হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নারী বসের হাতে ‘যৌন নিগ্রহের’ শিকার যুবক ব্যাংকার, ঘুষ দিয়ে মেটাতে চেয়েছিল জেপি মরগান

আজকের পত্রিকা ডেস্ক­

চিরায়ু রানা অভিযোগ করেছেন, তাঁকে যৌন নিগ্রহ করেছেন তাঁর বস লরনা হাজদিনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মরগান যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগে করা একটি মামলার নিষ্পত্তির জন্য সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকার চিরায়ু রানাকে ১০ লাখ ডলার ঘুষের প্রস্তাব দিয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে জানা গেছে, ওয়াল স্ট্রিটে ব্যাপক আলোড়ন তোলা বিস্ফোরক অভিযোগে ভরা মামলা দায়েরের কয়েক সপ্তাহ আগেই এই সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আদালতে দায়ের করা চিরায়ু রানার মামলাটি এক সপ্তাহের জন্য সরিয়ে নেওয়ার পর সোমবার আবার জমা দেওয়া হয়। মামলায় তিনি অভিযোগ করেন, এক নারী সহকর্মী তাঁকে যৌন নিপীড়ন করেছেন এবং দেশের সবচেয়ে বড় এই ব্যাংকের সহকর্মীরা তাঁর বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্য করেছেন।

জেপিমরগান বলেছে, তারা একাধিক কর্মীর সঙ্গে কথা বলে অভ্যন্তরীণ তদন্ত চালিয়েছে এবং তাদের বিশ্বাস—রানার অভিযোগের কোনো ভিত্তি নেই। মামলায় অভিযুক্ত নারী সহকর্মী লর্না হাজদিনির আইনজীবীরাও বলেছেন, অভিযোগগুলো সম্পূর্ণ মনগড়া এবং দুজনের মধ্যে কখনো কোনো যৌন সম্পর্ক ছিল না।

মামলার অভিযোগগুলো সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ইনস্টাগ্রামে রানা ও ওই নারী ব্যাংকারকে নিয়ে এআই-নির্মিত ভিডিও ছড়িয়ে পড়ে। অভিযোগের সত্যতা এবং রানার বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়। পডকাস্টার জো রোগান এবং মেগান কেলির মতো ব্যক্তিরাও প্রকাশ্যে এ নিয়ে আলোচনা করেন এবং ‘আসলেই কী ঘটেছে’ তা নিয়ে মত দেন। ইন্টারনেট আবারও প্রমাণ করল, মানুষ বিচারব্যবস্থার চেয়ে দ্রুত রায় দিতে বেশি ভালোবাসে।

বিষয়টি আদালতের বাইরে মিটিয়ে ফেলতেই জেপিমরগান ১০ লাখ ডলারের সমঝোতা প্রস্তাব দিয়েছিল বলে জানা গেছে। এটি ব্যাংকে রানার দুই বছরের কম সময়ের পারিশ্রমিকের সমপরিমাণ। তবে রানা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং আরও বেশি অর্থ দাবি করেন।

এক বিবৃতিতে জেপিমরগানের এক মুখপাত্র বলেন, ‘আমরা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল আইনি লড়াই এড়াতে এবং এমন একজন কর্মীকে সহায়তা করতে সমঝোতার চেষ্টা করেছি, যিনি এখন যে সুনামহানির মুখোমুখি হচ্ছেন, সে ধরনের হুমকির মধ্যে ছিলেন। আমরা এখনও বিশ্বাস করি, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। বরং মামলাটি প্রকাশ্যে আসার পর নতুন যে তথ্য সামনে এসেছে, তা আমাদের সেই অবস্থানকেই আরও জোরালো করেছে।’

মামলায় বলা হয়, চিরায়ু রানা ২০২৪ সালের মে মাসে জেপিমরগানের লেভারেজড ফাইন্যান্স টিমে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। তার দায়িত্ব ছিল নতুন ঋণ সংগ্রহ ও ব্যবস্থাপনা করা। ২০২৫ সালের মে মাসে তিনি জেপিমরগানের মানবসম্পদ বিভাগে একটি অভ্যন্তরীণ অভিযোগ দাখিল করেন। সেখানে তিনি দাবি করেন, ব্যাংকের সহকর্মীদের হাতে তিনি বৈষম্য, বর্ণবাদী হয়রানি ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

মামলায় রানা অভিযোগ করেন, নেপালি বংশোদ্ভূত হওয়ায় সহকর্মীরা তাঁর বিরুদ্ধে বর্ণবাদী গালিগালাজ করতেন। এছাড়া এক জ্যেষ্ঠ নারী কর্মকর্তা তাকে একাধিকবার যৌন নিপীড়ন করেছেন বলেও তিনি দাবি করেন। অভিযোগ দায়েরের পর রানাকে বেতনসহ ছুটিতে পাঠানো হয় এবং ব্যাংক অভ্যন্তরীণ তদন্ত শুরু করে।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেন, ব্যাংক কয়েক মাস ধরে তদন্ত চালালেও অভিযোগের পক্ষে নির্দিষ্ট প্রমাণ খুঁজে পায়নি। জেপিমরগান দাবি করেছে, রানা তদন্তে সহযোগিতা করেননি। পরবর্তীতে রানা জেপিমরগান ছেড়ে ২০২৫ সালের অক্টোবর মাসে প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান ব্রেগাল সেজমাউন্টে নতুন চাকরিতে যোগ দেন।

এর মধ্যে, ২০২৬ সালের শুরুতে রানার আইনজীবী ও জেপিমরগানের মধ্যে কয়েক সপ্তাহ ধরে মধ্যস্থতা বৈঠক চলে বলে মামলায় উল্লেখ করা হয়। মার্চ মাসে জেপিমরগান তাকে ১০ লাখ ডলারের সমঝোতা প্রস্তাব দেয়। রানা সেই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান করেননি। মার্চের শেষ দিকে তিনি যুক্তরাষ্ট্রের সমান কর্মসংস্থান সুযোগ কমিশনে জেপিমরগানের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ দায়ের করেন।

এরপর এপ্রিলের শুরুতে রানাকে ব্রেগাল সেজমাউন্ট থেকেও চাকরিচ্যুত করা হয়। প্রতিষ্ঠানটি জানায়, তিনি আর তাদের কর্মী নন এবং চাকরির সময় তিনি কোনো সাবেক নিয়োগকর্তা, প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সে বিষয়ে তারা অবগত ছিল না। এপ্রিল মাসে রানার আইনজীবীরা জেপিমরগানের ১০ লাখ ডলারের প্রস্তাবের পাল্টা হিসেবে ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলারে সমঝোতার প্রস্তাব দেন।

গত সপ্তাহে রানার আইনজীবীরা নিউইয়র্ক অঙ্গরাজ্যের আদালতে ‘জন ডো’ ছদ্মনামে মামলা দায়ের করেন। পরে মামলাটি আদালতের তালিকা থেকে সরিয়ে নেওয়া হলে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সোমবার তাঁরা সংশোধিত সংস্করণ পুনরায় জমা দেন, যা মূল মামলার সঙ্গে প্রায় একই ছিল। মামলায় নাম গোপন রাখা দুই সাক্ষীর হলফনামাও যুক্ত করা হয়েছে। তারা দাবি করেন, রানা ও অভিযুক্ত নারী ব্যাংকারকে তারা ঘনিষ্ঠ ও রোমান্টিক পরিস্থিতিতে একসঙ্গে দেখেছেন।

রানার আইনজীবী ড্যানিয়েল কাইজার বলেন, ‘মূল মামলা প্রত্যাহার করা হয়নি। আদালতের ক্লার্ক আমাদের জানিয়েছিলেন, ছদ্মনামে মামলা চালাতে হলে বিচারকের অনুমোদন প্রয়োজন। বিচারকের স্বাক্ষরের পর গতকাল মামলাটি আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে।’

প্রকাশ্য মামলায় অত্যন্ত স্পষ্ট ও বিস্তৃতভাবে অভিযোগ বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়, টিমের এক জ্যেষ্ঠ নারী ব্যাংকার বারবার রানাকে যৌন সম্পর্কে বাধ্য করার চেষ্টা করতেন। অভিযোগ অনুযায়ী, তিনি প্রায়ই বর্ণবাদী অপমানের সঙ্গে যৌন চাপ প্রয়োগ করতেন এবং সম্পর্কে রাজি না হলে পদোন্নতি ও ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দিতেন। রানা দাবি করেন, ‘ওই নারী জোর করে তাঁর সঙ্গে ওরাল সেক্স করেন এবং তিনি অনুরোধ করে থামতে বললেও চাপের মুখে তাদের মধ্যে যৌন সম্পর্ক হয়।’

মামলার ভাষ্য অনুযায়ী, ওই নারী তাঁকে বলেছিলেন, ‘তুমি যদি দ্রুত আমার সঙ্গে শোও না, আমি তোমাকে ধ্বংস করে দেব... ভুলে যেও না, তোমাকে আমি নিয়ন্ত্রণ করি।’ আরেকটি অভিযোগে বলা হয়, তিনি রানাকে বলেন, ‘আজ রাতে যদি তুমি আমাকে সন্তুষ্ট না করো, আমি তোমার পদোন্নতি আটকে দেব।’ মামলার এক অংশে আরও বলা হয়, ‘এরপর তিনি বাদীকে তাঁর পায়ের আঙুল চুষতে বলেন এবং পুনরায় আশ্বাস দেন যে তিনি তাঁর পদোন্নতি ও বোনাস নিশ্চিত করবেন।’

জেপিমরগানের এক মুখপাত্রের মাধ্যমে হাজদিনির আইনজীবীরা বলেন, ‘তিনি অভিযোগগুলো স্পষ্টভাবে অস্বীকার করছেন। তিনি কখনো ওই ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক বা কোনো ধরনের যৌন সম্পর্ক করেননি এবং তাকে কখনো কোনো মাদকও দেননি। তার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তার সুনাম ক্ষুণ্ন করছে।’

কানাডা থেকে স্বাধীন হতে চায় আলবার্টা, গণভোটের তোড়জোড়

এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ, কী লেখা ছিল এতে

যে জীবন ছেড়ে গেলেন টেড টার্নার

সিএনএনের প্রতিষ্ঠাতা ও মিডিয়া মোগল টেড টার্নার আর নেই

চুক্তিতে রাজি না হলে এবারের হামলা হবে আরও ভয়াবহ: ট্রাম্প

এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র-ইরান, যা আছে এতে

ইরানে মার্কিন ‘আক্রমণ শেষ’, কেন পিছু হটছেন ট্রাম্প

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়

ইরানের হামলার পরও হেগসেথ বললেন—যুদ্ধবিরতি শেষ হয়নি

জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণ মানুষ-মানুষেও ঘটেছে—বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা