আপনার জিজ্ঞাসা
প্রশ্ন: কিছুদিন পরই কোরবানির ঈদ। কোরবানির জন্য কেমন পশু নির্বাচন করা উচিত? এ বিষয়ে ইসলামের বিধানগুলো বিস্তারিত জানতে চাই।
রফিকুল ইসলাম, ময়মনসিংহ
উত্তর: কোরবানি কবুল হওয়ার জন্য অন্যতম পূর্বশর্ত হলো সঠিক ও নিখুঁত পশু নির্বাচন। সামর্থ্য অনুযায়ী সেরা এবং নিখুঁত পশুটি আল্লাহর নামে উৎসর্গ করাই প্রকৃত মুমিনের পরিচয়। কোরবানি দিতে হবে চতুষ্পদ জন্তু বা ‘বাহিমাতুল আনআম’ দিয়ে। এর বাইরে অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি বৈধ নয়।
কোরবানির পশুর ধরন ও বয়স
কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে ইসলাম পশুর ধরন অনুযায়ী সুনির্দিষ্ট বয়স নির্ধারণ করে দিয়েছে। নিয়ম অনুযায়ী, একটি উটকে কোরবানির উপযোগী হতে হলে তার বয়স কমপক্ষে পূর্ণ পাঁচ বছর হতে হবে। গরু ও মহিষের ক্ষেত্রে এই আবশ্যিক বয়সসীমা হলো পূর্ণ দুই বছর; এর কম হলে তা দিয়ে কোরবানি সহিহ হবে না। অন্যদিকে, ছাগল, ভেড়া ও দুম্বার ক্ষেত্রে বয়স অন্তত এক বছর হওয়া বাধ্যতামূলক। তবে ভেড়া ও দুম্বার ক্ষেত্রে একটি বিশেষ ছাড় রয়েছে—যদি ছয় মাস বয়সী কোনো ভেড়া বা দুম্বা দেখতে এতটাই হৃষ্টপুষ্ট ও বড়সড় হয় যে দূর থেকে দেখলে মনে হয় তার বয়স এক বছর পূর্ণ হয়েছে, তবে তা দিয়েও কোরবানি করা জায়েজ। কিন্তু ছাগলের ক্ষেত্রে অবশ্যই পূর্ণ এক বছর হতে হবে, এর কম হলে কোরবানি বৈধ হবে না।
সাধারণত পশুর নিচের পাটির সামনের দুটি স্থায়ী দাঁত (বড় ও হলদেটে) দেখে বয়স নিশ্চিত হওয়া যায়।
সুস্থ ও নিখুঁত পশু নির্বাচনের শর্তাবলি
কোরবানির পশু হতে হবে সুস্থ এবং সব ধরনের শারীরিক ত্রুটিমুক্ত। হাদিসের আলোকে নিচের চার ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই: ১. যার এক চোখের দৃষ্টিহীনতা স্পষ্ট। ২. যে পশু অতি রুগ্ণ বা অতিশয় দুর্বল। ৩. যে পশু সম্পূর্ণ খোঁড়া (চলার শক্তি নেই)। ৪. যে পশু এতটাই শীর্ণ যে তার হাড়ের মগজ শুকিয়ে গেছে।
এ ছাড়া যদি পশুর লেজ বা কানের অর্ধেকের বেশি অংশ কাটা থাকে, শিং গোড়া থেকে ভেঙে গিয়ে যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে—এমন পশু দিয়েও কোরবানি করা যাবে না।
সুস্থ গরু চেনার ব্যবহারিক উপায়
হাটে কৃত্রিমভাবে মোটাতাজা করা অসুস্থ পশু বর্জন করে সুস্থ পশু বাছাইয়ের কিছু কৌশল: ক. চঞ্চলতা: সুস্থ পশু চঞ্চল হবে, কান খাঁড়া থাকবে এবং কান ও লেজ দিয়ে মশা-মাছি তাড়াবে। খ. খাবার গ্রহণ: পশুর মুখের সামনে খাবার ধরলে জিহ্বা দিয়ে টেনে নেবে এবং জাবর কাটবে। গ. নাকের অবস্থা: সুস্থ গরুর নাকের ওপরটা ঘামযুক্ত বা ভেজা ভেজা থাকবে। শুকনো নাক অসুস্থতার লক্ষণ। ঘ. দেহের গঠন: কুঁজ মোটা ও টানটান হবে। আঙুল দিয়ে শরীরের মাংসে চাপ দিলে যদি গর্ত হয়ে থাকে এবং দ্রুত স্বাভাবিক না হয়, তবে বুঝতে হবে পশুকে রাসায়নিক বা স্টেরয়েড দিয়ে মোটাতাজা করা হয়েছে।
উত্তর দিয়েছেন: মুফতি শাব্বির আহমদ, ইসলামবিষয়ক গবেষক