পবিত্র কোরআনে এমন ১৪টি বিশেষ আয়াত রয়েছে, যেগুলো পাঠ করলে কিংবা শ্রবণ করলে তিলাওয়াতে সিজদা আদায় করা ওয়াজিব হয়ে যায়। দৈনন্দিন জীবনে রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন কিংবা অন্য কারও তিলাওয়াতের মাধ্যমে অনেক সময় সিজদার আয়াত কানে এসে পড়ে।
তবে নারীদের মাসিক বা পিরিয়ড (হায়েজ) ও সন্তান প্রসব পরবর্তী স্রাবের (নিফাস) সময় যেহেতু নামাজসহ নির্দিষ্ট কিছু ইবাদত স্থগিত থাকে, তাই এ অবস্থায় সিজদার আয়াত শুনলে তাঁদের ওপর সিজদা ওয়াজিব হবে কি না—তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে।
নারীদের পিরিয়ড (হায়েজ) কিংবা নিফাস চলাকালে যদি সিজদার আয়াত শোনা হয়, তবে তাঁদের ওপর তিলাওয়াতে সিজদা ওয়াজিব হয় না। ফলে ওই অপবিত্র অবস্থায় যেমন সিজদা করার প্রয়োজন নেই, তেমনি পবিত্র হওয়ার পরও এর কাজা বা পরবর্তীকালে তা আদায় করতে হবে না।
বিখ্যাত তাবেয়ি হাম্মাদ (রহ.) বর্ণনা করেন, ‘আমি সাঈদ ইবনে জুবাইর (রহ.) এবং ইবরাহিম নাখয়ি (রহ.)-কে জিজ্ঞেস করেছিলাম, কোনো নারী পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে তাকে কি সিজদা করতে হবে? উত্তরে তাঁরা উভয়ে বললেন, তাকে সিজদা আদায় করতে হবে না। কেননা, এ সময় তার ওপর নামাজ আদায় করা আবশ্যক নয়; অথচ নামাজ তিলাওয়াতের সিজদার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ও বড় ইবাদত।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৪৩৪৮) মূলত যেহেতু হায়েজ ও নিফাস অবস্থায় নারীদের নামাজ মাফ থাকে, তাই নামাজের অংশসদৃশ তিলাওয়াতের সিজদাও তাঁদের ওপর ওয়াজিব হয় না।
পিরিয়ডের বিধানের সঙ্গে গোসল ফরজ বা জানাবাত অবস্থার বিধানের পার্থক্য রয়েছে। নারী বা পুরুষ—কেউ যদি গোসল ফরজ অবস্থায় সিজদার আয়াত শোনেন, তবে তাঁর ওপর তিলাওয়াতে সিজদা ওয়াজিব হবে। তবে অপবিত্র অবস্থায় যেহেতু সিজদা আদায় করা বৈধ নয়, তাই ফরজ গোসল করে পবিত্রতা অর্জনের পর ওই সিজদা আদায় করে নিতে হবে।
এ প্রসঙ্গে প্রখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখঈ (রহ.) ও সাঈদ ইবনে জুবাইর (রহ.) বলেন, ‘গোসল ফরজ অবস্থায় কেউ সিজদার আয়াত শুনলে, গোসল করে পবিত্র হওয়ার পর সে সিজদা আদায় করবে।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৪৩৪৬)। কারণ, জানাবাত অবস্থা মানুষের নিজের ইচ্ছাধীন (গোসল করলেই পবিত্র হওয়া যায়) এবং এ অবস্থায় নামাজ একেবারে মাফ হয় না; বরং পবিত্র হয়ে আদায় করতে হয়।
লেখক: ইসলামবিষয়ক গবেষক