হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পেনসিলভানিয়ায় হামের প্রাদুর্ভাবে মৃত্যু বেড়ে ৫, সংক্রমিত প্রায় হাজার

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছর হামের সঙ্গে সম্পর্কিত মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। একই সময়ে রাজ্যটির ৩৯টি কাউন্টিতে নিশ্চিত হামের সংক্রমণ ৯৪৩ জনে পৌঁছেছে। গত ২৮ সেপ্টেম্বরের পরই নতুন করে ৪০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত অন্তত ১৭৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, পেনসিলভানিয়া স্বাস্থ্য বিভাগ বুধবার জানিয়েছে—সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি ল্যাঙ্কাস্টার কাউন্টির এক ব্যক্তি। তিনি হামের টিকা নেননি আগে। মৃত্যুর বিষয়টি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রকে (সিডিসি) জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র বর্তমানে ১৯৯১ সালের পর সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের মুখোমুখি। গত কয়েক বছরেও দেশটিতে হামের সঙ্গে সম্পর্কিত একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০০০ সালে যুক্তরাষ্ট্রে হামকে নির্মূল রোগ হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু অত্যন্ত সংক্রামক এই রোগ সাম্প্রতিক বছরগুলোতে আবার ফিরে এসেছে। কিছু বিশেষজ্ঞ এই পুনরুত্থানের সঙ্গে মানুষের মধ্যে **টিকা নিয়ে সংশয় ও অনাস্থা বৃদ্ধির** সম্পর্ক রয়েছে বলে মনে করেন।

সর্বশেষ মৃত্যুটি এ বছর ল্যাঙ্কাস্টার কাউন্টিতে হামের সঙ্গে সম্পর্কিত তৃতীয় মৃত্যু। পেনসিলভানিয়ার দক্ষিণ-মধ্যাঞ্চলে অবস্থিত এই কাউন্টি ‘পেনসিলভানিয়া ডাচ কান্ট্রি’র কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো অ্যামিশ ও মেনোনাইট সম্প্রদায়ের বসবাস রয়েছে। উভয় সম্প্রদায়ের মধ্যেই টিকা নেওয়ার হার তুলনামূলকভাবে কম।

আগস্টে পেনসিলভানিয়া চলতি বছরে হামের সঙ্গে সম্পর্কিত প্রথম দুটি মৃত্যুর কথা জানায়। ওই দুটি মৃত্যু ছিল রাজ্যে ৩৫ বছরের মধ্যে প্রথম হামের সঙ্গে সম্পর্কিত মৃত্যু। এরপর থেকে অঙ্গরাজ্যে নিশ্চিত হামের সংক্রমণের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। ক্রমবর্ধমান পরিস্থিতির মধ্যে গভর্নর জশ শাপিরোর প্রশাসন টিকাদান কর্মসূচি এবং জনস্বাস্থ্য সচেতনতা কার্যক্রম আরও জোরদার করেছে।

এদিকে, মঙ্গলবার সিডিসি তাদের জাতীয় হিসাবেও হামের সঙ্গে সম্পর্কিত দুটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে। তবে সংস্থাটি ওই দুই মৃত্যু কোন অঙ্গরাজ্যে ঘটেছে, তা জানায়নি। হামের কারণে মৃত্যুর হিসাব কীভাবে করা হবে, তা নিয়ে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়রের মধ্যে বিরোধ তৈরি হয়েছে।