হোম > ইসলাম

মাগরিবের নামাজ কত রাকাত, নিয়ত ও পড়ার নিয়ম কী?

ইসলাম ডেস্ক 

নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মের মূল ভিত্তি ও পঞ্চ স্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ হলো নামাজ। কালিমার মাধ্যমে ইমান আনয়নের পর একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ। সঠিক নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক বা ফরজ। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে চতুর্থটি হলো মাগরিবের নামাজ।

মাগরিবের সময় ও রাকাত সংখ্যা

সূর্যাস্তের পরপরই মাগরিবের সময় শুরু হয়। তবে মাগরিবের ওয়াক্ত বেশ অল্প সময় স্থায়ী থাকে, তাই সূর্যাস্তের পর বিলম্ব না করে দ্রুত এই নামাজ আদায় করা উত্তম।

ফরজ ও সুন্নত মিলিয়ে মাগরিবের নামাজ মোট পাঁচ রাকাত। তবে চাইলে এর সঙ্গে আরও দুই রাকাত নফল আদায় করা যায়।

  1. ফরজ: ৩ রাকাত
  2. সুন্নতে মুআক্কাদা: ২ রাকাত
  3. নফল: ২ রাকাত

সুন্নতে মুআক্কাদা ও নফল কী?

ফরজ নামাজের পর যে সুন্নত আদায় করা হয়, তাকে ‘সুন্নতে মুআক্কাদা’ বা সুদৃঢ়ভাবে নির্দেশিত সুন্নত বলা হয়। এটি বিনা কারণে ত্যাগ না করাই ভালো। আর ‘নফল’ শব্দের অর্থ অতিরিক্ত। মূল নামাজের পর নফল নামাজ আদায় অত্যন্ত সওয়াবের কাজ।

মাগরিবের বিভিন্ন রাকাতের নিয়ত

১. মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজের নিয়ত:

আরবি: نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَالَى ثَلَثَ رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ فَرْضُ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ

বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উসালিয়া-লিল্লাহি তা’আলা সালাছা রাকাআতি সালাতিল মাগরিবে ফারদুল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার।

বাংলা অর্থ: আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। (উক্ত নিয়ত পড়ে জামাতের সঙ্গেও শরিক হওয়া যায়)।

২. মাগরিবের ২ রাকাত সুন্নত নামাজের নিয়ত:

আরবি: نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَالَى رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ

বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উসালিয়া-লিল্লাহি তা’আলা রাকাআতি সালাতিল মাগরিবে সুন্নাতু রাসুলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার।

বাংলা অর্থ: মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

৩. মাগরিবের ২ রাকাত নফল নামাজের নিয়ত:

আরবি: نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَالَى رَكْعَتِ صَلَوةِ النَّفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ

বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উসালিয়া-লিল্লাহি তা’আলা রাকাআতি সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার।

বাংলা অর্থ: মাগরিবের দুই রাকাত নফল নামাজ আদায় করার উদ্দেশে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

৩ রাকাত ফরজ নামাজ আদায়ের ধাপে ধাপে নিয়ম

১. তাহরিমা ও সানা: অজু করে কেবলামুখী হয়ে দাঁড়ানোর পর নিয়ত করে ‘আল্লাহু আকবার’ বলে দুই হাত কাঁধ বরাবর উঠিয়ে বুকে বাঁধতে হবে। এরপর সানা পাঠ করতে হবে:

‘সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়াতা বারাকাসমুকা ওয়াতায়ালা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুক।’

২. প্রথম রাকাত: সানা শেষে সুরা ফাতিহা পড়ে সঙ্গে অন্য একটি সুরা মেলাতে হবে। এরপর ‘আল্লাহু আকবার’ বলে রুকুতে গিয়ে তিনবার ‘সুবহানা রব্বিয়াল আজিম’ পড়তে হবে। ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলে সোজা হয়ে দাঁড়িয়ে ‘রব্বানা লাকাল হামদ’ বলে সিজদায় যেতে হবে। সিজদায় তিনবার ‘সুবহানা রব্বিয়াল আলা’ বলতে হবে। প্রথম সিজদা থেকে উঠে বসে আবার দ্বিতীয় সিজদা একই তাসবিহসহ সম্পন্ন করতে হবে। এভাবে প্রথম রাকাত শেষ হবে।

৩. দ্বিতীয় রাকাত ও প্রথম বৈঠক: প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাতেও সুরা ফাতিহার সঙ্গে অন্য সুরা মিলিয়ে রুকু ও দুটি সিজদা শেষ করে বসতে হবে। এই বৈঠকে তাশাহুদ পাঠ করতে হবে:

‘আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াজ সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতি আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।’

৪. তৃতীয় রাকাত ও শেষ বৈঠক: তাশাহুদ শেষে আবার উঠে দাঁড়িয়ে তৃতীয় রাকাত শুরু করতে হবে। তবে মনে রাখতে হবে, ফরজের তৃতীয় রাকাতে শুধু সুরা ফাতিহা পড়তে হবে, অন্য কোনো সুরা মেলানো যাবে না। রুকু ও সিজদা আগের নিয়মে শেষ করে শেষ বৈঠকে বসতে হবে। শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরিফ এবং দোয়া মাসুরা পাঠ করে ডানে ও বাঁয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

দরুদ শরিফ

‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।’

দোয়া মাসুরা: ‘আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাসিরাও ওয়া লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আন্তা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনি, ইন্নাকা আন্তাল গাফুরুর রাহিম।’

২ রাকাত সুন্নত ও নফল নামাজ পড়ার নিয়ম

  • সুন্নত ও নফল নামাজ আদায়ের নিয়ম প্রায় একই।
  • দুই রাকাতের নিয়ত করার পর হাত বেঁধে সানা, সুরা ফাতিহা এবং সঙ্গে অন্য একটি সুরা মেলাতে হবে।
  • রুকু ও সিজদা সম্পন্ন করে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতেও সুরা ফাতিহা ও অন্য একটি সুরা মেলাতে হবে (সুন্নত ও নফলে প্রতি রাকাতেই সুরা মিলাতে হয়)।
  • দ্বিতীয় রাকাতের সিজদা শেষে শেষ বৈঠকে বসে তাশাহুদ, দরুদ শরিফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হবে।