নামাজের প্রতিটি মুহূর্তই বান্দার জন্য আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। তবে এর মধ্যে ‘সিজদা’র মুহূর্তটির মর্যাদা ও মাহাত্ম্য একেবারেই অনন্য। বান্দা যখন সিজদায় অবনত হয়, তখন সে তার রবের সর্বাপেক্ষা কাছাকাছি পৌঁছে যায়। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে। অতএব, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো।’ (সহিহ মুসলিম: ৪৮২)
সিজদায় দোয়ার অবারিত সুযোগ থাকলেও নামাজের সুনির্দিষ্ট কিছু বিধান ও নিয়ম রয়েছে, যা মেনে চলা প্রতিটি মুমিনের জন্য জরুরি।
ফরজ নামাজের সিজদায় কেবল নির্ধারিত তাসবিহ পাঠ করতে হয়। ফরজ নামাজের সিজদায় নিজ ভাষায় বা কোরআন-হাদিসে বর্ণিত হলেও যেকোনো দোয়া নিজের মতো করে করা জায়েজ নয়। সুন্নাহর আলোকে ফকিহগণ যেভাবে নামাজ বিন্যস্ত করেছেন, তাতে ফরজ নামাজের সিজদায় অতিরিক্ত কোনো দোয়া বা বাক্য সংযোজনের সুযোগ নেই।
পক্ষান্তরে, নফল নামাজে (বিশেষ করে তাহাজ্জুদে) কোরআন-হাদিসে বর্ণিত মাসনুন দোয়াগুলো সিজদায় পড়া জায়েজ। প্রিয় নবী (সা.) নফল নামাজের সিজদায় বিভিন্ন দোয়া পাঠ করতেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) সিজদায় এই দোয়াটি পড়তেন—
اللَّهُمَّ اغْفِرْ لِى ذَنْبِى كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ
উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু।
অর্থ: হে আল্লাহ! আমার সূক্ষ্ম, স্থূল, প্রথম ও শেষের সব গোনাহ ক্ষমা করে দিন। (সহিহ মুসলিম: ৪৮৩)
হানাফি ফিকহের বিশিষ্ট মুজতাহিদ ও ফকিহগণের মতে, নামাজের ভেতরের দোয়ার ভাষা অবশ্যই আরবি হতে হবে এবং তা শরিয়ত নির্ধারিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। নামাজ মানুষের পারস্পরিক কথাবার্তা বা সাধারণ চাওয়ার জায়গা নয়। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) স্পষ্ট ইরশাদ করেছেন:
‘নিশ্চয়ই এই নামাজে মানুষের পারস্পরিক কথাবার্তার কোনো অবকাশ নেই। এটি তো কেবল আল্লাহর তাসবিহ, তাকবির এবং কোরআন তিলাওয়াতের জন্য।’ (সহিহ মুসলিম: ৫৩৭)
এই হাদিসের আলোকে ফকিহগণ স্পষ্ট করেছেন, নামাজে মানুষের সাধারণ কথাবার্তার সদৃশ বা পার্থিব চাহিদাসূচক কোনো বাক্য উচ্চারণ করা যাবে না, তা যতই আরবি ভাষায় হোক না কেন।
প্রখ্যাত হানাফি ফকিহ ইবনু আবিদিন শামি (রহ.) বলেন, ‘নামাজে আরবি ভাষায় দোয়া করবে, অনারবি ভাষায় দোয়া করা নিষিদ্ধ। কোরআন-সুন্নাহয় বর্ণিত দোয়া করা যাবে, এমন বাক্য ব্যবহার করা যাবে না, যা সাধারণ মানুষের কথাবার্তার অনুরূপ।’ (রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার)
নামাজের ভেতরে বা সিজদায় এমন কিছু দোয়া করা সম্পূর্ণ নিষিদ্ধ, যা নামাজ নষ্ট করে দেয়। বিশেষ করে—
মানুষের কাছে সাধারণত চাওয়া যায় বা পাওয়া যায়—এমন কোনো দুনিয়াবি বিষয় বা বস্তুগত প্রার্থনা নামাজে করা যাবে না। যেমন—‘হে আল্লাহ আমাকে এক লাখ টাকা দিন, চাকরি বা বিয়ের ব্যবস্থা করে দিন’। শরিয়তের বিধান অনুযায়ী, নামাজে এ ধরনের দুনিয়াবি দোয়া করলে নামাজ ভেঙে যায়। (কিতাবুন নাওয়াজেল)
ফরজ বা নফল—কোনো নামাজেই আরবি ছাড়া নিজের মাতৃভাষা (যেমন বাংলা) কিংবা অন্য কোনো অনারবি ভাষায় দোয়া করা যাবে না। কোরআন-হাদিসে বর্ণিত দোয়ার অনুবাদও নামাজে পড়া নিষিদ্ধ।
জেনে রাখা ভালো, ইসলামে নফল নামাজ বলতে এমন ইবাদতকে বোঝায়, যা আদায় করলে অশেষ সওয়াব বা পুণ্য লাভ হয়, তবে আদায় না করলে কোনো গুনাহ বা অপরাধ হয় না।