ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের বাবা থমাস মার্কেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। গোড়ালিতে থাকা ইলেকট্রনিক নজরদারি যন্ত্র কেটে খুলে ফেলায় এই নির্দেশ দেওয়া হয়। ৮২ বছর বয়সী থমাসের বিরুদ্ধে কয়েক দিন আগেই শিশু যৌন নিপীড়নসংক্রান্ত ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগ আনা হয়েছিল।
বুধবার (১১ নভেম্বর) সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় ফেডারেল আদালতে হাজির করার আগে গত ৬ নভেম্বর থমাসকে গ্রেপ্তার করা হয়েছিল। ফেডারেল প্রসিকিউটর বিল এসাইলি জানান, মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটে থমাস তাঁর গোড়ালির ইলেকট্রনিক মনিটরিং ডিভাইসটি কেটে ফেলেন। পরে বিষয়টি টের পেয়ে কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করে।
এসাইলি বলেন, ‘মুক্তির শর্তগুলো আদালতের আদেশ, কোনো পরামর্শ নয়।’
সম্প্রতি ফ্লোরিডার লেকল্যান্ড থেকে থমাসকে গ্রেপ্তার করার আগে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকায় দুটি স্টোরেজ ইউনিট থেকে প্রায় ৭৮টি সামগ্রী জব্দ করে কর্তৃপক্ষ। এসব সামগ্রীর মধ্যে ছিল স্লাইড, ফিল্ম নেগেটিভ ও বই, যেখানে শিশু যৌন নিপীড়নসংক্রান্ত সন্দেহজনক ছবি পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
গ্রেপ্তারের সময় থমাস একটি প্রবীণ পরিচর্যাকেন্দ্রে থাকতেন। তবে ম্যাজিস্ট্রেট বিচারক লিন্ডসে গ্রিফিন মঙ্গলবার তাঁকে কারাগারে রাখার নির্দেশ দেন। লিখিত আদেশে বিচারক উল্লেখ করেন, তাঁর বর্তমান আবাসন পরিস্থিতি ‘অনুপযুক্ত’ হয়ে উঠেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি।
থমাসের আইনজীবী মেরি ক্লেয়ার উলফ তাঁকে কারাগারের বাইরে রাখার চেষ্টা করলেও উপযুক্ত আবাসনের ব্যবস্থা করতে পারেননি। তাঁর মানসিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষাও এখনো বাকি রয়েছে।
চলতি বছরের শুরুতে ফিলিপাইনে বসবাসের সময় স্ট্রোকে আক্রান্ত হন থমাস। পরে তাঁর বাঁ পা কেটে ফেলতে হয়। এরপর তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ফিলিপাইনে বাবার বাড়ি পরিষ্কার করার সময় মেগানের সৎভাই শিশু যৌন নিপীড়নসংক্রান্ত ছবির একটি সংগ্রহ খুঁজে পান। সেখান থেকেই ক্যালিফোর্নিয়ার স্টোরেজ ইউনিট দুটির সন্ধান পাওয়া যায়।
এদিকে বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মেগান। তিনি জানিয়েছেন, ২০১৯ সালে তাঁর বাবার বিরুদ্ধে উদ্বেগজনক অভিযোগসংবলিত একটি চিঠি লন্ডন পুলিশের কাছে পাঠানো হয়েছিল। সন্তানদের নিরাপত্তার কারণেই বাবার সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন বলে জানিয়েছেন তিনি। ২০১৮ সালে প্রিন্স হ্যারিকে বিয়ে করেন মেগান। তাঁদের দুই সন্তান রয়েছে।