হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অন্ধকার কোণে পড়ে ছিল ৩০ ডলারের চিত্রকর্ম—বিক্রি হলো প্রায় ১৭ কোটি টাকায়

আজকের পত্রিকা ডেস্ক­

‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি। ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি এস্টেট বিক্রির সময় মাত্র ৩০ ডলারে কেনা একটি পুরোনো তেলচিত্র নিলামে বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারের (১৬ কোটি ৬২ লাখ টাকা প্রায়) বেশি দামে।

সোমবার (৫ অক্টোবর) সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন সুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলামপ্রতিষ্ঠান ফ্রিম্যানসের মাধ্যমে সম্প্রতি এটি নিলামে ওঠে।

১৯৫১ সালে আঁকা চিত্রকর্মটিতে ১০টি সামুদ্রিক শামুকের খোলস দেখা যায়। অ্যাবারক্রোম্বির শিল্পকর্মে শামুক ও ঝিনুকের খোলস ছিল বারবার ফিরে আসা একটি বিষয়। চিত্রকর্মটি ১৯৫২ সাল থেকে পরবর্তী দুই বছরে শিল্পীর ছয়টি একক প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল। তখন এর দাম নির্ধারণ করা হয়েছিল ৫০ থেকে ১৫০ ডলারের মধ্যে।

তবে অ্যাবারক্রোম্বি এই চিত্রকর্ম বিক্রি করেননি। চিকিৎসাসেবার বিনিময়ে তিনি এটি মিশিগানের কালামাজুর এক চিকিৎসককে উপহার দিয়েছিলেন। চিকিৎসকের মৃত্যুর পর তাঁর সম্পত্তির সঙ্গে চিত্রকর্মটিও উত্তরাধিকার সূত্রে বিভিন্ন হাত ঘুরে শেষ পর্যন্ত একটি বাড়ির মালামালের সঙ্গে বিক্রি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্রেতা মূলত পুরোনো রেকর্ড অ্যালবাম ও মধ্য শতকের আসবাব সংগ্রহ করেন। চিত্রকর্মটির অন্ধকার পটভূমিতে অস্পষ্টভাবে লেখা অ্যাবারক্রোম্বির স্বাক্ষরটি (Abercrombie, ’ 51) তাঁর নজরে আসে। ৩০ ডলারের বিনিময়ে এটি কিনে নেওয়ার পর তিনি পরিবারের ছুটির পরিকল্পনাও বদলে ফেলেন। মিলওয়াকি আর্ট মিউজিয়ামে অ্যাবারক্রোম্বির একটি প্রদর্শনী দেখতে গিয়ে ক্যাটালগে ১৯৫২ সালের একটি সংবাদ কাটিংয়ে এই চিত্রকর্মের ছবি দেখতে পান।

এরপর চিত্রকর্মটিকে নিলামপ্রতিষ্ঠান ফ্রিম্যানসে নিয়ে যাওয়া হয়। এটি যে অ্যাবারক্রোম্বিরই আঁকা, তা নিশ্চিত করেন শিল্পীর বিষয়ে বিশেষজ্ঞ ও রুজভেল্ট ইউনিভার্সিটির শিল্প-ইতিহাসের অধ্যাপক সুসান ওয়াইনিঙ্গার। চিত্রকর্মটি মূল ফ্রেমেই ছিল। পরে শিল্পী জুলিয়ান বমগার্টনার এটি পরিষ্কার করেন। তাঁর মতে, ময়লা ও ঘোলাটে বার্নিশ ছাড়া ছবিটি প্রায় নিখুঁত অবস্থায় ছিল।

নিলামপ্রতিষ্ঠান ছবিটির মূল্য ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার ডলার অনুমান করেছিল। কিন্তু চূড়ান্ত বিক্রয়মূল্য সেই হিসাব ছাড়িয়ে অ্যাবারক্রোম্বির শিল্পকর্মের নতুন নিলাম রেকর্ড তৈরি করে। এর আগে ২০২৫ সালে সোথবিজে অ্যাবারক্রোম্বির ‘মেসেজ ফর মার্সি’ ছবিটি ১০ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

মার্কিন সুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বি। ছবি: সংগৃহীত

১৯৭৭ সালে মারা যাওয়া অ্যাবারক্রোম্বি ছিলেন মূলত স্বশিক্ষিত শিল্পী। স্বপ্নময়, রহস্যময় ও অতিলৌকিক আবহের চিত্রকর্মের জন্য তিনি পরিচিত ছিলেন। শামুকের খোলস, প্যাঁচা, বিড়াল ও রহস্যময় দরজা তাঁর ছবিতে প্রায়ই দেখা যেত। তাঁর শিল্প ছিল অত্যন্ত আত্মজৈবনিক। তিনি একবার বলেছিলেন, ‘আমি সব সময় নিজেকেই আঁকি।’

নিলামপ্রতিষ্ঠান ফ্রিম্যানসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জ্যাকারি উইরসাম এই ছবির পুনরাবিষ্কারকে ‘অসাধারণ’ বলে বর্ণনা করেছেন। তাঁর ভাষায়, অ্যাবারক্রোম্বির ছবি যে কখনো কখনো এস্টেট বিক্রিতে পাওয়া যায়, তা তিনি মিলওয়াকির প্রদর্শনীতে দর্শকদের বলেছিলেন। তবে এক মাসের মধ্যেই এমন ঘটনার নজির ঘটবে, তা তিনি ভাবেননি।