বিজেএসের দীর্ঘ প্রস্তুতিতে প্রিলিমিনারি পরীক্ষাই প্রথম বড় বাধা। সীমিত সময়ে ১০০টি প্রশ্নের উত্তর দেওয়া, বিষয়ভিত্তিক প্রস্তুতির অগ্রাধিকার নির্ধারণ এবং নেতিবাচক নম্বর এড়িয়ে উত্তীর্ণ হতে প্রয়োজন সুনির্দিষ্ট কৌশল। ১৮তম বিজেএসে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত মো. আব্দুল্লাহ আল মামুন নিজের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার কার্যকর কৌশল। গ্রন্থনা করেছেন শাহ বিলিয়া জুলফিকার।
বিজেএস প্রিলিমিনারি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর দিতে সময় পাওয়া যায় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১। মোট নম্বরের ৫০ শতাংশ অর্থাৎ ৫০ নম্বর পেলেই প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাওয়া যায়। উল্লেখ্য, প্রিলিমিনারির নম্বর লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের সঙ্গে যুক্ত হয় না। চূড়ান্ত মেধাতালিকা তৈরিতেও এ নম্বর বিবেচিত হয় না। তাই এ ধাপে মূল লক্ষ্য হওয়া উচিত নিরাপদে উত্তীর্ণ হওয়ার জন্য অন্তত ৫০ নম্বর নিশ্চিত করা।
প্রস্তুতির শুরুতেই পড়ার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। ফ্যামিলি ল, সংবিধান ও ঐচ্ছিক অংশে বেশি মনোযোগ দেওয়া উচিত। ফ্যামিলি ল থেকে ১০টি, সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট থেকে ১০টি এবং ঐচ্ছিক অংশ থেকে ১০টি প্রশ্ন থাকে। তবে ঐচ্ছিক অংশের ক্ষেত্রে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত দুটি বিষয়ের যেকোনো একটির ৫টি প্রশ্ন পড়তে হবে।
এই তিন বিষয় থেকে মোট ২৫টি প্রশ্নের মধ্যে ২১-২৩টি সঠিক করার লক্ষ্য রাখা যেতে পারে। কারণ, এসব বিষয়ের সিলেবাস তুলনামূলক ছোট। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণেও দেখা যায়, এসব অংশ থেকে অপেক্ষাকৃত সহজ প্রশ্ন আসে। ভালো প্রস্তুতি থাকলে এখান থেকে উল্লেখযোগ্য নম্বর তোলা সম্ভব।
প্রিলিমিনারির সাধারণ অংশে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞান থেকে মোট ৪০টি প্রশ্ন থাকে। এ অংশ থেকে ১৫-২০ নম্বর তোলার লক্ষ্য রাখা যেতে পারে। তবে আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য এ অংশ কিছুটা চ্যালেঞ্জিং। আইন বিষয়ে দীর্ঘ সময় পড়াশোনার কারণে অনেকেই সাধারণ জ্ঞানের অন্যান্য শাখায় তুলনামূলক কম সময় দেন। এ অংশের সিলেবাসও বিস্তৃত এবং প্রশ্নের ধরন অনেক সময় কঠিন হয়। তাই সব বিষয়ে সমান দক্ষতা অর্জনের চেষ্টা না করে নিজের শক্তিশালী জায়গাগুলো চিহ্নিত করে প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ।
সিভিল, ক্রিমিনাল ও প্রোপার্টি ল অংশে মোট ৩০টি প্রশ্ন থাকে। এ অংশ থেকে অন্তত ১৫ নম্বর তোলার লক্ষ্য রাখা উচিত। তিনটি বিষয়ের সিলেবাস তুলনামূলক বড়। সব বিধান, ধারা ও ব্যতিক্রম মনে রাখা কঠিন। এসব অংশ থেকে অনেক সময় জটিল ও বিশ্লেষণধর্মী প্রশ্নও আসে। তাই পুরো সিলেবাস আয়ত্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ আইন, বহুল আলোচিত ধারা, ব্যতিক্রম এবং বিগত বছরের প্রশ্নে মনোযোগ দিতে হবে।
সব মিলিয়ে ফ্যামিলি ল, সংবিধান ও ঐচ্ছিক অংশ থেকে ২১-২৩, সাধারণ অংশ থেকে ১৫-২০ এবং সিভিল, ক্রিমিনাল ও প্রোপার্টি ল থেকে অন্তত ১৫ নম্বর তুলতে পারলে মোট নম্বর দাঁড়াবে ৫১-৫৮। তবে নিরাপদ অবস্থানে থাকতে পরীক্ষায় ৫৫ নম্বর পাওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া যেতে পারে।
১৯তম বিজেএস পরীক্ষায় প্রশ্নের ধারাবাহিকতা না মেনে এলোমেলোভাবে প্রশ্ন আসায় অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে, ২০তম বিজেএসেও এমন হলে বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল কতটা কার্যকর হবে। এ বিষয়ে মামুনের পরামর্শ, প্রশ্নের বিন্যাস পরিবর্তিত হলেও প্রস্তুতির অগ্রাধিকার পরিবর্তনের প্রয়োজন নেই। কারণ, এ কৌশলের উদ্দেশ্য প্রশ্নের ক্রম অনুসরণ করা নয়; বরং কোন বিষয়ে কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, তা নির্ধারণ করা। প্রশ্ন যেভাবেই সাজানো হোক, নির্ধারিত বিষয়গুলোতে ভালো প্রস্তুতি থাকলে কাঙ্ক্ষিত নম্বর পাওয়া সম্ভব।
পরীক্ষার হলে চারটি বিকল্পের মধ্যে সরাসরি উত্তর খোঁজার পরিবর্তে প্রথমে কোন বিকল্পটি সঠিক হতে পারে না, তা চিহ্নিত করার চেষ্টা করতে হবে। ভুল বিকল্প বাদ দিয়ে সঠিক উত্তরে পৌঁছানোর কৌশল কার্যকর হতে পারে।
৬০ মিনিটে ১০০টি প্রশ্নের উত্তর দিতে সময়ের যথাযথ ব্যবহার জরুরি। প্রথম ৩৫-৪০ মিনিটের মধ্যে সব প্রশ্ন একবার পড়ে যেগুলোর উত্তর শতভাগ নিশ্চিত, সেগুলোর বৃত্ত ভরাট করে রাখতে হবে। এরপর নিশ্চিত উত্তরের সংখ্যা হিসাব করতে হবে। ৫০টির বেশি উত্তর নিশ্চিত হলে অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়াই ভালো। ৫০টি পূর্ণ না হলে অবশিষ্ট সময়ে অপেক্ষাকৃত সহজ প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করতে হবে।
শেষ মুহূর্তেও প্রয়োজনীয় নম্বর নিশ্চিত না হলে সম্ভাব্য উত্তর বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তবে অতিরিক্ত অনুমাননির্ভর উত্তর দেওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ, নেতিবাচক নম্বরের কারণে নিশ্চিতভাবে পাওয়া নম্বরও কমে যেতে পারে।