পবিত্র কাবা শরিফ, মিনা, আরাফাত ও মুজদালিফার প্রতিটি প্রান্তরে ছড়িয়ে আছে ইসলামের সূচনাকাল থেকে গুরুত্বপূর্ণ নানা ঘটনার স্মৃতি। কোথাও নবীজি (সা.)-এর পদচারণ, কোথাও সাহাবিদের ঐতিহাসিক অঙ্গীকার, আবার কোথাও বিদায় হজের অমর ভাষণের স্মৃতিচিহ্ন। এসব ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বেশ কিছু মসজিদ। স্থাপত্যের সৌন্দর্যের বাইরেও যেগুলোর রয়েছে গভীর ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য। হজের মৌসুমে লাখো মুসল্লির পদচারণে মুখরিত হয় এসব পবিত্র প্রাঙ্গণ। চলুন, জেনে নেওয়া যাক হজের ইতিহাস ও নবীজি (সা.)-এর স্মৃতিবিজড়িত এমন চারটি ঐতিহাসিক মসজিদের কথা। গ্রন্থনা করেছেন হাফেজ মাওলানা আজিজুল হক।
পবিত্র মিনা প্রান্তরে অবস্থিত ঐতিহাসিক মসজিদে বাইআত ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি স্থান। এখানেই মদিনা থেকে আগত মুসাফিররা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাতে আকাবার প্রথম ও দ্বিতীয় বাইআত গ্রহণ করেন। আনসার সাহাবিদের সেই ঐতিহাসিক অঙ্গীকারের মধ্য দিয়েই মদিনায় হিজরত এবং ইসলামি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। আব্বাসীয় খলিফা আবু জাফর আল-মানসুর ১৪৪ হিজরিতে বাইআতের স্মৃতি সংরক্ষণে মসজিদটি নির্মাণ করেন। মসজিদে বাইআতের আরেক নাম ‘মসজিদে আকাবা’। আকারে ছোট হলেও মসজিদটি মুসলিম উম্মাহর ঐক্য, আনুগত্য, ত্যাগ ও ইসলামের বিজয়যাত্রার এক অনন্য স্মারক।
মুজদালিফায় অবস্থিত ও পবিত্র কোরআনে উল্লেখিত স্মৃতিস্থান হলো মসজিদে মাশআরুল হারাম। এটি হজের ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। কোরআন মাজিদের সুরা বাকারার ১৯৮ নম্বর আয়াতে ‘মাশআরুল হারাম’-এর উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তোমরা আরাফাতের ময়দান থেকে ফিরে এলে মাশআরুল হারামের কাছে আল্লাহকে স্মরণ করো।’ বিদায় হজের সময় মুহাম্মদ (সা.) মুজদালিফায় রাতযাপন করেন, ফজরের নামাজ আদায় করেন এবং আল্লাহর জিকিরে মশগুল থাকেন। তাঁর সেই স্মৃতিবিজড়িত স্থানেই মসজিদটি প্রতিষ্ঠিত। আরাফাত থেকে মিনায় যাওয়ার পথে রাতে মুজদালিফায় অবস্থানরত হাজিদের কাছে এটি বিশেষ তাৎপর্য বহন করে।
মিনায় অবস্থিত আরেকটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ স্থাপনা হলো মসজিদে খাইফ। হাদিসের বর্ণনা অনুযায়ী, এ মসজিদে হজরত মুসা (আ.)-সহ ৭০ জন নবী নামাজ আদায় করেছেন। বিদায় হজের সময় মুহাম্মদ (সা.)-ও এখানে নামাজ আদায় করেন। মিনায় অবস্থানকালে সাহাবিদের সঙ্গে তাঁর অবস্থানের স্মৃতিও এ মসজিদকে বিশেষ মর্যাদা দিয়েছে। হজের সময় হাজিদের কাছে মসজিদটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে।
আরাফাতের ময়দানের পশ্চিম প্রান্তে ওয়াদি উরানা উপত্যকায় অবস্থিত স্মরণীয় মসজিদে নামিরা। ইসলামের ইতিহাসে এ মসজিদের বিশেষ পরিচয় জড়িয়ে আছে বিদায় হজের সঙ্গে। ১০ হিজরিতে হজের সময় মহানবী (সা.) আরাফাতের ময়দানের এ প্রান্তে অবস্থান করেন এবং বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দেন। প্রতিবছর ৯ জিলহজ আরাফা দিবসে এ মসজিদ থেকে হজের খুতবা দেওয়া হয় এবং হাজিরা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন। সুবিশাল আয়তন ও ঐতিহাসিক গুরুত্বের কারণে মসজিদে নামিরা হজের অন্যতম পরিচিত নিদর্শন, যা ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার চিরন্তন বার্তার স্মারক।