হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

২৩০০ আবেদন করেও চাকরি পাননি প্রিন্সটন থেকে পিএইচডি করা মার্কিন গবেষক

আজকের পত্রিকা ডেস্ক­

জ্যাক ওয়েইস। ছবি: সংগৃহীত

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এক স্নাতকের গবেষণা সাইট বা উল্লেখ করেছিল নোবেল কমিটি। কিন্তু এত দারুণ একাডেমিকম প্রোফাইল থাকার পরও ২০২৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জনের পর থেকে ২ হাজার ৩০০ টিরও বেশি চাকরির জন্য আবেদন করেছেন। কিন্তু এখনও বেকার তিনি। থাকতে হচ্ছে বাবা-মায়ের বাড়ির বেসমেন্টে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর বয়সি জ্যাক ওয়েইসের বাড়ি যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটিতে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করা এই ব্যক্তি ওষুধ গবেষণা, জাতীয় গবেষণাগারের ফেলোশিপ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে খাবার তৈরির কাজ পর্যন্ত বিভিন্ন ধরনের চাকরির জন্য আবেদন করেছেন।

দুই চিকিৎসকের সন্তান ওয়েইস রাইস বিশ্ববিদ্যালয় থেকে সুমা কাম লাউডে বা সর্বোচ্চ প্রশংসাসূচক সম্মান নিয়ে স্নাতক হন। এরপর প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল বরফ তৈরির পেছনে থাকা রাসায়নিক নীতি এবং অণুগুলির পারস্পরিক ক্রিয়াকলাপ। পরে ২০২৪ সালের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি তাঁর গবেষণার উল্লেখ করে।

এত উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও গবেষণার চাকরি এবং পোস্টডক্টরাল ফেলোশিপ পেতে হিমশিম খাচ্ছেন ওয়েইস। তাঁর বহু চাকরির আবেদনের কোনও উত্তরই আসেনি। অন্য অনেক আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। শেষ পর্যন্ত নিজের বিশেষজ্ঞতার ক্ষেত্রের বাইরেও চাকরির সন্ধান শুরু করতে বাধ্য হন তিনি।

ওয়েইসের বাবা চিকিৎসক জন ওয়েইস দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘আমরা কখনও ভাবিনি, ওকে এমন সমস্যায় পড়তে হবে। ও একজন ঈগল স্কাউট, অন্যদের সাহায্য করে, পরিবেশ সম্পর্কে সচেতন এবং শারীরিকভাবেও সুস্থ। ও আমার চেয়েও বেশি বুদ্ধিমান, আমার চেয়ে ভালোভাবে নিজের কথা প্রকাশ করতে পারে। ইতিহাস সম্পর্কে ওর জ্ঞান যেন বিশ্বকোষের মতো।’

গত তিন বছরে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৪ দশমিক ৩ শতাংশের মধ্যে থাকলেও চাকরিপ্রার্থীরা বলছেন, কাজ খুঁজে পাওয়া এখনও কঠিন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির প্রাক্তন আধিকারিক অ্যালিসিয়া কনট্রেরাসও একই সমস্যার মুখে পড়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে এপ্রিলে তিনি জানান, ট্রাম্প প্রশাসন সংস্থাটির বিদেশে পরিচালিত কর্মকাণ্ডের বড় অংশ বন্ধ করে দেওয়ার পর থেকে তিনি চাকরি খুঁজে পেতে সমস্যায় পড়ছেন।

এমবিএ ডিগ্রিধারী কনট্রেরাসের সরকারি পরিষেবায় কাজ করার অভিজ্ঞতা ১৭ বছরের। ওয়াশিংটন ডিসি অঞ্চলে ফিরে আসার পর ছয় মাসে তিনি প্রায় ১০০টি চাকরির জন্য আবেদন করেন। কিন্তু কোনও চাকরির প্রস্তাব পাননি। কনট্রেরাস সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এখানকার চাকরির বাজার বেশ খারাপ। একবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে ভিডিও সাক্ষাৎকার দেওয়ার অনুরোধ পেয়েছিলাম। তা ছাড়া, অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যাখ্যানের মুখে পড়েছি। আমার মনে হয়, বাজারে চাকরিপ্রার্থীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।’

অ্যান্ড্রু হাডসনের জবস লিস্ট ইনকর্পোরেটেডের প্রায় ২১৮ জন চাকরিপ্রার্থীকে নিয়ে করা একটি সমীক্ষায় দেখা গেছে, ৬১ শতাংশ উত্তরদাতা চাকরির আবেদনের পর নিয়োগকর্তাদের কোনও উত্তর না পাওয়ার বিষয়ে উদ্বিগ্ন। অন্য চাকরিপ্রার্থীরা বয়সের কারণে বৈষম্য, তীব্র প্রতিযোগিতা এবং ভুয়ো চাকরির বিজ্ঞাপনের আশঙ্কার কথা জানিয়েছেন। কেউ কেউ মনে করছেন, এআইয়ের ব্যবহার নিয়োগপ্রক্রিয়াকে আরও যান্ত্রিক ও ব্যক্তিগত যোগাযোগবিহীন করে তুলছে।

এআইকে প্রশিক্ষণ দেওয়ার কাজও হারিয়েছেন ওয়েইস

কিছুদিনের জন্য অবশ্য ঘণ্টায় ৭০ ডলার পারিশ্রমিকের একটি কাজ পেয়েছিলেন ওয়েইস। কাজটি দিয়েছিল প্রযুক্তি সংস্থা মারকোর। সংস্থাটি বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়োগ করে তাঁদের নিজ নিজ বিষয়ের জ্ঞান ব্যবহার করে এআই ব্যবস্থাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। গত বছর মারকোরের বাজারমূল্য ছিল ১০০০ কোটি ডলার। সংস্থাটি ওপেনএআই এবং অ্যানথ্রপিকের সঙ্গে কাজ করেছে। জ্যোতির্বিজ্ঞান, সৃজনশীল লেখালেখি, আইন এবং বিনিয়োগ ব্যাঙ্কিং-সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ করে তারা।

মারকোরের স্টুডিও প্ল্যাটফর্মে কাজ করার সময় ওয়েইস এআইকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-সংক্রান্ত প্রশ্ন তৈরি করতেন। এআইয়ের দেওয়া উত্তর মূল্যায়ন করতেন এবং উত্তরগুলিকে আরও উন্নত করতেন। কিন্তু সপ্তাহে তাঁর কাজের সময় কখনও চার ঘণ্টা, কখনও ২০ ঘণ্টা হতো। শেষ পর্যন্ত সেই কাজও বন্ধ হয়ে যায়। ফলে নিয়মিত আয়ের কোনও পথ আর অবশিষ্ট থাকেনি তাঁর।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে ওয়েইস বলেন, ‘মারকোরের সঙ্গে বন্ধুত্বের অবসান হয়েছে। এখন বেকারত্বই আমার সবচেয়ে ভালো বন্ধু।’

প্রিন্সটন ও রাইস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহপাঠী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গেও যোগাযোগ করে চাকরির সুযোগ খোঁজার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সেই চেষ্টাতেও তেমন কোনও সুযোগ মেলেনি। শেষ পর্যন্ত তাঁর চাকরির আবেদনের তালিকায় এমন একটি কাজও যুক্ত হয়, যেখানে হিমায়িত কাঁকড়ার কেক বিক্রি করে এমন একটি সংস্থায় খাবার তৈরির কাজ করতে হতো।

আইন পেশায় যাওয়ার কথা ভাবছেন

এত চেষ্টা করেও চাকরি না পাওয়ায় এখন পেশা বদলের কথা ভাবছেন ওয়েইস। আগামী নভেম্বর মাসে আইন স্কুলে ভর্তির পরীক্ষা ল স্কুল অ্যাডমিশন টেস্ট (এলএসএটি) দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছেন তিনি। আইন নিয়ে পড়াশোনা করবেন কি না, তা নিয়ে ভাবছেন।

পাশাপাশি, উটাহ রাজ্যের রিপাবলিকান পার্টির (জিওপি) সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। বিভিন্ন ফেডারেল সংস্থার কাছে নিয়ম পরিবর্তনের প্রস্তাবও জমা দিয়েছেন। তাঁর জমা দেওয়া প্রস্তাবগুলির মধ্যে একটি হলো স্বাস্থ্যবিমাকে চাকরি থেকে আলাদা করা। বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু কর্মী তাঁদের নিয়োগকর্তার মাধ্যমে স্বাস্থ্যবিমার সুবিধা পান।

ওয়েইসের ধারণা, স্বাস্থ্যবিমার জন্য কর্মীদের যদি নিয়োগকর্তার ওপর নির্ভর করতে না হয়, তাহলে আরও বেশি মানুষ চাকরি ছেড়ে অন্য সুযোগ খুঁজতে স্বাধীন বোধ করবেন। এর ফলে তাঁদের ছেড়ে যাওয়া পদগুলিতে অন্য চাকরিপ্রার্থীদের কাজ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

এআই ব্যবহার করে তৈরি করছেন আগাছা মারার ড্রোন

চাকরির সন্ধানের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখছেন ওয়েইস। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তিনি এমন একটি ড্রোনের নকশা তৈরি করেছেন, যাতে এলইডি লেজার লাগানো রয়েছে। ড্রোনটির উদ্দেশ্য হলো মার্টল স্পার্জ নামের একটি আগ্রাসী আগাছা ধ্বংস করা। এই উদ্ভিদটি নিজের স্বাভাবিক বিস্তারের এলাকার বাইরে ছড়িয়ে পড়ে স্থানীয় পরিবেশের ক্ষতি করতে পারে।

চাকরি খুঁজতে খুঁজতে হতাশ হয়ে পড়লেও নিজের যোগ্যতার ওপর আস্থা হারাতে চান না ওয়েইস। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, ‘আমি যদি সত্যিই বিশ্বাস করি যে আমার কিছু মূল্য আছে, তাহলে সেই মূল্য অর্জনের জন্য আমাকে নিজেকেই এগিয়ে যেতে হবে।’

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীলনকশার ইঙ্গিত

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ট্রাম্প প্রশাসন বলছে—পুতিন ‘মানবতাবাদী’

চীনের মোকাবিলায় শক্তিশালী ‘ডিপ কভার’ স্পাই নেটওয়ার্ক গড়ছে যুক্তরাষ্ট্র

সংবাদ সরাও, অন্যথায় ফল ভুগতে হবে: মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্প প্রশাসনের হুমকি

আবার চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন

ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পৌনে দুই বছরে ৩ লাখের বেশি অভিবাসীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

ইসরায়েলের নির্বাচন: ট্রাম্প সমর্থন দিলেও নেতানিয়াহুর পক্ষে নন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

৪৩ বছর পর সিএনএন ছাড়ছেন প্রখ্যাত সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুর