জীবনে প্রাচুর্যের চেয়ে বরকত অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেউ অল্প আয় ও সীমিত সামর্থ্যেও ধন-সম্পদ ও আমলে ব্যাপক বরকত লাভ করেন, আবার কেউ অনেক কিছু পেয়েও কাঙ্ক্ষিত তৃপ্তি পান না। কোরআন-সুন্নাহর আলোকে জীবনে বরকত আনার ৮টি গুরুত্বপূর্ণ আমল নিচে তুলে ধরা হলো:
১. বেশি বেশি ইস্তিগফার করা: সব সময় ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বিপদ থেকে উত্তরণের পথ দেখান এবং রিজিক ও সন্তানসন্ততিতে বরকত দেন (সুরা নুহ: ১০-১২)
২. আল্লাহর ওপর ভরসা করা: কাজের পাশাপাশি একনিষ্ঠভাবে আল্লাহর ওপর ভরসা রাখলে তিনি ধারণাতীত জায়গা থেকে রিজিক ও কল্যাণ দান করেন।
৩. নামাজ আদায় করা ও পরিবারকে নির্দেশ দেওয়া: নিজে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি পরিবারের সদস্যদেরও নামাজের আদেশ দিলে আল্লাহ রিজিক ও কল্যাণ বৃদ্ধি করেন। (সুরা ত্বাহা: ১৩২)
৪. সকালবেলা কাজ শুরু করা: দিনের শুরুতে কাজ শুরু করলে বরকত পাওয়া যায়, কারণ রাসুলুল্লাহ (সা.) উম্মতের সকালের সময়ে বরকতের
দোয়া করেছেন।
৫. দান করা: সামান্য হলেও নিয়মিত দান করলে বিপদ দূর হয় এবং কাজে বরকত আসে। দান করার মতো কিছু না থাকলে ঘরের একটি বক্সে টাকা জমিয়েও সাদকার অভ্যাস করা যায়।
৬. আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখা: রক্তের সম্পর্কের আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ও খারাপ আচরণ করলেও সুন্দর ব্যবহার করা বরকত লাভের পরীক্ষিত উপায়।
৭. কাজের শুরুতে বিসমিল্লাহ বলা: খাবার, ঘরে প্রবেশ বা যেকোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে শয়তান দূরে থাকে এবং আল্লাহ কাজে বরকত দেন।
৮. কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো: কোরআন তিলাওয়াত, অধ্যয়ন ও সে অনুযায়ী জীবন গড়লে ব্যক্তি ও পরিবারে কল্যাণ ও বরকত নেমে আসে। (সুরা আনআম: ১৫৫) বরকত হলো আল্লাহর বিশেষ নিয়ামত। তাই দৈনন্দিন জীবনে এই আমলগুলো চর্চা করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের চেষ্টা করা উচিত।