যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কেন্দ্রীয় এলাকায় বন্দুকধারীর হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিবিসি জানায়, ওয়াশিংটন ডিসির ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম অংশে (নর্থওয়েস্ট) একটি ফিটনেস সেন্টারের বাইরে এই গোলাগুলির ঘটনা ঘটে। এর পরপরই পুলিশ ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলতে সাধারণ মানুষকে সতর্ক করে।
পুলিশ জানায়, গোলাগুলির ঘটনায় ১৫০০ ব্লক অব ১৫থ স্ট্রিট এলাকায় একটি ‘ব্যারিকেড পরিস্থিতি’ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের জরুরি সাড়াদানকারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
ওয়াশিংটন ডিসি পুলিশ বিভাগ (এমপিডি) এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ কারণে ওই এলাকার কাছাকাছি না যেতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশের সঙ্গে যোগাযোগ করে পাঁচজনের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা কিংবা তাঁদের মধ্যে কেউ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি।
ঘটনার পর ওয়াশিংটন ডিসির কেন্দ্রীয় এলাকার লোগান সার্কেল এলাকায় পুলিশের বিপুলসংখ্যক গাড়ি ও জরুরি বিভাগের যানবাহন মোতায়েন করা হয়। এসব গাড়ির জরুরি সংকেতবাতি জ্বলতে দেখা গেছে।
ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস থেকে এক মাইলের কম উত্তরে অবস্থিত। ফলে, রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় গোলাগুলির ঘটনায় ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
তবে হামলাকারীর পরিচয়, হামলার উদ্দেশ্য কিংবা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।