হোম > ইসলাম

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ইসলাম ডেস্ক 

পুরস্কার গ্রহণ করছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। ছবি : সংগৃহীত

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন শাখায় বাংলাদেশের তিন প্রতিযোগী পুরস্কার অর্জন করেছেন।

প্রতিযোগিতায় পুরুষদের তৃতীয় শাখায়, পূর্ণ কোরআন হিফজ ও তাজবিদ বিভাগে, বাংলাদেশের শায়খ মুহাম্মদ মাহমুদ আল-হাসান তৃতীয় স্থান অর্জন করেন। এ জন্য তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল।

পুরুষদের চতুর্থ শাখায়, পরপর ১৫ পারা হিফজ বিভাগে, বাংলাদেশের মুহাম্মদ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর পুরস্কারের অর্থ ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল।

এদিকে নারীদের তৃতীয় শাখায়, পূর্ণ কোরআন হিফজ ও তাজবিদ বিভাগে, বাংলাদেশের মুসফিরা বিনতে মাহমুদ তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল।

এবারের প্রতিযোগিতায় পুরুষ ও নারী, উভয় বিভাগে পাঁচটি করে শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পুরুষদের প্রথম শাখায় সৌদি আরবের আবদুর রহমান বিন মুখতার বিন আহমদ মুহাম্মদ এবং নারীদের প্রথম শাখায় আলজেরিয়ার জুমানা শুরাইতিয়াহ প্রথম স্থান অর্জন করেন। উভয় বিজয়ী পেয়েছেন পাঁচ লাখ সৌদি রিয়াল করে।

৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আগস্ট থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত মক্কার পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত হয়। বিশ্বের ১৩৩টি দেশ থেকে ৩৩৪ জন প্রতিযোগী এতে অংশ নেন।

এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থ ১ কোটি ২৬ হাজার সৌদি রিয়াল, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। প্রতিযোগিতায় কোরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ, তাফসিরসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীরা অংশ নেন।

বাংলাদেশের তিন প্রতিযোগীর এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের কোরআন শিক্ষার ঐতিহ্য ও হিফজ বিভাগের শিক্ষার্থীদের দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।