হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে নারী গ্রেপ্তার, নজরে ছিলেন তাইওয়ান প্রেসিডেন্টের ছেলে: এফবিআই

আজকের পত্রিকা ডেস্ক­

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ওই নারীকে। ছবি: সংগৃহীত

তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৩৪ বছর বয়সী ওয়ানইং ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা। তিনি হিদার নামেও পরিচিত।

ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের প্রথম সহকারী মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ওয়ানইং ঝাংয়ের রোববার চীনে যাওয়ার কথা ছিল। এর আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

তাঁর বিরুদ্ধে নিবন্ধিত না হয়ে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

এফবিআইয়ের দাবি, ঝাং তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তের ছেলের ওপর নজরদারি করেছেন। তবে সংস্থাটি প্রথমে সরাসরি প্রেসিডেন্টের ছেলের কথা প্রকাশ করেনি। পরে একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে, যেখানে তাঁকে লাই টিং-ইউ হিসেবে শনাক্ত করা হয়।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, চীনা কর্মকর্তাদের নির্দেশে ২০২৫ সালে ঝাং সিয়াটলে যান। সেখানে তিনি তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলে ও তাঁর পরিবারের ছবি, ভিডিও এবং গাড়ির নম্বরপ্লেট-সংক্রান্ত তথ্য চীনে পাঠান।

বিল এসাইলি আরও বলেন, ঝাং ‘শনাক্ত হওয়া এড়াতে গুপ্তচরবৃত্তির কৌশল ব্যবহার করেছেন। তিনি কখনো অ্যাটর্নি জেনারেলকে জানাননি যে তিনি কোনো বিদেশি সরকারের হয়ে কাজ করছেন। এটি একটি ফেডারেল অপরাধ।’

সোমবার লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালতে ঝাংকে হাজির করা হবে বলে জানিয়েছে এফবিআই।

উইলিয়াম লাই চিং-তে এবং তাঁর দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) বলে আসছে, তাইওয়ান ইতিমধ্যে চীন থেকে আলাদা একটি স্বাধীন দেশ। তবে বেইজিং তাইওয়ানকে চীনের ভূখণ্ড বলে মনে করে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দেশটির প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করার বিষয়ে যুক্তরাষ্ট্র আইনগতভাবে বাধ্য।

এর আগে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে দুটি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমান সরবরাহ করেছে। চীনের সম্ভাব্য হামলা ঠেকাতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে তাইওয়ান।