দেশের মধ্য়ে হোক বা বিদেশে:
ভ্রমণের সময় একটি ফার্স্ট এইড কিট সঙ্গে রাখা জরুরি। এই কিটে সাধারণ অসুস্থতা এবং আঘাতের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকা উচিত। এগুলো দোকানে কিনতে পাওয়া যায় অথবা নিজেরাই তৈরি করে নেওয়া যায়।
কিটে যা থাকবে
» জীবাণুনাশক ওয়াইপ: এগুলো বিভিন্ন সরঞ্জাম এবং হাত পরিষ্কার করার জন্য সহায়ক হতে পারে।
» হ্যান্ড স্যানিটাইজার: কমপক্ষে ৬০ শতাংশ অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যাগে রাখা জরুরি। শরীরের কোনো অংশে যদি ক্ষত তৈরি হয়, তাহলে সেটি দিয়ে হাত পরিষ্কার করে তারপর ক্ষতে হাত দিতে হবে।
» ব্যথানাশক: মাথাব্যথা বা মচকানোর ব্যথা উপশমের জন্য প্রয়োজনীয় ব্যথানাশক ওষুধ সঙ্গে রাখুন।
» অ্যালোভেরা জেল: এটি রোদে পোড়া এবং ত্বকের জ্বালাপোড়া রোধের জন্য ভালো।
» অ্যান্টিবায়োটিক মলম: ব্যান্ডেজ লাগানোর আগে অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করার প্রয়োজন পড়ে। তাই এটিও ফার্স্ট এইড ব্যাগে পুরে নিন।
» তরল অ্যান্টিসেপটিক: ছোটখাটো কাটাছেঁড়া থেকে ময়লা এবং জীবাণু পরিষ্কার করার জন্য স্প্রে অথবা ওয়াইপসের মতো অ্যান্টিসেপটিক লিকুইড কাজে দেবে।
» ব্যান্ডেজ: ছোট, মাঝারি এবং বড় আকারের ব্যান্ডেজ সঙ্গে রাখুন।
» গজ: বড় ধরনের আঘাতের জন্য, যেখানে শুধু ব্যান্ডেজ যথেষ্ট নয়, গজ প্যাড এবং এক রোল গজ রাখুন।
» মেডিকেল টেপ: ত্বকের সঙ্গে গজ লাগানোর জন্য আপনার মেডিকেল টেপের প্রয়োজন হবে।
» প্রয়োজনীয় ওষুধ: অ্যান্টাসিড, ডায়রিয়ারোধী ওষুধ, অ্যান্টিহিস্টামিন, সর্দি-কাশি উপশমকারী ওষুধ, কাশি এবং বমি দমনকারী ওষুধ, স্যালাইন, নাজাল স্প্রে ইত্যাদি কিটে রাখুন।
সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক