হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আমি নোবেল পাওয়ার যোগ্য, কিন্তু দেবে কি না জানি না: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরান যুদ্ধ শুরু করা ও এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর নোবেল পুরষ্কার পাওয়া উচিত। তিনি নোবেল পাওয়ার যোগ্য। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি এই কথা বলেছেন। তবে নিজের নোবেল পাওয়ার সম্ভাবনার বিষয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, নোবেল তাঁকে দেওয়া হবে কি না, তিনি জানেন না।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তাদের সিদ্ধান্ত কী হতে যাচ্ছে। আমার মতো মানুষদের হয়তো এই পুরস্কার না দেওয়ার ব্যাপারে তাদের একটা পরিচিতি আছে।’ নরওয়েজিয়ান নোবেল কমিটি আগামীকাল শুক্রবার এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে।

গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, তিনি বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার পাওয়ার যোগ্য। গতকাল বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এখনই এর সঠিক সময়। কিন্তু গতবার পরোক্ষভাবে এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত হয়েছিলাম, কারণ বিজয়ী নিজে বলেছিলেন যে, ইতিহাসে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি পাওয়ার যোগ্য আর কেউ নেই।’

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত জানুয়ারিতে ভেনিজুয়েলায় তাঁর প্রচেষ্টায় মার্কিন সমর্থন পাওয়ার আশায় ট্রাম্পের হাতে তাঁর প্রাপ্ত ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের পদকটি তুলে দেন।

ট্রাম্প বলেন, গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে আটটি সংঘাত বা দ্বন্দ্বে হস্তক্ষেপ করার কারণে তাঁর এই পুরস্কার পাওয়া উচিত। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা জানিয়েছেন যে, তাঁরা ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন, যদিও এই তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করার কোনো উপায় নেই।

ট্রাম্প যে সংঘাতগুলো সমাধান করেছেন বলে দাবি করেন, তার বেশ কয়েকটি পক্ষ মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক ভূমিকা নিয়ে আপত্তি তুলেছ এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলসহ কিছু এলাকায় পুনরায় লড়াই শুরু হয়েছে।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশের প্রথম দিনেই রাশিয়ার ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্পের পক্ষে সেটির কোনো সমাধান করা সম্ভব হয়নি। উপরন্তু, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে গত সাত মাস ধরে চলমান একটি উত্তপ্ত সংঘাতের সৃষ্টি হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহকে বিপর্যস্ত করেছে এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে।

পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য নিয়োজিত বিশেষ র‍্যাপোর্টিয়ার এ বছর নোবেল পাওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট হিসেবে এগিয়ে রয়েছেন।