হোম > ইসলাম

অজু আছে কি না সন্দেহ হলে যা করবেন

ইসলাম ডেস্ক

ছবি: সংগৃহীত

নামাজ আদায়ের অন্যতম মৌলিক শর্ত হলো পবিত্রতা অর্জন বা অজু। অজু ছাড়া কোনোভাবেই নামাজ আদায় করা যায় না। অজু করার পর কিংবা বিশেষ করে নামাজের ভেতরে যদি মনে নানা ধরনের সন্দেহ তৈরি হয়; যেমন অজু কি ভেঙে গেছে? এই পরিস্থিতিতে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এ বিষয়ে ইসলামি শরিয়ত অত্যন্ত সুস্পষ্ট ও সহজবোধ্য নির্দেশনা দিয়েছে।

সন্দেহের কারণে অজু ভাঙে না

ইসলামি ফিকহের একটি সুপরিচিত ও সর্বজনস্বীকৃত মূলনীতি হলো—‘নিশ্চিত বিষয় কখনো সন্দেহ দ্বারা দূর হয় না।’ অর্থাৎ, অজু ভঙ্গের কোনো কারণ ঘটেছে বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত পূর্বের অজু সম্পূর্ণ বহাল হিসেবে গণ্য হবে। শুধু মনের অনুমান বা নিছক সন্দেহের কারণে অজু নষ্ট হয় না।

এ বিষয়ে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সাহাবিদের উদ্দেশে তিনি ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে পেটে বা মলদ্বারে কোনো নড়াচড়া অনুভব করে এবং তার মনে বায়ু বের হওয়ার সন্দেহ জাগে, তবে সে যেন নামাজ না ছাড়ে; যতক্ষণ না সে এর আওয়াজ শোনে অথবা গন্ধ পায়। (সহিহ বুখারি: ১৩৭)

এর অর্থ হলো, অজু করার পর কারও মনে যদি শুধু বায়ু নির্গমনের ধারণা বা ওয়াসাওয়া আসে, তবে তা ধর্তব্য নয়। যতক্ষণ না দুর্গন্ধ পাওয়া বা শব্দ শোনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে, ততক্ষণ আগের পবিত্রতা নিয়ে তিনি নামাজ চালিয়ে যেতে পারবেন।

মোটকথা, অজু ভাঙার বিষয়ে অযথা দুশ্চিন্তা বা দ্বিধায় না ভুগে নিশ্চিত বিষয়ের ওপর নির্ভর করা উচিত।