যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি নিয়মিত প্রশিক্ষণ মহড়া চলাকালে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার মুহূর্তেই বিমানের পাইলট ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্টের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের ১৪৯ তম ফাইটার উইংয়ের অন্তর্ভুক্ত ছিল। বিমানটি মিশিগানের আলপেনাস্থ ন্যাশনাল গার্ড ঘাঁটি থেকে উড্ডয়ন করে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির একটি গ্রামীণ এলাকায় বিমানটি ভেঙে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হলেও পাইলট সফলভাবে বের হতে পেরেছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ অডিও রেকর্ডিং সরবরাহকারী ওয়েবসাইট ‘LiveATC. net’-এর তথ্যানুযায়ী, উড্ডয়নকালে সামরিক পাইলটরা একটি বিপদসংকেত (মে ডে) পাঠান। অডিওতে এক পাইলটকে বলতে শোনা যায়, ‘সম্ভবত বিমানে কোনো পাখির আঘাত লেগেছে।’ এয়ার ট্রাফিক কন্ট্রোলার অন্য বিমানগুলোকে সতর্ক করে জানান, যুদ্ধবিমানটি হয়তো ইঞ্জিন বিকল হয়ে পড়ার পর পাইলট ইজেক্ট করেছেন।
দুর্ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা যায়, ট্রাভার্স সিটির দক্ষিণে একটি গ্রামীণ আবাসিক এলাকার সংলগ্ন মাঠে বিশাল আগুনের গোলা তৈরি হয় এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠে যায়।
প্রত্যক্ষদর্শী শেলি ডর্নবোস জানান, তিনি ও তাঁর স্বামী গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় বিকট বিস্ফোরণের শব্দ ও আগুনের গোলা দেখতে পান। তিনি বলেন, ‘আমরা এক পুলিশ কর্মকর্তার কাছে বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং সেটির সঙ্গে থাকা গোলাবারুদ থেকে এসব বিস্ফোরণ ঘটছে।’
দুর্ঘটনার পর বিমান থেকে সম্ভাব্য ক্ষতিকর রাসায়নিক ছড়ানোর আশঙ্কায় মিশিগান স্টেট পুলিশ দুর্ঘটনাস্থলের চারপাশের এক মাইল ব্যাসার্ধের মধ্যে থাকা সব বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান খালি করার নির্দেশ দেয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই অধিকাংশ বাসিন্দাকে নিজ নিজ ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়।
সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয় এবং এ নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিমানে পাখির আঘাতের ঘটনা অস্বাভাবিক নয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বন্যপ্রাণী সংক্রান্ত ডেটাবেজ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর হাজার হাজার বিমান পাখির ধাক্কার মুখে পড়ে। কেবল মিশিগানের ট্রাভার্স সিটি এলাকাতেই ২০২৫ সালে ৪১টি এ ধরনের বার্ড স্ট্রাইকের তথ্য নথিভুক্ত হয়েছে।