পবিত্র কোরআন ও হাদিসে শেষ রাতের আমলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দিনের ব্যস্ততা পেরিয়ে রাতের নির্জনতায় ইবাদত করা মুমিনের আত্মিক প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘নিশ্চয়ই রাতে জাগরণ প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল।’ (সুরা মুজ্জাম্মিল: ৬)
ইসলামবিষয়ক গবেষকগণ শেষ রাতে বেশ কিছু বরকতময় আমল করার তাগিদ দিয়েছেন। নিচে শেষ রাতের গুরুত্বপূর্ণ চার আমল নিয়ে আলোচনা করা হলো:
শেষ রাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা এবং নিজের চাওয়া-পাওয়া পেশ করার বিশেষ সুযোগ রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, যখন রাতের এক-তৃতীয়াংশ বাকি থাকে। তিনি বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব?’ (সহিহ বুখারি: ১১৪৫)
অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা রাতের বেলা তাঁর দয়ার হাত প্রসারিত করেন, যাতে দিনের অপরাধী তওবা করতে পারে।
শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায়, তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন।’ (সুরা বনি ইসরাইল: ৭৯)
রাতের বেলা কোরআন তিলাওয়াত করা অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। নিস্তব্ধ পরিবেশে কোরআন পাঠ হৃদয়ে গভীর প্রভাব ফেলে।
শেষ রাতে জিকির ও তাসবিহ পাঠেও রয়েছে অফুরন্ত সওয়াব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ‘এবং রাতের একাংশেও তুমি তাঁর তাসবিহ পাঠ করো এবং নামাজের পরও।’ (সুরা কাফ: ৪০)
শেষ রাতের বরকতময় মুহূর্তগুলো অলসতায় না কাটিয়ে ইবাদত, দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে অতিবাহিত করা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত কল্যাণকর।