যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরতলিতে ভারতীয় বংশোদ্ভূত এক যাত্রীর নৃশংস মারধরের শিকার সোমালি-মার্কিন উবার চালক মোহাম্মদ ইউসুফ (৫১) মারা গেছেন। মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১৪ নভেম্বর হামলার শিকার হওয়ার পর থেকে হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছিলেন ইউসুফ। সিএআইআর জানায়, গতকাল শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই দিন সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করার পর তাঁকে নিজ গাড়ি দিয়ে চাপা দেওয়া হয় এবং একটি খাদে ফেলে রেখে যাওয়া হয়।
এই ঘটনায় ২৫ বছর বয়সী সামিত অপূর্ব প্যাটেল নামে এক ভারতীয় নাগরিককে চলতি মাসের শুরুতে হত্যাচেষ্টা এবং গাড়ি ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। তবে ইউসুফের মৃত্যুর পর হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, অভিযুক্তের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত হত্যার’ অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, প্যাটেলের আইনজীবী ক্যাথরিন টার্নার এক ইমেইল বার্তায় বলেন, প্যাটেল এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। মামলাটি এখনো চলমান ও প্রক্রিয়াধীন থাকায় তিনি ও তাঁর পরিবার জনসাধারণকে কোনো পূর্বানুমান করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।
আদালতের নথি অনুযায়ী, ঘটনার দিন ইউসুফ যখন যাত্রীকে গাড়িতে তোলেন, তখন তিনি তাঁর ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন (যিনি নিজেও একজন উবার চালক)। কিছুক্ষণ পর ইউসুফের ভাই ফোনে শুনতে পান ওই যাত্রী ‘মোহাম্মদ’ নামটি পছন্দ নয় বলে মন্তব্য করছেন। এর কিছুক্ষণ পরই তিনি ফোনে শুনতে পান, সোমালি ভাষায় চিৎকার করে ইউসুফ বলছেন, বেল্ট দিয়ে তাঁর গলা চেপে ধরা হয়েছে এবং গাড়ি দিয়ে চাপা দেওয়া হচ্ছে।
তবে কাউন্টি অ্যাটর্নি মরিয়ার্টি জানিয়েছেন, এই হামলাটি যে বিদ্বেষপ্রসূত ছিল—তা প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি।
মোহাম্মদ ইউসুফের পাঁচ সন্তানের মধ্যে সবার বড় ছেলে মুস্তফা ওসমান। তিনি জানান, তাঁর বাবা ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং দীর্ঘদিন ধরে চালক হিসেবে কাজ করে আসছিলেন। হামলার পর ইউসুফের পাঁচটি অস্ত্রোপচার করা হয়েছিল এবং তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল বলে জানিয়েছিলেন ওসমান।
মিনেসোটা অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত সোমালি জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশের বসবাস। এদের বড় একটি অংশ মিনিয়াপলিস-সেন্ট পল এলাকায় থাকেন এবং অধিকাংশই মার্কিন নাগরিক। ইউসুফের ওপর এই বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় সোমালি কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।