হোম > ইসলাম

নফল নামাজ কি জামাতে আদায় করা যাবে

ইসলাম ডেস্ক 

নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত

ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি ইবাদত কিয়ামুল লাইল। নফল ইবাদতের ক্ষেত্রে মৌলিক বিধান হলো, এগুলো একাকী আদায় করা। নবীজি (সা.), সাহাবায়ে কেরাম ও তাবেইনদের যুগে নিয়মিতভাবে নফল নামাজ জামাতে আদায় করার কোনো প্রচলন ছিল না। যদিও নবীজি (সা.) তাঁর পুরো জীবনে অল্প কয়েকবার নফল নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন। তবে সেগুলো সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ঘটনা ছিল।

রাসুল (সা.) কখনো পূর্বঘোষণা বা বিশেষ আয়োজন করে লোকসমাগম ঘটিয়ে নফল নামাজ জামাতে আদায় করেননি। বরং তিনি নিজ ঘরে বা কোনো সাহাবির ঘরে নফল নামাজে দাঁড়িয়ে যেতেন, তখন সেখানে উপস্থিত দু-একজন সাহাবি নিজে থেকেই নবীজি (সা.)-এর ইক্তিদা করতেন।

এসব বর্ণনা থেকে নফল নামাজের জামাতের প্রতি উৎসাহ দেওয়া এবং নফল নামাজের জামাতকে বেশি সওয়াবের কাজ মনে করার অবকাশ কোনোভাবেই প্রমাণিত হয় না। তাই এ ব্যাপারে ফুকাহায়ে কেরামের মৌলিক কিছু নীতিমালা নির্ধারিত হয়েছে—

  • ১. যদি কখনো পূর্বঘোষণা বা পূর্বপরিকল্পনা ছাড়া কেউ নফল নামাজ আদায়ের সময়ে দু-একজন মুক্তাদি নিজ থেকে তাঁর ইক্তিদা করে নেয়, তাহলে এর অবকাশ আছে।
  • ২. নিয়মিত নফল নামাজ জামাতে আদায় করা মাকরুহ বা অপন্দনীয়।
  • ৩. ডাকাডাকি ছাড়াও যদি মুক্তাদির সংখ্যা তিনজন হয়ে যায়, তাহলে এমন পরিস্থিতি নিয়ে ফকিহদের মতভেদ রয়েছে; অনেক ফকিহ এটাকেও মাকরুহ বলে উল্লেখ করেছেন।
  • ৪. মুক্তাদির সংখ্যা চার বা তার চেয়ে বেশি হলে তা সর্বসম্মতিক্রমে মাকরুহ।
  • ৫. পূর্বঘোষণা বা পূর্বপরিকল্পনা করে নফলের জামাত করা সর্বাবস্থায় মাকরুহ।

এই আলোচনার সারমর্ম হলো, নফল নামাজের জামাত করা কোনো মোস্তাহাব আমল নয়, বরং শর্ত সাপেক্ষে তা কেবল জায়েজ হতে পারে। তাই এ ব্যাপারে মানুষকে উৎসাহিত করা বা এর প্রতি উদ্বুদ্ধ করা জায়েজ নয়।

যদি কেউ রমজান মাসে জামাতের নামাজে কোরআন শরিফ খতম করতে চায়, তাহলে তারাবির জামাতে খতম করার সুযোগ রয়েছে। তারাবির জামাত যেকোনো স্থানে করা যেতে পারে। মসজিদেই হতে হবে, মহল্লার সবাই মিলে একটি জামাতে শরিক হবে—এমন কোনো শর্ত নেই।

সুতরাং খতমে কোরআনের প্রয়োজন তারাবির মাধ্যমে পূর্ণ করা সম্ভব। এর জন্য তাহাজ্জুদের জামাত করার প্রয়োজন নেই। (ইলাউস সুনান ৭ / ৯৭-৯৯, আদ্দুররুল মুখতার ২ / ৪৯, ফাতাওয়ায়ে রাহিমিয়া ৪ / ১৩৬)

লেখক: মুফতি মনসুরুল হক, প্রধান মুফতি ও শাইখুল হাদিস, জামিআ রাহমানিয়া আরাবিয়া ও জামিআতুল আবরার রাহমানিয়া, মোহাম্মদপুর, ঢাকা

জান্নাতের ৮ দরজার নাম-পরিচয়

আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬

আহলে কিতাব বলতে ইসলামে কাদের বোঝানো হয়

পরকালে ক্ষমা থেকে বঞ্চিত হবে যারা

আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬

সিজদায় জমিনে নাক না লাগালে কি নামাজ হবে

আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬

চারিত্রিক অবক্ষয় রোধে ইসলামের ৪ নির্দেশনা

জুমার নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫ তথ্য

জানের বদলে জান সদকা করার বিষয়ে ইসলাম কী বলে