গভীর রাতে অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে আতঙ্কিত না হয়ে সুন্নাহ অনুযায়ী কিছু আমল করলে দ্রুতই মনের ভয় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং শয়তানের অনিষ্ট থেকে হেফাজত থাকা সম্ভব হয়। দুঃস্বপ্ন দেখলে ৫টি করণীয় হলো:
১. খারাপ স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভাঙলে রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন বাঁ দিকে তিনবার হালকা থুতুর ফুঁ দেওয়ার জন্য। এতে কুচিন্তা ও শয়তানি আবেশ দূর হয়ে যায়। (সহিহ মুসলিম)
২. শয়তান ও অনাকাঙ্ক্ষিত স্বপ্নের অনিষ্ট থেকে বাঁচতে মহান আল্লাহর নিকট পানাহ চাইতে হবে। পড়ুন—‘আউজুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম ওয়া মিন শাররি হাজিহির রু’ইয়া’ (অর্থ: আমি শয়তান এবং এই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি)।
৩. যে কাতে বা পাশে শায়িত থাকা অবস্থায় দুঃস্বপ্ন দেখেছেন, ঘুম ভাঙার পর সেই পাশ বদলে অন্য পাশে ফিরে শোয়া রাসুলুল্লাহ (সা.)-এর অন্যতম সুন্নত। এটি মনস্তাত্ত্বিক পরিবেশ ও চিন্তার ধারা বদলে দিতে দারুণ ভূমিকা রাখে। (সহিহ মুসলিম)
৪. দুঃস্বপ্নের কথা কখনো অন্য কারও কাছে প্রকাশ করা উচিত নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি কেউ অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখে, তবে সে যেন তা কারও কাছে না বলে; তবে তা তার কোনো ক্ষতি করতে পারবে না।’ (সহিহ বুখারি)
৫. যদি মন অতিরিক্ত বিচলিত বা ভীত হয়ে পড়ে, তবে বিছানা ছেড়ে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়া মোস্তাহাব। প্রিয় নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যদি অপছন্দনীয় স্বপ্ন দেখে, তবে সে যেন উঠে দাঁড়ায় এবং সালাত আদায় করে।’ (সহিহ মুসলিম)