হোম > ইসলাম

স্পেনের যে মুসলিম মনীষীদের কাছে ঋণী বিশ্বসভ্যতা

কাউসার লাবীব

স্পেন এমন বহু মুসলিম মনীষীর উপস্থিতি প্রত্যক্ষ করেছে, যাঁরা বিশ্বসভ্যতার মজবুত ভিত্তি স্থাপন করেছিলেন। হরেক রকমের জ্ঞান-বিজ্ঞানের শাখায় এই মনীষীদের অনন্য অবদানের ফলেই আন্দালুস (মুসলিম স্পেন) তার ইতিহাসের সবচেয়ে গৌরবময় ও জাঁকজমকপূর্ণ সময় পার করেছে। মূলত মুসলমানদের শাসনামলে আন্দালুসের সেই যুগগুলো ছিল খাঁটি আলোকায়নের যুগ।

সাহিত্য ও ধর্মতত্ত্বের প্রবাদপুরুষগণ

সাহিত্য, ফিকহ ও ধর্মতত্ত্বের ক্ষেত্রে যাঁরা আন্দালুসকে সমৃদ্ধ করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন ইমাম কুরতুবি। পবিত্র কোরআনের বিখ্যাত তাফসির গ্রন্থ ‘তাফসিরে কুরতুবি’র রচয়িতা হিসেবে তিনি বিশ্বজুড়ে সমাদৃত। এ তালিকায় আরও আছেন ফিকহ, হাদিস, তাফসির, সাহিত্য, ব্যাকরণ, কবিতা ও ইতিহাসের মতো নানা বিষয়ে গভীর ব্যুৎপত্তি অর্জনকারী ইবনে আবদে রাব্বিহি। ‘তাসদিদুল লিসান লি-জিকর আনওয়াইল বায়ান’ এবং ‘তাফহিমুল কুলুব আয়াত আল্লামিল গুয়ুব’-এর রচয়িতা ইবনে আবি হুজ্জাহ। বিজ্ঞানী, গবেষক ও ফকিহ কাজি আবু বকর ইবনুল আরাবি।

চিকিৎসাশাস্ত্রে বৈপ্লবিক অবদান

আন্দালুসে চিকিৎসা ও প্রাকৃতিক বিজ্ঞান বিকাশে মুসলিম বিজ্ঞানীদের অবদান ছিল অবিস্মরণীয়। বিশেষ করে দশম শতাব্দীতে কর্ডোবার উমাইয়া খলিফা তৃতীয় আবদুর রহমানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাগদাদের মতোই এখানে একটি উন্নত শিক্ষামূলক ও বৈজ্ঞানিক সংস্কৃতি গড়ে ওঠে, যার ফলে চিকিৎসা খাত কয়েক শতাব্দী ধরে সমৃদ্ধির শিখরে ছিল। এই খাতের প্রধান দুই স্তম্ভের একজন হলেন সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ চিকিৎসক, শল্যবিদ (সার্জন) ও ফার্মাসিস্ট আবু আল-কাসিম আল-জাহরাউই। পাশ্চাত্যে তিনি ‘আলবুকাশিস’ বা ‘জাহরাভিউস’ নামে পরিচিত। তাঁর রচিত ‘আত-তাসরিফ লিমান আজাজা আনিত তালিফ’ চিকিৎসা, সার্জারি ও থেরাপির এক কালজয়ী বিশ্বকোষ। আর এ তালিকায় থাকা ইবনে জুহর মানবদেহের এমন অনেক রোগ ও তার নিরাময় আবিষ্কার করেছিলেন, যা তাঁর আগে আর কেউ করতে পারেননি।

জ্যোতির্বিজ্ঞানের স্বর্ণযুগ

মুসলিমদের প্রাত্যহিক জীবন, নামাজের সময় নির্ধারণ এবং ইসলামি হিজরি ক্যালেন্ডার তৈরির তাগিদে আন্দালুসে জ্যোতির্বিজ্ঞানের চর্চা ছিল অত্যন্ত ব্যাপক ও স্পষ্ট। মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা এই ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করে বহু নতুন তত্ত্ব ও ধারণার প্রবর্তন করেছিলেন। তাঁদের মধ্যে শীর্ষস্থানীয় হলেন আল-মাজরিতি। জ্যোতির্বিদ্যা, রসায়ন, গণিত ও অর্থনীতির এই মহাপণ্ডিত রসায়নে প্রথম ‘মার্কারি অক্সাইড’ ব্যবহার করেন।

এ তালিকায় আছেন ইতিহাসবিদ, ফকিহ ও বিজ্ঞানী ইবনে হাজম। ফিকহ, যুক্তিবিদ্যা, চিকিৎসা, ইতিহাস ও তুলনামূলক ধর্মতত্ত্বের মতো নানা বিষয়ে তিনি প্রায় ৪০০টি গ্রন্থ রচনা করেছিলেন বলে জানা যায়, যার মধ্যে মাত্র ৪০টি গ্রন্থ বর্তমানে টিকে রয়েছে। আরও আছেন ইবনে আজ-জারকালি; যিনি ‘আজ-জারকানি’ নামেও পরিচিত। একাদশ শতাব্দীর প্রথম ভাগে একটি কারিগর পরিবারে জন্মগ্রহণ করায় তিনি খুব সূক্ষ্ম ও নিখুঁত জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরিতে পারদর্শী হয়ে ওঠেন। তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো বিখ্যাত ‘টোলেডো জলঘড়ি’ নির্মাণ।

ভূগোল ও মানচিত্রাঙ্কন বিদ্যা

আন্দালুসের মুসলিম ভূগোলবিদেরা গ্রিক ও রোমানদের মৌলিক তত্ত্বের ওপর ভিত্তি করে কাজ শুরু করলেও, নিজেদের গণিত ও জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতির সাহায্যে খুব দ্রুতই প্রাচীন সীমাবদ্ধতা ছাড়িয়ে সম্পূর্ণ নতুন নিজস্ব তত্ত্ব ও মানচিত্র প্রবর্তন করতে সক্ষম হন। এই ক্ষেত্রের দুই নক্ষত্র হলেন: ১. মধ্যযুগের ভূগোলের অন্যতম শ্রেষ্ঠ ও প্রামাণ্য গ্রন্থ ‘নুজহাতুল মুশতাক ফি ইখতিরাকিল আফাক’-এর রচয়িতা শরিফ আল-ইদ্রিসি। ২. ‘কিতাবুল মাসালিক ওয়াল মামালিক’-এর রচয়িতা আবু উবাইদ আল-বাকরি।

প্রকৌশল ও গণিতশাস্ত্র

উমাইয়া শাসনামলে আন্দালুসের স্থাপত্য ও গণিতশাস্ত্র এক অনন্য উচ্চতা লাভ করে। পবিত্র কোরআনের জ্ঞানানুসন্ধান, সৃষ্টিজগতের রহস্য উদ্‌ঘাটন এবং প্রজ্ঞার অন্বেষণের তাগিদই মূলত আন্দালুসে এমন একটি চমৎকার বুদ্ধিবৃত্তিক পরিবেশ ও বৈজ্ঞানিক আবহ তৈরি করেছিল। এই ক্ষেত্রের দুই দিকপাল হলেন: ১. ইবনে আস-সামহ। বিজ্ঞান ও গণিতে অনন্য অবদানের জন্য তিনি স্পেনে ‘আল-মুহানদিস’ (প্রকৌশলী) নামে খ্যাত ছিলেন। ২. আব্বাস ইবনে ফিরনাস। দর্শন, গণিত, প্রকৌশল, জ্যোতির্বিদ্যা, রসায়ন ও কবিতায় তাঁর বহুমুখী প্রতিভার কারণে তাঁকে ‘হাকিমুল আন্দালুস’ (আন্দালুসের মহাজ্ঞানী) উপাধিতে ভূষিত করা হয়। মানব ইতিহাসের আকাশজয়ের প্রথম সফল স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। নিজের তৈরি ডানা ও বিশেষ প্যারাস্যুট বা মস্ত বড় ছাতাসদৃশ পোশাক নিয়ে কর্ডোবা জামে মসজিদের মিনার থেকে শূন্যে লাফিয়ে পড়ে তিনি ইতিহাসের প্রথম সফল উড্ডয়ন প্রচেষ্টা সম্পন্ন করেছিলেন।

মাউদু-৩ ডটকম অবলম্বনে

জুমার দিন আগেভাগে মসজিদে যাওয়ার গুরুত্ব ও ফজিলত

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা

সুখী ও বরকতময় সংসার গড়ার ৫ উপায়

স্বপ্নে অশ্লীল কিছু দেখলে কি পাপ হয়

আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জুমার নামাজের প্রস্তুতি নেবেন যেভাবে

স্বপ্নদোষ হলেও যখন গোসল ফরজ হয় না

যেমন হবে শহীদের জান্নাতি জীবন

আজকের নামাজের সময়সূচি: ১৬ জুলাই ২০২৬

যে কারণে উপুড় হয়ে ঘুমাতে নিষেধ করেছেন মহানবী (সা.)