হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

ইরানের সঙ্গে হয়ে যাওয়া যুদ্ধসংক্রান্ত জরুরি ব্যয় মেটাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে ৮৭ দশমিক ৬ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছে হোয়াইট হাউস। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের সমালোচনা করে কংগ্রেসে একটি প্রস্তাব পাস হওয়ার এক দিনের মধ্যেই এই অনুরোধ জানানো হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের কাছে পাঠানো এক চিঠিতে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট জানায়, প্রস্তাবিত অর্থের বেশির ভাগই ‘অপারেশন এপিক ফিউরি’ বা ইরান অভিযান-সংক্রান্ত জরুরি চাহিদা পূরণে ব্যবহৃত হবে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, মোট অর্থের মধ্যে ৬৭ বিলিয়ন ডলার যাবে প্রতিরক্ষা বিভাগে। এর মধ্যে ২১ বিলিয়ন ডলার গোলাবারুদ সংগ্রহে, ১৭ দশমিক ৩ বিলিয়ন ডলার পরিচালন ব্যয়ে এবং ১২ দশমিক ১ বিলিয়ন ডলার শ্রেণিবদ্ধ কর্মসূচিতে ব্যয়ের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট অর্থের মধ্যে ১১ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের কৃষকদের সহায়তা এবং মধ্য আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া যুদ্ধ শুরুর পর হামলার মুখে পড়া মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে প্রায় ৩০০ মিলিয়ন ডলার চাওয়া হয়েছে। যদিও ওয়াশিংটন ও তেহরান বর্তমানে যুদ্ধবিরতি মেনে চলছে, বাজেট দপ্তরের চিঠিতে বলা হয়েছে, সামরিক হামলার পর পেন্টাগনের অস্ত্র ও সরঞ্জামের মজুত পুনর্গঠন প্রয়োজন হয়ে পড়েছে।

তবে এই অর্থ অনুমোদন পাওয়া সহজ হবে না বলে ধারণা করা হচ্ছে। ইরান যুদ্ধ নিয়ে জনসমর্থন কম এবং নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় কংগ্রেসে বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে।

এদিকে কংগ্রেসের রিপাবলিকানদের মধ্যেই গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে করা শান্তি পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার সিনেটের রিপাবলিকান সদস্যদের সঙ্গে বৈঠকে ট্রাম্প মঙ্গলবারের যুদ্ধক্ষমতা সীমিত করার ভোটের সমালোচনা করেন। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে হওয়া ওই ভোট ছিল মূলত প্রতীকী, তবে এটিই প্রথমবার কংগ্রেস কোনো প্রেসিডেন্টকে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়ে প্রস্তাব পাস করল।

বৈঠকের আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেওয়া চার রিপাবলিকান সিনেটরকে ‘পরাজিত’ বলে উল্লেখ করেন। লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি; যিনি ওই চারজনের একজন, পরে জানান বৈঠকে তাঁর সঙ্গে প্রেসিডেন্টের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। ক্যাসিডি বলেন, ‘এটি চার সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল, কিন্তু চার মাস ধরে চলছে। আমাদের মূল লক্ষ্যগুলো এখনো অর্জিত হয়নি।’

এর আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকেও ট্রাম্প যুদ্ধক্ষমতা সীমিত করার ভোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের চারজন রিপাবলিকান সিনেটর ছিল এবং সব ডেমোক্র্যাট...তারা যুদ্ধ হারতে চায়, কারণ তারা বোকা।’

গত মাসে পেন্টাগনের প্রধান আর্থিক কর্মকর্তা জুলস হার্স্ট কংগ্রেসের এক শুনানিতে জানান, এ পর্যন্ত যুদ্ধের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলার হয়েছে। তবে প্রতিরক্ষা বিশ্লেষক ও আইনপ্রণেতাদের একাংশের মতে, এই হিসাব সংঘাতের প্রকৃত আর্থিক ব্যয়ের পূর্ণ চিত্র তুলে ধরে না।

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

চীনের উহান ল্যাবে তহবিল দেন বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা, সেখান থেকেই ছড়ায় করোনা: মার্কিন গোয়েন্দা তথ্য

ট্রাম্পের কোটি ডলারের সৌন্দর্যবর্ধন প্রকল্প শেষ হতে না হতেই ধরা পড়ল ত্রুটি

‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যায় না’, ইসরায়েলকে জে ডি ভ্যান্স