বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজদের সঙ্গে শুভেচ্ছা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিশ্বজয়ী হাফেজদের অনন্য অর্জনে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে তাঁর পক্ষ থেকে বিজয়ী হাফেজদের হাতে বিশেষ সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে কৃতিত্বের অনন্য স্বাক্ষর রাখেন বাংলাদেশের চার তরুণ ও তরুণী। প্রতিযোগিতায় নিজ নিজ গ্রুপে প্রথম স্থানসহ শীর্ষ স্থান অর্জন করেন—শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান, মুসফিরা বিনতে মাহমুদ, মুহাম্মদ জাকারিয়া এবং রাবিতা বিনতে রমাদান।
মক্কার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। এ ছাড়া ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত নারীদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজাদের হাতে পুরস্কার তুলে দেন বাদশাহ সালমানের স্ত্রী প্রিন্সেস ফাহদাহ বিনতে ফালাহ আল হাথলিন।