অগ্রহায়ণের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। গ্রামের পথে-প্রান্তরে ইতিমধ্যে শীতের আমেজ শুরু হয়েছে। কিছু দিনের ব্যবধানে শীতের তীব্রতা ছড়িয়ে পড়া শুরু হবে দেশের সর্বত্র। ঋতু পরিবর্তনের এই সময় কারও কাছে যেমন উপভোগের, তেমনি কারও কাছে বেঁচে থাকার কঠিন লড়াই। আমরা যখন শীতের রাতে লেপ-কম্বলে আরাম খুঁজি, তখন ফুটপাত, রেলস্টেশন কিংবা ভাঙাচোরা ঘরে থাকা অসহায় মানুষের রাত কাটে শীতের কাঁপুনিতে। যাদের প্রতিদিনের খাবার জোগাড় করাই কঠিন, তাদের পক্ষে শীতবস্ত্র কেনা কিংবা অসুস্থ হলে চিকিৎসার খরচ বহন করা প্রায় অসম্ভব।
শীতের সঙ্গে বাড়ে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ নানা রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। সামর্থ্যবানেরা একটু আন্তরিক হলেই শীতার্ত মানুষের কষ্ট অনেকটা কমিয়ে দিতে পারেন।
মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহিত করে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা মানুষের প্রতি অনুগ্রহ করো, যেমন আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন।’ (সুরা কাসাস: ৭৭)
অসহায় মানুষের কষ্ট দূর করার প্রতিদান সম্পর্কেও নবীজি (সা.) সুসংবাদ দিয়ে বলেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব একটি কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্টগুলোর একটি দূর করবেন। আর আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে।’ (সহিহ মুসলিম)
তাই বলা যায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
শীতার্ত মানুষের প্রয়োজন একেকজনের ক্ষেত্রে একেক রকম। কারও প্রয়োজন একটি কম্বল, কারও দরকার ওষুধ, আবার কারও প্রয়োজন খাবার কিংবা নিরাপদ আশ্রয়। তাই সহযোগিতার উদ্যোগ নিতে হবে মানুষের প্রকৃত প্রয়োজন বিবেচনা করে।
১. শীতবস্ত্র ও কম্বল বিতরণ: অসহায় মানুষের মধ্যে কম্বল, সোয়েটার, জ্যাকেট, চাদর ও শীতের পোশাক বিতরণ করা যেতে পারে। শিশুদের জন্য গরম পোশাক, টুপি, মোজা এবং বয়স্কদের জন্য মোটা চাদরের ব্যবস্থা করা জরুরি। ঘরে পড়ে থাকা পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য অতিরিক্ত পোশাকও এ কাজে ব্যবহার করা যায়।
রাসুলুল্লাহ (সা.) অতিরিক্ত সম্পদ ও প্রয়োজনীয় সামগ্রী অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার শিক্ষা দিয়েছেন। এক হাদিসে তিনি অতিরিক্ত বাহন ও পাথেয় থাকা ব্যক্তিকে তা অভাবীর সঙ্গে ভাগ করে নিতে উৎসাহিত করেছেন। (সহিহ মুসলিম: ১৭২৮)
২. রাতে ছিন্নমূল মানুষের খোঁজ নেওয়া: ফুটপাত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও খোলা জায়গায় রাত কাটানো মানুষের কষ্ট শীতের রাতে সবচেয়ে বেশি বেড়ে যায়। তাই রাতের বেলা তাদের কাছে কম্বল ও গরম কাপড় পৌঁছে দেওয়া যেতে পারে।
৩. খাবারের ব্যবস্থা করা: শীতের সময় অনেক দরিদ্র পরিবার খাবার ও শীতবস্ত্রের মধ্যে যেকোনো একটি বেছে নিতে বাধ্য হয়। তাদের জন্য চাল, ডাল, তেল, সবজি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া যেতে পারে। এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং অসহায় মানুষের জন্য একবেলা গরম খাবারের ব্যবস্থাও কার্যকর উদ্যোগ।
৪. শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া: শীতে শিশু ও বৃদ্ধরা তুলনামূলক বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। দরিদ্র শিশুদের সোয়েটার, জুতা, মোজা, কম্বল ও শিক্ষা উপকরণ দেওয়া যেতে পারে। অন্যদিকে অসহায় বৃদ্ধদের জন্য গরম পোশাক, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করা জরুরি।
৫. চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া: শীতজনিত রোগে আক্রান্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিনা মূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা যেতে পারে। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা ক্যাম্প আয়োজন এবং অসুস্থ বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষের চিকিৎসার খরচ বহন করাও গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ।
৬. ঘরবাড়ি ও আশ্রয়ের ব্যবস্থা করা: যাদের ঘরের ছাউনি নষ্ট, বেড়া ভাঙা কিংবা দরজা-জানালা নেই, তাদের ঘর মেরামতে সহযোগিতা করা যেতে পারে। নদীভাঙন, বন্যা ও অগ্নিকাণ্ডে ঘরহারা পরিবারের জন্য আশ্রয়ের ব্যবস্থাও করা প্রয়োজন।
৭. শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো: রিকশাচালক, দিনমজুর, কৃষিশ্রমিক ও পরিচ্ছন্নতাকর্মীরা শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বাইরে কাজ করেন। তাঁদের মধ্যে শীতের পোশাক, জুতা, মোজা ও হাতমোজা বিতরণ করা যেতে পারে। সকালে গরম চা ও নাশতার ব্যবস্থা করাও ছোট কিন্তু কার্যকর উদ্যোগ।
৮. প্রত্যন্ত অঞ্চলে সহায়তা পৌঁছে দেওয়া: চরাঞ্চল, নদীভাঙনকবলিত এলাকা ও দুর্গম গ্রামের অনেক মানুষ প্রয়োজনীয় শীতবস্ত্র পান না। স্থানীয় মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এসব এলাকায় প্রকৃত উপকারভোগী চিহ্নিত করে সহায়তা পৌঁছে দেওয়া যেতে পারে।
আর সহযোগিতার ক্ষেত্রে আত্মমর্যাদাবানদের প্রতিও বিশেষ খেয়াল রাখতে হবে। অনেক অভাবী মানুষ প্রয়োজন থাকা সত্ত্বেও লোকলজ্জায় সাহায্য চাইতে পারেন না। তাই তাঁদের খুঁজে বের করে সম্মানের সঙ্গে সহায়তা পৌঁছে দেওয়া উচিত।
আসুন, শীতের আগমনে নিজেদের আরামের পাশাপাশি অসহায় মানুষের কষ্টের কথাও ভাবি। সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র, খাবার, চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহমর্মিতা হয়তো কারও শীতের রাতকে একটু উষ্ণ করে তুলবে। আর আল্লাহর কাছে সেই ছোট্ট উদ্যোগই হয়ে উঠতে পারে অনেক বড় প্রতিদান লাভের মাধ্যম।