হোম > ইসলাম

সিজদার সময় পায়ের আঙুল যেভাবে রাখতে হবে

ইসলাম ডেস্ক

ফাইল ছবি

নামাজের প্রতিটি অঙ্গভঙ্গিতে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করা মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিজদার সময় পায়ের আঙুলের অবস্থান, আঙুলের অগ্রভাগ কিবলামুখী করা এবং গোড়ালির অবস্থা কেমন হবে—তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। সিজদায় পায়ের সঠিক অবস্থান সম্পর্কে নিচে তুলে ধরা হলো:

১. পায়ের আঙুল কিবলামুখী ও ভাঁজ করে রাখা

হানাফি মাজহাব অনুযায়ী, সিজদার সময় দুই পায়ের আঙুল এমনভাবে ভাঁজ করে রাখতে হবে যেন আঙুলের নিচের অংশ মাটিতে লাগে এবং আঙুলের অগ্রভাগ কিবলার দিকে থাকে। এটি সুন্নতে মুআক্কাদা। হজরত বারা ইবনে আজিব (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) সিজদা করার সময় পায়ের আঙুলগুলো কিবলার দিকে ফেরাতেন এবং দুই পায়ের মাঝে ফাঁক রাখতেন। (সুনানে বায়হাকি: ২ / ১১৩)

২. গোড়ালি মিলিয়ে রাখবেন, নাকি পৃথক?

সিজদায় দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখা বা পৃথক রাখার বিষয়ে হাদিসে ভিন্ন বর্ণনা রয়েছে। হজরত আয়েশা (রা.)-এর বর্ণনায় দুই গোড়ালি মিলিয়ে রাখার কথা এসেছে (ইবনে খুজাইমা ৬৫৪), আর হজরত বারা ইবনে আজিব (রা.)-এর বর্ণনায় ফাঁক রাখার কথা এসেছে (বায়হাকি ২ / ১১৩)। হানাফি মাজহাবের প্রসিদ্ধ আলেমরা গোড়ালির মাঝে স্বাভাবিক ফাঁকা রাখাকে অগ্রাধিকার দেন, তবে পা অস্বাভাবিকভাবে বেশি ছড়িয়ে দেওয়া যাবে না।

৩. পা মাটিতে রাখা কি ওয়াজিব?

হানাফি ফিকহ অনুযায়ী, সিজদার সময় অন্তত এক পায়ের একটি আঙুল অন্তত এক তাসবিহ পরিমাণ সময় মাটিতে রাখা ওয়াজিব। পুরো সময় দুই পা শূন্যে তুলে রাখলে সিজদা শুদ্ধ হবে না। (মারাকিল ফালাহ; রদ্দুল মুহতার ১ / ৪৪৭)। সিজদার পুরো সময় আঙুলগুলো মাটিতে রেখে সঠিকভাবে সিজদা করাই উত্তম।

আল্লাহ আমাদের সবাইকে রাসুলুল্লাহ (সা.)-এর তরিকা অনুযায়ী শুদ্ধভাবে নামাজ আদায়ের তৌফিক দিন।