হোম > ইসলাম

বিসমিল্লাহর বিকল্প হিসেবে ৭৮৬ লেখার বিধান কী?

ইসলাম ডেস্ক

ফাইল ছবি

প্রত্যেক মুমিনের উচিত যেকোনো ভালো কাজ ‘বিসমিল্লাহ’ বা বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে শুরু করা। এতে কাজের বরকত ত্বরান্বিত হওয়ার পাশাপাশি আল্লাহর আদেশ ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতের ওপর আমল করা হয়। প্রিয় নবী (সা.), সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং বুজুর্গানে দ্বীনের যুগ থেকে সব কাজের শুরুতে পূর্ণাঙ্গ ‘বিসমিল্লাহ’ বলার ও লেখার ধারাবাহিকতা চলে আসছে। ইসলামের ইতিহাসে কখনো বিসমিল্লাহর কোনো সংক্ষিপ্ত রূপ ব্যবহারের অস্তিত্ব পাওয়া যায় না।

তবে সাম্প্রতিক সময়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’-এর পরিবর্তে সংখ্যায় ‘৭৮৬’ ব্যবহারের একটি প্রবণতা লক্ষ করা যায়। ঠিক কবে থেকে এই প্রচলন শুরু হয়েছে, তার সঠিক কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। অনেকের ধারণা, আরবি হরফ ‘বা’, ‘সিন’ ও ‘মীম’-এর আবজাদ বা সংখ্যামানের যোগফল যেহেতু ‘৭৮৬’, তাই বিসমিল্লাহর পরিবর্তে এটি ব্যবহার করা বৈধ।

কিন্তু শরিয়তের দৃষ্টিতে এই ধারণার কোনো ভিত্তি নেই। পবিত্র কোরআন, হাদিস, ইজমা কিংবা কিয়াসের কোনো মূলনীতিতেই ‘বিসমিল্লাহর’ বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখার কোনো বৈধতা বা স্বীকৃতি মেলেনি।

‘আহসানুল ফতোয়া’সহ প্রখ্যাত ফতোয়াগ্রন্থগুলোতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বিসমিল্লাহর বদলে ‘৭৮৬’ ব্যবহার করলে পূর্ণাঙ্গ বিসমিল্লাহ পাঠ বা লেখার সওয়াব তো পাওয়া যায়ই না, এর মাধ্যমে সুন্নতের ওপর আমলও আদায় হয় না। এমনকি সংখ্যামান ‘৭৮৬’ হলেও তা মূল ইবাদত বা বরকতময় বাক্যের বিকল্প হতে পারে না।

তাই যাঁরা বিসমিল্লাহর পরিবর্তে ‘৭৮৬’ লেখায় অভ্যস্ত এবং এটিকে বরকতময় মনে করেন, তাঁদের উচিত এই ভুল ধারণা থেকে ফিরে এসে সরাসরি পূর্ণাঙ্গ ‘বিসমিল্লাহ’ বা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখা ও পাঠ করা।