পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের উপকণ্ঠে অবস্থিত এক অনন্য স্থাপনা ‘কোরআন মহল’। এখানে সংরক্ষিত রয়েছে এক লাখের বেশি নতুন-পুরোনো কোরআন শরিফের কপি। পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সংরক্ষণের এক বিরল দৃষ্টান্ত দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা।
কোরআন মহলের দেখভালের দায়িত্বে রয়েছেন কালিমুল্লাহ। গণমাধ্যমকে তিনি জানান, বহু বছর আগে তাঁর বাবা কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে দীর্ঘ ১০ বছরের পরিশ্রমে হাতে লিখে একটি পূর্ণাঙ্গ কোরআন শরিফ তৈরি করেছিলেন। সেই কোরআন শরিফের সংরক্ষণের দায়িত্ব এখন পালন করছেন তিনি।
কালিমুল্লাহ বলেন, ‘আমার বাবা বহু বছর আগে কোরআন শরিফ লিখেছিলেন। এখন আমি এখানে সেটির সংরক্ষণ ও দেখাশোনা করছি।’
কালিমুল্লাহ জানান, তাঁর বাবা যখন হাতে কোরআন শরিফ লেখার সিদ্ধান্ত নেন, তখন প্রয়োজনীয় উপকরণ ও সুযোগ-সুবিধা খুব একটা ছিল না। তবু কাজটি সম্পন্ন করতে তিনি বিশেষভাবে বেলজিয়াম থেকে কাগজ আনান। কিন্তু সেই কাগজের আকার ছিল ছোট। তাই চারটি কাগজ জোড়া দিয়ে একটি বড় পৃষ্ঠা তৈরি করা হয়। এরপর সেই পৃষ্ঠায় শুরু হয় পবিত্র কোরআন লিপিবদ্ধ করার কাজ।
দীর্ঘ এই কর্মযজ্ঞে তাঁর বাবার কয়েকজন বন্ধুও সহযোগিতা করেছিলেন। কালিমুল্লাহ আরও জানান, জাফরান, মৃগনাভি, জমজমের পানি ও গোলাপজল মিশিয়ে বিশেষ কালি তৈরি করা হয়েছিল। সেই কালি দিয়েই হাতে লেখা হয়েছিল পবিত্র কোরআন।
কোরআন মহলে বর্তমানে এক লাখের বেশি কোরআন শরিফের কপি রয়েছে। এর মধ্যে রয়েছে নতুন ও পুরোনো নানা কপি। তবে এই স্থাপনার কাজ শুধু কোরআন শরিফ জমা করে রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়। যেসব কোরআন শরিফের পৃষ্ঠা ছিঁড়ে গেছে কিংবা অতিরিক্ত ব্যবহারে জীর্ণ হয়ে পড়েছে, সেগুলোও যত্নের সঙ্গে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।
কালিমুল্লাহ জানান, অনেক মানুষ ছেঁড়া বা জীর্ণ কোরআন শরিফকে ব্যবহারের অনুপযোগী মনে করে পানিতে ভাসিয়ে দেন কিংবা মাটিতে দাফন করেন। কোরআন মহলে সেসব কোরআনের কপি সংগ্রহ করে নতুন করে বাঁধাই করা হয়। এরপর সেগুলো যথাসম্ভব ভালো অবস্থায় সংরক্ষণ করা হয়।
কালিমুল্লাহর ভাষ্যমতে, দূর-দূরান্ত থেকে বহু মানুষ কোরআন মহল দেখতে আসেন। পবিত্র কোরআনের এত বিপুল সংগ্রহ এক জায়গায় দেখে তাঁরা মুগ্ধ হন।
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে কোরআন মহল দেখতে এসেছিলেন এক দর্শনার্থী। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এখানে পৌঁছানোর পর মন একধরনের প্রশান্তিতে ভরে যায়। দুনিয়াবি নানা দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তি পাওয়া যায়। জায়গাটিতে এলে মনে এক গভীর শান্তি অনুভূত হয়।
গুজরানওয়ালার আরেক বাসিন্দা নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘এখানে কোরআন মহল রয়েছে, বিষয়টি জানার পর দুই দিন আগেই আমি দেখতে এসেছি। এখানে এসে মানসিক ও আত্মিক প্রশান্তি অনুভব করেছি। আমি সবাইকে বলব, দুনিয়াবি ব্যস্ততা কিছুক্ষণের জন্য পাশে রেখে এখানে আসুন। পবিত্র কোরআনের এই সংগ্রহ দেখুন এবং প্রশান্তি অনুভব করুন।’
পবিত্র কোরআনের পাণ্ডুলিপি ও জীর্ণ কপিগুলো যত্নের সঙ্গে সংরক্ষণ করাও যে ভালোবাসারই প্রকাশ, গুজরানওয়ালার কোরআন মহল যেন তারই এক অনন্য উদাহরণ।
ইনডিপেনডেন্ট উর্দু অবলম্বনে