হোম > ইসলাম

ভুলে অজু ছাড়া নামাজ পড়ে ফেললে করণীয় কী?

ইসলাম ডেস্ক

নামাজ আদায় করছেন এক মুসল্লি। ছবি: সংগৃহীত

অজু ও পবিত্রতা অর্জন নামাজ আদায়ের অন্যতম প্রধান ফরজ ও পূর্বশর্ত। তবে অনেক সময় ব্যস্ততা বা অন্যমনস্কতার কারণে ভুলবশত অজু না করে অনেকে নামাজে দাঁড়িয়ে যান এবং সালাম ফেরানোর পর বিষয়টি স্মরণ হয়। এমন পরিস্থিতিতে শরিয়তের বিধান কী এবং করণীয়-বা কী?

ভুলবশত অজু ছাড়া নামাজ পড়লে গুনাহ হবে কি?

ইসলাম একটি সহজ ও বাস্তবসম্মত জীবনব্যবস্থা। ভুলবশত বা অবচেতন মনে কোনো ভুল হয়ে গেলে আল্লাহ তাআলা বান্দাকে তার জন্য অপরাধী করেন না। শরিয়তের বিধান অনুযায়ী, অজু না থাকার বিষয়টি ভুলে গিয়ে কেউ যদি নামাজ আদায় করে ফেলেন, তবে এই ভুলের কারণে তার কোনো গুনাহ বা পাপ হবে না।

তবে গুনাহ মাফ হলেও ইসলামের একটি মৌলিক নিয়ম হলো—ভুল বা অজ্ঞতার কারণে ইবাদতের অপরিহার্য রুকন বা শর্ত বাদ পড়ে গেলে তা বাতিল বলে গণ্য হয়। তাই অজু ছাড়া আদায় করা সেই নামাজ কোনোভাবেই শুদ্ধ বা কবুল হবে না।

হাদিস ও ফিকহের আলোকে সুনির্দিষ্ট বিধান

এ বিষয়ে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় ইরশাদ করেছেন, ‘পবিত্রতা (অজু বা গোসল) ছাড়া কোনো নামাজ কবুল করা হয় না।’ (জামে তিরমিজি: ১, সহিহ মুসলিম: ২২৪)

অর্থাৎ, বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন ছাড়া নামাজ আদায় করা অসম্ভব। ঠিক তেমনিভাবে, প্রখ্যাত ফিকহগ্রন্থ ‘ফাতাওয়া হিন্দিয়া’ (১/৮৯)-এ উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অজু ছাড়া কিংবা কাপড়ে নাপাকি থাকা অবস্থায় ভুলবশত নামাজ আদায় করে ফেলে এবং নামাজ শেষ করার পর বিষয়টি তার স্মরণ হয়, তবে তাকে অবশ্যই ওই নামাজ পুনরায় আদায় করতে হবে। কাপড়ের নাপাকির বিধানও ঠিক একই রকম।

এ ক্ষেত্রে করণীয় কী?

নামাজ সমাপ্ত করার পর যদি মনে পড়ে যে অজু ছিল না, তবে মুমিনের করণীয় হলো—১. হতাশ না হয়ে শান্ত মনে পুনরায় ভালোভাবে অজু করে নেওয়া। ২. যে নামাজ অজু ছাড়াই পড়া হয়েছিল, তা দ্রুত কাজা বা পুনরায় আদায় করে নেওয়া।