ইরানের সঙ্গে যুদ্ধে ‘বিজয় সন্নিকটে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের অবসান ঘটাতে তেহরানকে এখনো চুক্তিতে পৌঁছানোর সুযোগ দিচ্ছে তাঁর প্রশাসন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সেনাদের সঙ্গে থ্যাংকসগিভিং উপলক্ষে ফোনালাপে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আবার কাজ শুরু করার সক্ষমতা নেই।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ফ্লোরিডায় নিজ বাসভবন মার-আ-লাগো থেকে মার্কিন সেনাদের সঙ্গে ধারাবাহিক ফোনালাপে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানকে চুক্তিতে পৌঁছানোর এবং অনেক মানুষের জীবন বাঁচানোর জন্য সব ধরনের সুযোগ দিচ্ছি।’
তবে ইরান সেই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত নই, তারা এই সুযোগ কাজে লাগাবে কি না। কেউ কেউ প্রশ্ন করেন, কেন তারা এমন করছে। তারা কি পাগল? হয়তো তাই।’
ইরানের সামরিক শক্তি দুর্বল, দাবি ট্রাম্পের
মার্কিন সেনাদের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে।’ তবে ইসরায়েলের পরবর্তী নেতৃত্বের সঙ্গে কীভাবে কাজ করবেন, এ প্রশ্ন করা হলে ট্রাম্প ইরানের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং দেশটিকে এখনো চুক্তিতে পৌঁছানোর সুযোগ দেওয়া হচ্ছে। ইসরায়েলের নেতৃত্বে পরিবর্তন নিয়ে করা প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।
ইরানের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করছি।’ তিনি দাবি করেন, ইরানের বিমানবাহিনী, নৌবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলোতে তেহরান আবার কাজ শুরু করতে পারেনি বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা অবশ্যই পিক্যাক্স মাউন্টেনে হামলা চালাব, তবে সেখানে বাস্তব কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি।’ যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে পিক্যাক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে জানান তিনি। তবে নতুন করে হামলা চালানোর কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে শান্তি চায় যুক্তরাষ্ট্র
এর আগে এক মার্কিন বিমানবাহিনীর সদস্য ট্রাম্পের কাছে জানতে চান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক তিনি কীভাবে দেখছেন। জবাবে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা নেই। তবে ইসরায়েল ও ওই অঞ্চলের অন্যান্য দেশকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছে। তিনি বলেন, ‘আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।’
ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে ইসরায়েলসহ ওই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে তা ব্যবহার করবে। তিনি বলেন, ‘এ কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।’
ট্রাম্প আরও বলেন, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় ইরান প্রসঙ্গেও কথা হয়েছে তাঁর। সাংবাদিকদের তিনি বলেন, ‘তাঁরা দুজনই ইরানের সঙ্গে চুক্তি দেখতে চান এবং আমার মনে হয়, এ ক্ষেত্রে তাঁরা আমাকে সাহায্য করছেন।’ ইরানের কাছে রাশিয়া বা চীন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে কি না, তা নিয়ে অবশ্য গুরুত্ব কমিয়ে দেখান ট্রাম্প।
কোস্টগার্ডের এক সদস্য ট্রাম্পের কাছে জানতে চান, তিনি কীভাবে থ্যাংকসগিভিং কাটিয়েছেন। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি একটি ছোট প্রকল্প নিয়ে কাজ করছি। এর নাম ইরান।’ ফোনালাপগুলোতে ছুটির দিনের পছন্দ-অপছন্দ নিয়েও কথা হয়। থ্যাংকসগিভিংয়ের জন্য নিজের জন্মস্থান নিউইয়র্কের বদলে ফ্লোরিডাকে বেছে নেন ট্রাম্প। মিষ্টান্ন হিসেবে ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে কুমড়ার পাই পছন্দ করেন তিনি। আর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বেছে নেন ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে আপেল পাই।