হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে নির্বাচনে জালিয়াতির অভিযোগে ২ ভারতীয়সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

নির্বাচনে জালিয়াতির অভিযোগে ক্যালিফোর্নিয়ায় ২ ভারতীয়সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী জালিয়াতির অভিযোগে গ্রিন কার্ডধারী ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে দুই ভারতীয় নাগরিকও রয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ভারতীয় নাগরিক অমন্দীপ কৌর (৩০) ও কমলেশ শাহের (৬৭) বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন এবং ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিচার বিভাগ জানিয়েছে, নির্বাচনী জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ২৮ জনের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অঙ্গরাজ্যজুড়ে ভোরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনে জালিয়াতি প্রতিরোধ, এ ধরনের অপরাধের মূলোৎপাটন এবং নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা রক্ষার লক্ষ্যে ‘অপারেশন প্রোটেক্ট দ্য ভোট’ নামের এই অভিযান চালানো হয়েছে।

তবে ভারতীয় দুই নাগরিক গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মার্কিন বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, কমলেশ শাহ ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরের বাসিন্দা। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের দিন তিনি প্রতারণার মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করেন এবং ওই দিনই ভোট দেন।

অন্যদিকে, অমন্দীপ কৌর ক্যালিফোর্নিয়ার র‍্যাঞ্চো পালোস ভার্দেস এলাকার বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, তিনি ২০২২ সালের ডিসেম্বরে প্রতারণার মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করেন এবং ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দেন।

মার্কিন বিচার বিভাগ বলেছে, নির্বাচনী জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ২৮ জনই বিদেশি নাগরিক এবং যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। তাঁদের কাছে গ্রিন কার্ড রয়েছে। গ্রিন কার্ডধারীদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি থাকলেও তাঁরা দেশটির নাগরিক নন। তাই যুক্তরাষ্ট্রের নির্বাচনে তাঁদের ভোট দেওয়ার অনুমতি নেই।

অভিযুক্তদের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার আবেদনে মিথ্যা তথ্য দেওয়া। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের অভিযোগও আনা হয়েছে। উভয় অপরাধই গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়। এসব অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ফেডারেল কারাগারে সাজা হতে পারে।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ট্রেন্ট ম্যাককটার লস অ্যাঞ্জেলেসে সাংবাদিকদের বলেন, ‘আজ যে ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁদের প্রত্যেকের নামই ২০ হাজারের বেশি সম্ভাব্য অ-মার্কিন নাগরিক ভোটার নিবন্ধিত ব্যক্তির তালিকায় রয়েছে। গত সপ্তাহে আমরা ক্যালিফোর্নিয়ার নির্বাচনী কর্মকর্তাদের এই তালিকা দিয়েছিলাম।’

সোমবারের আগে, চলতি বছরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিভিন্ন ধরনের নির্বাচনী অনিয়মের অভিযোগে প্রায় ৯০ জনের বিরুদ্ধে মামলা করেছিল। তাঁদের মধ্যে ৫০ জনের বিরুদ্ধে অ-মার্কিন নাগরিক হয়েও ভোট দেওয়ার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ২২ কোটি ৭০ লাখের বেশি।

৪৩ বছর পর সিএনএন ছাড়ছেন প্রখ্যাত সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুর

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধের দাবি নাকচ করলেন রুবিও

মার্কিন কংগ্রেস ও বেশ কটি নির্বাচন কার্যালয়ে রহস্যময় পাউডারসহ চিঠি, তদন্তে এফবিআই

৫ দিনের মাথায় চাকরি হারালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, নেপথ্যে কী

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে কিশোরের গুলি, ৩ শিশু ও এক শিক্ষক নিহত

নিদাল হাসানের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

মার্কিন মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ এবং কংগ্রেসের ক্ষমতা হাতবদল হলে কী ঘটে

ইরানে হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, সিএনএনের প্রতিবেদন

অর্থ পাচার ঠেকাতে ব্যর্থ, যুক্তরাষ্ট্রের ব্যাংককে ১২০ কোটি ডলার জরিমানা