হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

স্বাস্থ্যকেন্দ্রে রোগীর জিনিসপত্র চুরি ও প্রতারণা: নারীর বিরুদ্ধে ৬৫ মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

অভিযুক্ত নারীর কাছ থেকে উদ্ধার করা জিনিসপত্র। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যকেন্দ্রে চাকরি নিয়ে রোগী ও কর্মীদের জিনিসপত্র ও অর্থ চুরি এবং প্রতারণার অভিযোগে এক নারীর বিরুদ্ধে ৬৫টি মামলা করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণা, চুরি, আদালতের আদেশ অমান্য, বিশ্বাসভঙ্গ ও অন্যের পরিচয় ব্যবহারের মতো অভিযোগ আনা হয়েছে। কানাডার অন্টারিও প্রদেশে এ ঘটনা ঘটেছে।

দেশটির অন্টারিও প্রদেশের প্রভিন্সিয়াল পুলিশ (ওপিপি) জানিয়েছে, অভিযুক্ত নারীর নাম নাসিম এরন। ৩৪ বছর বয়সী এই নারী টরন্টো থেকে ৫৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বার্লিংটন শহরের বাসিন্দা।

বিবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে পুলিশ বলেছে, প্রদেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে চুরি ও প্রতারণার একাধিক অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত নারী ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেছেন।

অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার ৩৪টি অভিযোগ, চুরির ১৩টি অভিযোগ এবং আদালতের আদেশ অমান্যের সাতটি অভিযোগ রয়েছে। এ ছাড়া বিশ্বাসভঙ্গ ও অন্যের পরিচয় ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।

টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত অরিলিয়া সোলজার্স মেমোরিয়াল হাসপাতালে কাজ করার সময় চুরির একটি অভিযোগ পাওয়ার পর গত মে মাসে নাসিম এরনের বিরুদ্ধে তদন্ত শুরু করে ওপিপি। সে সময় পুলিশ জানিয়েছিল, হাসপাতালের রোগী ও কর্মীদের কাছ থেকে চুরি ও প্রতারণার একাধিক অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে।

পরে তদন্তের পরিধি আরও কয়েকটি হাসপাতালে বাড়ানো হয়। সেখানে আরও কিছু ঘটনার তথ্য পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় একাধিক তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয়েছে এবং বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে।

তবে বিভিন্ন হাসপাতালে অভিযুক্ত নারীর নির্দিষ্ট দায়িত্ব কী ছিল, তা এখনো স্পষ্ট নয়।

তদন্তকারীরা মনে করছেন, এ ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারেন। তাই যাঁরা ওই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গিয়েছেন বা কাজ করেছেন, তাঁদের নিজেদের আর্থিক হিসাব পরীক্ষা করে কোনো সন্দেহজনক লেনদেন পাওয়া গেলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্টারিওর পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তদন্ত চালানো হয়েছে। অরিলিয়া সোলজার্স মেমোরিয়াল হাসপাতালে ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ের ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। অরেঞ্জভিলের হেডওয়াটার্স হেলথ কেয়ার সেন্টারে ২০২৬ সালের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের ঘটনা তদন্তের আওতায় রয়েছে।

অন্যদিকে মিসিসগার ট্রিলিয়াম হেলথ পার্টনার্সের মিসিসগা হাসপাতালে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সময়ের ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।

টরন্টোর সেন্ট জোসেফস হেলথ সেন্টারে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের ঘটনাগুলো এবং একই শহরের ওয়েস্ট পার্ক হেলথ কেয়ার সেন্টারে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ের ঘটনাগুলো তদন্ত করছে পুলিশ।