ঠান্ডা পানি মিশিয়ে, তাতে কটন বাড ডুবিয়ে নিয়ে সেটা দিয়ে ধীরে ধীরে দাগ পরিষ্কার করা যাবে। এতে কাজ না হলে একটি সাদা কাপড় বা পেপার টাওয়েল দিয়ে দাগ তোলার চেষ্টা করতে হবে।

ধোয়ার সময় ঠান্ডা পানি ব্যবহার

ভালোভাবে পরিষ্কারের জন্য গরম পানিতে পাঞ্জাবি ধুলে রং চলে যাওয়ার আশঙ্কা বেশি। তাই ঠান্ডা পানিতে এটি ধুতে হবে। ব্যবহার করতে হবে কাপড় উপযোগী সাবান।

কিছু পাঞ্জাবি ড্রাই ওয়াশ উপযোগী

বিভিন্ন পাঞ্জাবির বুকে, পিঠে ও কবজির অংশে পুঁতি, চকমকি ইত্যাদি দিয়ে কারুকাজ করা থাকে। এ ধরনের পাঞ্জাবি সাধারণভাবে না ধুয়ে ড্রাইওয়াশ করতে হবে। সাধারণ প্রক্রিয়ায় ধুলে এর কাপড় থেকে পুঁতি, চকমকি ইত্যাদি ঝরে বা খুলে যেতে পারে। উল্লেখ্য, ড্রাই-ক্লিন করতে চাইলে এয়ার-ড্রাই করার চেষ্টা করবেন। হট-ড্রাই করতে গেলে পাঞ্জাবির কাপড়ে থাকা পুঁতি, চকমকির আঠা আলগা হয়ে খুলে আসতে পারে।

বোতাম ভালো রাখতে

পাঞ্জাবিতে ধাতব বোতাম বা ধাতব কোনো অলংকরণ থাকলে সেই পাঞ্জাবি ধোয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে। সাবান বা ওয়াশিং পাউডারের সঙ্গে পাঞ্জাবিতে থাকা ধাতব জিনিস অনাকাঙ্ক্ষিতভাবে বিক্রিয়া করতে পারে। এতে পাঞ্জাবিতে দাগ লেগে যেতে পারে, ধাতব অলংকার বা বোতামটির সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে বা এগুলো ক্ষয়ে যেতে পারে অথবা মরিচা পড়তে পারে। এ ক্ষেত্রে সম্ভব হলে পাঞ্জাবি থেকে ধাতব বস্তুগুলো খুলে নিয়ে ধোয়া যেতে পারে। এ ছাড়া ওয়াশিং মেশিনে পাঞ্জাবি ধোয়ার সময় সেগুলো ছিটকে গিয়ে যান্ত্রিক ত্রুটি তৈরি করতে পারে। তাই ধোয়ার আগেই ধাতব বস্তুগুলো খুলে নিতে হবে।

পরার আগে ইস্তিরি করতেই হবে

পাঞ্জাবি পরার আগে অবশ্যই ইস্তিরি করে নেবেন। দোমড়ানো-কুঁচকানো পাঞ্জাবি আপনার সৌন্দর্যহানি ঘটাতে পারে। তবে পাঞ্জাবির কাপড়ের নিরাপত্তার স্বার্থে কম তাপমাত্রা সেট করে ইস্তিরি করা ভালো। চাইলে ক্লথ-স্টিমারও ব্যবহার করতে পারেন।

রঙের বিষয়ে সতর্কতা

পাঞ্জাবির সঙ্গে একই বালতিতে বা ওয়াশিং মেশিনে অন্য কী কী কাপড় ধুচ্ছেন, সে ব্যাপারে সতর্ক থাকুন। নইলে অন্য কাপড় থেকে রং উঠে আপনার পছন্দের পাঞ্জাবিতে লেগে সর্বনাশ হয়ে যেতে পারে।

হালকা রোদে শুকান

দুপুরের প্রখর রোদে পাঞ্জাবি শুকোতে দেবেন না। এতে রং জ্বলে যেতে পারে। পাঞ্জাবি ধোয়ার পর সরাসরি প্রখর রোদের নিচে মেলে না দিয়ে বরং হালকা রোদ ও বাতাস আছে এ রকম জায়গায় মেলে দিন।

ঘাম শুকিয়ে নিন

ঘামে ভেজা পাঞ্জাবি ভাঁজ করে রাখবেন না। রাখলে এতে দুর্গন্ধ হবে এবং ঘাম শুকোনোর পর সাদা রঙের দাগ পড়ে যাবে। ঘর্মাক্ত পাঞ্জাবি হ্যাঙ্গারে ঝুলিয়ে বাতাসে শুকিয়ে নিন।

ছবি সৌজন্য: কে ক্র‍্যাফট

ছোলার ডালের বেসনে রূপচর্চা

‘সুতোর গল্প’ ছিল দেশজ পণ্য়ের উৎসব

আজকের রাশিফল: অচেনা নম্বর থেকে সুখবর আসবে, ভাগ্য আজ পকেটে

ইফতারে তুর্কি আমেজ

সৌন্দর্যচর্চায় বেসন

রমজানে কম তেলে ও তেল ছাড়া রান্না করবেন যেভাবে

ঢাকায় ইফতার করা শেষ, রাজশাহীতে শুরুই হয়নি—কেন?

কফিপ্রেমীদের জন্য রমজানের বিশেষ ডেজার্ট

রমজান মাসে কফি পান করুন নিয়ম মেনে

আজকের রাশিফল: খুশির খবর অপেক্ষা করছে, পুরোনো প্রেম ঘরে আগুন লাগাতে পারে