মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন সেনাদের অবস্থান বাণিজ্যিক লোকেশন ডেটার মাধ্যমে শনাক্ত হওয়ার আশঙ্কায় সামরিক বাহিনীর ব্যবহৃত ফোন ও কম্পিউটারে বিজ্ঞাপনী ট্র্যাকার (অ্যাডভারটাইজিং আইডি) বন্ধ করেছে পেন্টাগন। মার্কিন সিনেটর রন ওয়াইডেন প্রকাশিত চিঠি এবং রয়টার্সকে দেওয়া সামরিক বাহিনীর বক্তব্যে এ তথ্য জানা গেছে।
ওরেগনের ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন গত কয়েক মাস ধরে পেন্টাগনের কাছে এ বিষয়ে জবাব চেয়ে আসছিলেন। তিনি দাবি করেন, বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সংগ্রহ করা লোকেশন ডেটা ব্রোকারদের মাধ্যমে কিনে যুদ্ধক্ষেত্রে মোতায়েনরত সেনাদের গতিবিধি অনুসরণ করা সম্ভব। এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।
এদিকে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, তারা দুই মাস আগেই কম্পিউটার ও মোবাইল ফোনের বিজ্ঞাপনী আইডি বন্ধ করেছে।
স্পেশাল অপারেশনস কমান্ড (এসওসিওএম) পৃথক চিঠিতে জানায়, সম্প্রতি তাদের উইন্ডোজ ডিভাইসেও এ সুবিধা নিষ্ক্রিয় করা হয়েছে।
মার্কিন সেনাবাহিনী রয়টার্সকে জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও অ্যাপল মোবাইল ডিভাইসে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিজ্ঞাপনী আইডি ডিফল্টভাবে বন্ধ রয়েছে। তবে উইন্ডোজ কম্পিউটারে এটি ২০২১ সালের আগ থেকেই নিষ্ক্রিয় ছিল।
নৌবাহিনীও ওয়াইডেনকে জানিয়েছে যে, তারা সামরিক ডিভাইসে বিজ্ঞাপনী আইডি বন্ধ করেছে। তবে সেটি কখন থেকে কার্যকর হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি। রয়টার্সের মন্তব্যের অনুরোধেও সাড়া দেয়নি নৌবাহিনী।
চলতি বছরের জুলাইয়ে রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যে মোতায়েনরত কিছু মার্কিন সেনাকে নিরাপত্তা উদ্বেগে ব্যক্তিগত মোবাইল ফোন জমা দিতে বলা হতে পারে। আশঙ্কা ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও এবং মোবাইল ডেটা ব্যবহার করে ইরান মার্কিন ঘাঁটির অবস্থান নির্ণয় করতে পারে।
আজ শুক্রবার (৪ আগস্ট) রন ওয়াইডেন ও রিপাবলিকান কংগ্রেসম্যান প্যাট হ্যারিগান পেন্টাগনের কাছে যৌথ চিঠি পাঠিয়ে জানতে চান, সামরিক বাহিনী লোকেশন ডেটা বাণিজ্যের ঝুঁকি মোকাবিলায় যথেষ্ট ব্যবস্থা নিয়েছে কি না। চিঠিতে বিভিন্ন বাহিনীর ট্র্যাকার নিষ্ক্রিয় করার তথ্যও যুক্ত করা হয়।
ওয়াইডেন বলেন, ‘এটা স্পষ্ট যে সামরিক বাহিনীর পদক্ষেপ এখনো এই হুমকি পুরোপুরি নিরসনে কার্যকর হয়নি।’
হ্যারিগান বলেন, ‘যুক্তরাষ্ট্রের শত্রুরা যেন শুধু একটি ক্রেডিট কার্ড ব্যবহার করে মার্কিন সেনাদের অবস্থানসংক্রান্ত তথ্য কিনতে না পারে।’
পেন্টাগন জানিয়েছে, তারা আইনপ্রণেতাদের কাছে সরাসরি এ বিষয়ে জবাব দেবে।
মোবাইল অ্যাডভারটাইজিং আইডি বা এমএআইডি হলো প্রতিটি ডিভাইসের জন্য নির্ধারিত একটি স্বতন্ত্র শনাক্তকারী। বিভিন্ন অ্যাপে ব্যবহারকারীর কার্যক্রম অনুসরণ এবং অবস্থান নির্ধারণে এটি ব্যবহৃত হয়।
গোপনীয়তাবিষয়ক অ্যাডটেক প্রতিষ্ঠান ডিক্রিপ্টঅ্যাডসের সহপ্রতিষ্ঠাতা জ্যাক এডওয়ার্ডস বলেন, সামরিক ডিভাইসে এমএআইডি বন্ধ করা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। এতে সেনাদের অবস্থান বৃহৎ পরিসরে বিক্রি হওয়া লোকেশন ডেটাসেটে অন্তর্ভুক্ত হওয়ার ঝুঁকি কমবে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘অ্যাপ, নেটওয়ার্ক ডেটা এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য একত্র করে আরও জটিল উপায়ে সামরিক সদস্যদের অবস্থান শনাক্ত করা সম্ভব।’