হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

লাইভের মধ্যেই মেক্সিকোর জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

আজকের পত্রিকা ডেস্ক­

মেক্সিকোর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুম। ছবি: সিএনএন

মেক্সিকোর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুম লাইভস্ট্রিম চলাকালেই বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুলিয়াকানের একটি ফাস্টফুড রেস্তোরাঁর বাইরে বন্ধুদের সঙ্গে টিকটকে লাইভ করার সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ছয় লাখ টিকটক অনুসারী থাকা গাস্তেলুম মূলত হাস্যরসাত্মক ভিডিও নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার সময় তিনি বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁর বাইরে বসে লাইভস্ট্রিম করছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে গিয়ে থামে। রয়টার্সের যাচাই করা লাইভস্ট্রিমের ভিডিওতে মোটরসাইকেলের চালককে গাস্তেলুমকে লক্ষ্য করে সরাসরি গুলি ছুড়তে দেখা যায়।

সিনালোয়া অঙ্গরাজ্যের এক নিরাপত্তা কর্মকর্তা গাস্তেলুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার পর পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাম্প্রতিক সময়ে কুলিয়াকানে চলমান সহিংসতার মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটল। সিনালোয়া অঙ্গরাজ্যের রাজধানী কুলিয়াকান দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বী সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীগুলোর ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দু। মাদক চক্রগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে ঘিরে শহরটিতে প্রায়ই প্রাণঘাতী হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

এই হত্যাকাণ্ডের পর গত বছরের আরেক আলোচিত ঘটনার কথা আবারও সামনে এসেছে। ২০২৫ সালের মে মাসে মেক্সিকোর বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজও টিকটকে লাইভ করার সময় গুলিতে নিহত হন। পশ্চিমাঞ্চলীয় জালিস্কো অঙ্গরাজ্যের জাপোপানে নিজের কর্মস্থল একটি বিউটি সেলুনে লাইভস্ট্রিম চলাকালে এক ব্যক্তি ঢুকে তাকে গুলি করে হত্যা করে। মাত্র ২৩ বছর বয়সী মার্কেজের মৃত্যুর ঘটনায় প্রসিকিউটরেরা নারীবিদ্বেষমূলক হত্যাকাণ্ড (ফেমিসাইড) হিসেবে তদন্ত শুরু করেছিলেন।

এদিকে চলতি বছরের জুলাইয়ে মেক্সিকোর কর্তৃপক্ষ জালিস্কোতে রামন অ্যাঞ্জেল আলভারেজ আয়ালা ওরফে ‘এল আর-১ ’-কে গ্রেপ্তারের ঘোষণা দেয়। দেশটির নিরাপত্তামন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ তাঁকে জালিস্কো নিউ জেনারেশন কার্টেল-সংশ্লিষ্ট একটি অপরাধী চক্রের নেতা হিসেবে শনাক্ত করেন। কর্তৃপক্ষের দাবি, ভ্যালেরিয়া মার্কেজ হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে। এ ছাড়া ২০২৫ সালের নভেম্বরে উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজো হত্যার নির্দেশ ও অর্থায়নের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের লক্ষ্য করে হামলার ঘটনা এবং মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে সংঘবদ্ধ অপরাধী চক্রের ক্রমবর্ধমান সহিংসতা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

অস্ত্র-সংকটের বিষয়ে জানতেন না ট্রাম্প, বাগ্‌যুদ্ধে জড়িয়েছিলেন হেগসেথের সঙ্গে

মার্কিন গোলাবারুদ ঘাটতির তথ্য ফাঁসকারীদের জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের

মানুষ হত্যা নয়, আমি বরং ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইয়েদ

‘ভালো আলোচনার’ মধ্যেই ইরানকে ট্রাম্প বললেন—হরমুজ খুলে দাও, নইলে খুব মারব

এইচ-১বি ও এল-১ ভিসার মেয়াদ বাড়ানো আরও ব্যয়বহুল করছে ট্রাম্প প্রশাসন

জুলাই পর্যন্ত অতিরিক্ত শুল্কের ১০০ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ শেষ

ইরান যুদ্ধে ৮০% মিসাইল ইন্টারসেপ্টরের মজুত হারিয়েছে যুক্তরাষ্ট্র, পূরণে লাগবে কয়েক বছর

উচ্চমূল্যে ভুগছে মানুষ, মার্কিন তেল কোম্পানিগুলোর রেকর্ড মুনাফায় খেপেছেন ট্রাম্প