হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

স্যান্ডউইচ ছুড়ে মারায় ‘গুরুতর হামলার অপরাধে’ গ্রেপ্তার সরকারি আইনজীবী

আজকের পত্রিকা ডেস্ক­

ওয়াশিংটন ডিসিতে ফেডারেল এজেন্টদের উপস্থিতিতে ক্ষুব্ধ আইনজীবি এক এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারেন। ছবি: সংগৃহীত

এক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার্লস ডান নামের বিচার বিভাগের ওই কর্মকর্তাকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে গুরুতর হামলার অভিযোগও আনা হয়েছে বলে জানানো হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের পাশাপাশি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার এই উপস্থিতি ডেমোক্র্যাট-অধ্যুষিত এই শহরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ট্রাম্পের দাবি, মাদকাসক্ত উদ্বাস্তুদের কারণে রাজধানীতে অপরাধ অনেক বেশি। তাই, অপরাধ দমনে এসব ‘মাদকাসক্ত উন্মাদ’দের রাজধানী থেকে সরাতে হবে। আর সে কারণেই ওয়াশিংটনে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। তবে, স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসি-তে সহিংস অপরাধ গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, গত রোববার এই ‘স্যান্ডউইচ হামলা’র ঘটনা ঘটেছে। এক কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রল অফিসার জানান, বিচার বিভাগের ওই কর্মকর্তা ফেডারেল এজেন্টের দিকে একটি ‘সাবমেরিন স্টাইল স্যান্ডউইচ’ ছুড়ে মারেন।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ফেডারেল এজেন্টকে দেখে ‘ফ্যাসিস্ট’ বলে চিৎকার করতে থাকেন শন চার্লস নামের ওই কর্মকর্তা। তারপর চিৎকার করে বলেন, ‘তোমরা এখানে কেন? আমার শহরে আমি তোমাদের চাই না।’ কিছুক্ষণ পর তিনি আবার ফিরে আসেন আর প্লাস্টিক র‍্যাপে মোড়ানো একটি স্যান্ডউইচ ছুড়ে মারেন ওই ফেডারেল এজেন্টের দিকে। এ ঘটনায় ওই এজেন্ট আহত হয়েছেন কি না সে ব্যাপারে কোনো তথ্য জানাননি প্রসিকিউটররা।

উল্লেখ্য, ওই এজেন্ট বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত ছিলেন।

ওই সময় এজেন্টরা শনকে ধাওয়া করলে তিনি দৌড়ে পালান। পরে, গত বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রসিকিউটররা জানান, গ্রেপ্তারের পর কোনো ধরনের দ্বিধা বা অনুতাপ ছাড়াই অকপটে নিজের কৃতকর্ম স্বীকার করে নেন তিনি।

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, ডান বিচার বিভাগের ফৌজদারি শাখার আন্তর্জাতিক বিষয়ক কার্যালয়ে একজন ট্রায়াল অ্যাটর্নি হিসেবে কাজ করছিলেন। ওয়াশিংটন ডিসি-এর মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো এক ভিডিওতে ডানের গ্রেপ্তারের ঘোষণা দিয়ে বলেন, ‘সে ভেবেছিল এটা মজার ব্যাপার। কিন্তু আজ তার কাছে এটা আর মজার নয়, কারণ আমরা তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ এনেছি।’

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার কথা ভাবছেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চান—দাবি ট্রাম্পের

ট্রাম্পের ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে সবকিছুর দাম বাড়ছে: সিনেটর ক্রিস কুন্স

ন্যাটো ‘কাগুজে বাঘ’, ব্রিটেনের বিমানবাহী রণতরিগুলো ঠিকমতো কাজই করে না: ট্রাম্প

ইরান যুদ্ধের সমাপ্তি দেখা যাচ্ছে, ‘ভুয়া’ আলোচনার সুযোগ নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করবেন ট্রাম্প, ইউরোপকে বললেন—‘নিজেদের তেল নিজেরা জোগাড় করো’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: যে কারণে যুদ্ধ জয়ে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ইরানে স্থল অভিযানের পরিকল্পনা আগেভাগে জানাতে চায় না যুক্তরাষ্ট্র

অবশেষে ট্রাম্পের অনুমতি—তেল নিয়ে কিউবা গেল রুশ জাহাজ

চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেব: ট্রাম্প