স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিনটি পদের এমসিকিউ টাইপ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো মেডিকেল অফিসার (গ্রেড-১), সহকারী রেজিস্ট্রার (গ্রেড-৯) এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসার (গ্রেড-৯)। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
২০২৫ সালের ২০ নভেম্বর তিনটি পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
লিখিত পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয়-৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের উল্লেখযোগ্য গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।